সিজিএস’র আলোচনা সভায় বক্তারা
সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিস্টদের দোসররা আছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল। সমাজে তাদের কিছু নীতি প্রতিষ্ঠা পেয়ে গেছে। প্রতিটি জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়েছে। তাই এক রাতে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে একটি আদর্শ রাষ্ট্রের যাত্রা শুরু করতে হলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক বিভক্তি দূর করতে হবে। রাজধানীর নিউ ইস্কাটন রোডে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের (সিজিএস) উদ্যোগে শনিবার আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : তাঁদের স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এ সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে আমরা কি চিন্তাচেতনায় যথেষ্ট মুক্ত স্বাধীন? এই জায়গাটা বড় চিন্তার। সংস্কার করা নিয়মে ও কাগজে সম্ভব। এখনো যে আইনকানুন বাংলাদেশে আছে, সেগুলো যদি জনস্বার্থে মানা হতো, প্রয়োগ হতো, তাহলে এই অসহায়ত্বের মধ্যে পড়তে হতো না।
তিনি বলেন, কোনো সরকার একা একা ফ্যাসিস্ট হয় না। তারা (সরকার) বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, গণমাধ্যম ও বুদ্ধিজীবীদেরও সঙ্গে নেয়। অনেক দিন দলীয় শাসন, অপশাসন ও ফ্যাসিজমের মধ্যে থেকে কিছু বিষয় সমাজের নীতি হিসাবে প্রতিষ্ঠা পেয়ে গেছে। সেখান থেকে বের হয়ে আসতে হবে। একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে হবে।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে আমরা বিরাট পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করেছি। এই প্রচেষ্টায় অনেকে অনেকভাবে ভূমিকা রেখেছেন। অনেক সাহসী মানুষ ছিলেন, যারা জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করেছেন। সবার প্রচেষ্টায় এই সুফল পেয়েছি। এই সুফল যেন আমাদের ঘরে ওঠে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে রয়েছে, তাদেরও দায়িত্ব পালন করতে হবে। সরকার নামানো এবং সরকার চালানো এক জিনিস নয় উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, এ সরকার প্রথম যে ভুল করেছে, সেটা হচ্ছে আন্দোলনটা বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসাবে নিয়েছেন। এটা রাইট নয়, কারণ এটা ১৫ থেকে ১৭ বছরে ধরে প্রতিটি মানুষের ক্ষোভ থেকে হয়েছে। কারণ দেশের সবাই ওই সরকার দ্বারা আক্রান্ত হয়েছিল। মানুষ বেশি দামে ডিম খেয়েছে, মাছের চেহারা দেখতে পারে নাই, অনেকে চাকরি হারিয়েছে, অনেকের টাকা পাচার হয়েছে, অনেকে গুম হয়েছে ও সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। এসব ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আন্দোলন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের একদফা আন্দোলনে পরিণত হয়েছে। এর পেছনে ১৬ বছরের আন্দোলন সংগ্রাম কাজ করেছে। তিনি বলেন, আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। যেখানে সবগুলো পক্ষই এই গণতান্ত্রিক পথের মধ্যে থাকবে। নাহলে আমরা ঝুঁকির মধ্যে পড়বো। কারণ এখনও ফ্যাসিস্টদের দোসররা ও তাদের দেশি-বিদেশি সমর্থকরা সক্রিয় রয়েছে। এ কারণে গণতান্ত্রিক জায়গা খুব বেশি দরকার। আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বধীন সরকারের বিভিন্ন এজেন্ট দ্বারা নির্যাতনের চিত্র তুলে ধরেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক।
