রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি
আসামে আসুন ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একই সঙ্গে রাহুলকে উদ্দেশ করে তিনি বলেন, আসামে আসুন, ‘আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব।’ অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুলকে আক্রমণ করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। রোববার হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে হিমন্ত এসব কথা বলেন।
দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাহুল গান্ধীর কড়া বক্তব্যের পর পালটা আক্রমণে নামেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন। রাহুলকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বরং আসামে আসুন। আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব। এখানেই থামেননি হিমন্ত। বাংলাদেশের প্রতি রাহুলের কথিত সহানুভূতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আসামে এলে তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাহুলের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।
কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে হিমন্ত বলেন, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। ভারতে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে। ভোটাররা ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে সরকার বদল করেন। কংগ্রেস শুধু ইলেকট্রনিক ভোটযন্ত্রেই নয়, ব্যালট পেপারেও পরাজিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, রোববার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করে বিরোধী জোট। সেখানে রাহুল বলেন, আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু নন। কিন্তু মনে রাখতে হবে-যে-ই হোন না কেন, সংবিধানের চেয়ে বড় কেউ নন। এরপর বিজেপির পক্ষ থেকে পালটা রাজনৈতিক আক্রমণ শুরু হয়।
