ব্যাংকিং খাতে সমন্বিত সংস্কার ৪ বছরে
জনসাধারণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংক সমন্বিত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এর আওতায় আইনের সংস্কার, ব্যাংক তদারকিতে আরও জবাবহিদিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এসব কার্যক্রম আগামী চার বছরের মধ্যে সম্পন্ন হবে। ফলে সার্বিকভাবে ব্যাংক খাত গতিশীল ও উন্নত হবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকিং খাত সম্পর্কে সম্প্রতি বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে আশ্বস্ত করতে এসব পদক্ষেপের কথা জানিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে কোনো ধরনের গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংক সুপরিকল্পিত ও সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে দূর করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা নিরূপণ ও সম্পদের গুণগত মান যাচাই করতে ইতোমধ্যে ফরেন অডিট করা শুরু হয়েছে। প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদ মান পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় সমাপ্তির পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র সামনে এসেছে। যে কারণে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। এর প্রভাবে অন্যান্য আর্থিক সূচকের অবনতি হচ্ছে। এগুলো সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয়; বরং দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতার বাস্তব চিত্র। প্রকৃত অবস্থা নিরূপণকে ব্যাংকিং খাতের দুর্বলতা দূরীকরণ এবং টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসাবে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে বাংলাদেশ ব্যাংক আশাবাদী।
