পুলিশের গাড়ি কেনাসহ ১৪ প্রকল্প উঠছে একনেকে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনাসহ ১২ হাজার ৫০০ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ের ১৪টি উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে নতুন ১২টি এবং সংশোধিত দুটি। আজ বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হবে। সেখানে এসব প্রকল্প উপস্থাপন করা হবে।
একনেক উইং সূত্র জানায়, প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১১ হাজার ৮৯৭ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ থেকে ৩১৬ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২৮৭ কোটি ৩৫ লাখ টাকা জোগান দেওয়ার প্রস্তাব রয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে-বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেঝঝঝশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত সংস্কার এবং উন্নয়ন। এছাড়া বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখনন, নির্বাচিত পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়ন-সংক্রান্ত প্রকল্প রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের আওতায় পুলিশের জন্য বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রকল্প রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে দেশের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপনের প্রকল্প উপস্থাপন করা হবে। অনুমোদনের তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খননের প্রকল্পও রয়েছে।
