ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই: জুবায়ের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফ্যাসিবাদ, নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ। মঙ্গলবার বিকালে মিরপুর-১-এর সনি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বর প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এ সময় নাসির উদ্দীন, ডা. মঈন উদ্দিন, হাসানুল বান্না চপল ও নাসির উদ্দিন খান সজলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত ছিল। এ সময়ে হাজারও মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ধ্বংস করা হয়েছিল নির্বাচনব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় ব্যবস্থা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এ দেশে ফ্যাসিবাদ ফিরে আসার আর কোনো সুযোগ নেই।
জুবায়ের বলেন, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে পতিত আওয়ামী লীগ নেতারা ধারাবাহিকভাবে উসকানি ও হুমকি দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে সংসদ-সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, যানবাহনে পেট্রোলবোমা নিক্ষেপ, হত্যা ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে আবারও ফ্যাসিবাদী শাসনের চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার। জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
বর্তমান সরকারের সমালোচনা করে জুবায়ের বলেন, মুখে সংস্কারের কথা বললেও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকদের বসানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয়করণের অভিযোগ রয়েছে। যে বৈষম্যের বিরুদ্ধে জুলাই আন্দোলন হয়েছিল, এখন সেই বৈষম্যই দেখা যাচ্ছে।
জুবায়ের আরও বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালেও শুধু বক্তব্যে ঐক্যের কথা বললে হবে না। সংস্কার বাস্তবায়ন করতে হবে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৩৩টি দলের আলোচনায় তৈরি সংস্কার প্রস্তাবের আলোকে দেশ গড়ে তুলতে হবে।
