বারবার যান্ত্রিক ত্রুটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সম্পর্কে ব্যাখ্যা চায় সংসদীয় কমিটি
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ বারবার যান্ত্রিক ত্রুটির শিকার হওয়ার কারণ সম্পর্কে বিমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের উড়োজাহাজ ও যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি সিস্টেমের দুর্বলতার কারণে সম্ভাব্য রাজস্ব ক্ষতির বিষয়েও পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে এই ব্যাখ্যা চাওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন বৈঠকে অংশ নেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ, অনিয়ম দূরীকরণ এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।
বৈঠকে উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে মোট কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ী রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়। প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণাদিসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা উপস্থাপনের ওপরও গুরুত্বারোপ করা হয়। কমিটির পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলোর বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সংসদের ৬ স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ : জাতীয় সংসদের ছয়টি স্থায়ী কমিটির জন্য জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ করেছে লাইব্রেরি কমিটির ছয় নম্বর সাবকমিটি। এসব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ এবং পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুপারিশ করা হয়েছে। কমিটিগুলো হচ্ছে-অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, স্থানীয় সরকার এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত ছয়টি স্থায়ী কমিটি।
সোমবার জাতীয় সংসদ গ্রন্থাগারে সাবকমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির আহ্বায়ক ডা. মো. মাহাবুবুর রহমান, সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন অংশ নেন। এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তিনজন সংসদ-সদস্য, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব বা পরিচালক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন বহিরাগত বিশেষজ্ঞের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
