বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
অর্থনীতিতে ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ
চার কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি * সম্পদের মান কমেছে বেড়েছে মূলধন ঘাটতি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের সার্বিক অর্থনীতির সূচকগুলোতে মিশ্র প্রবণতা বিরাজ করছে। কিছু সূচকে স্বস্তি ও কিছু সূচকে অস্বস্তি রয়েছে। অস্বস্তির সূচকগুলোকে স্বস্তির দিকে নিতে যেসব ব্যবস্থা নিতে হচ্ছে সেগুলোর প্রভাবে ফের কিছু সূচকে অস্বস্তি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ, পর্যাপ্ত তারল্য বজায় রাখা ও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির হার বাড়ানোর প্রক্রিয়া একটি অপরটির সঙ্গে সাংঘর্ষিক। এমন পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধির ধীরগতি এখনো অব্যাহত রয়েছে। মূলত চার কারণে ঋণপ্রবাহে ধীরগতি চলছে। এগুলো হলো-ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ, উদ্যোক্তাদের বিনিয়োগের প্রতি নিরুৎসাহিত মনোভাব, ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রে আস্থার সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। এসব কারণে উদ্যোক্তারা বিনিয়োগে ও ব্যাংকগুলো ঋণ প্রদানে সতর্ক অবস্থান নিয়েছে। ফলে এক দিকে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ব্যাংকগুলোর ঋণ প্রদানের ক্ষেত্রেও ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার থেকে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রণোদনার আওতায় কম সুদে ঋণের জোগান বাড়ানো, রপ্তানিতে নীতিসহায়তা বৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সেবা খাতের সরবরাহ নিশ্চিত করা। যে কারণে সেবা খাতের পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক বিভিন্ন সূচকগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে কেন্দ্রীয় ব্যাংক এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে বাজারে টাকার প্রবাহ কমাতে হয়। এটি কমালে ঋণের জোগানে লাগাম টানতে হয়। তখন কর্মসংস্থান ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আবার কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে হলে টাকার জোগান বৃদ্ধি করতে হবে। তখন ফের মূল্যস্ফীতিতে চাপ পড়ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংককে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিতে হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফিরেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বৈদেশিক অর্থায়ন শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। সব মিলে অর্থনীতির বৈদেশিক খাতে এখনো স্বস্তি বজায় রয়েছে। তবে অভ্যন্তরীণ খাতে কৃষির উৎপাদন কমেছে। কৃষি খাতের দুর্বলতা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে সীমিত করে রেখেছে। কৃষি খাতের প্রবৃদ্ধির হার ২০২৪-২৫ অর্থবছরে ছিল ২ দশমিক ৪২ শতাংশ। গত অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধির হার কমে ২ দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে।
এতে আরও বলা হয়, ব্যাংক খাতে কাঠামোগত সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। তা সত্ত্বেও এ খাতের দুর্বলতাগুলো রয়ে গেছে। কিছু ক্ষেত্রে এসব দুর্বলতা আরও প্রকট হয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি রয়েছে ১৫টি ব্যাংকের কাছে। সার্বিকভাবে সম্পদের মান আরও কমেছে। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন রাখার হারও নিুমুখী। তবে আমানত ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংক খাতে তারল্য প্রবাহ বেড়েছে। যা ব্যাংক খাতকে ঋণের জোগান বাড়ানোর জন্য সক্ষম করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। এই চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকার প্রবাহ কমানোর নীতি গ্রহণ করেছে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সহজ শর্তে অর্থায়ন, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানামুখী পদক্ষেপ নিয়েছে। বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে এবং সমন্বিত নীতি পদক্ষেপের ফলে মূল্যস্ফীতির হার আগামীতে কমে আসবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী।
প্রতিবেদনে বলা হয়, রপ্তানির তুলনায় আমদানি বেশি মাত্রায় বেড়েছে। এতে বাণিজ্য ঘাটতি বেড়ে যাচ্ছে। তবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বাণিজ্য ঘাটতির নেতিবাচক প্রভাব মোকাবিলা করা সহজ হচ্ছে।
