Logo
Logo
×

Advertisement

খেলা

ফারহানকে নিয়ে গুঞ্জন এবং ডুলির কথা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফারহান আলী ওয়াহিদকে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে না নামানোয় প্রশ্ন উঠেছে, তবে কি কোচ টমাস ডুলির সঙ্গে তরুণ ফরোয়ার্ডের বিরোধ তৈরি হয়েছে? গুঞ্জনের সঙ্গে জুড়ে গেছে ফারহানের বাবার নাম। বিতর্ক থামালেন খোদ বাংলাদেশ দলের প্রধান কোচ। ডুলির দাবি, সবই গুজব। কোনো সত্যতা নেই।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ফারহান আলীর সঙ্গে কোনো বিরোধ নেই তার। ফারহানের বাবার সঙ্গেও কথা কাটাকাটি বা তর্কবিতর্ক হয়নি। তার ভাষায়, ‘ফারহান ও আমার মধ্যে কোনো বিরোধ নেই। অন্তত আমার পক্ষ থেকে তো নয়ই। তার বাবার সঙ্গেও আমার কোনো সমস্যা নেই। যেসব গল্প ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।’

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী ফারহানের। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন ডুলি। সিঙ্গাপুর ম্যাচে তাকে আর মাঠে দেখা যায়নি। শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা। গুঞ্জন ছড়ায়, অসন্তুষ্ট ফারহান টিম হোটেল ছেড়ে চলে যেতে পারেন। কোচের মতে, এর পেছনে থাকতে পারে একাধিক কারণ। ‘একজন কোচ যখন কোনো খেলোয়াড়কে বেঞ্চে রাখেন বা বদলি করেন, তার কারণ থাকে। হয়তো টানা খেলায় ওই খেলোয়াড়ের বিশ্রামের প্রয়োজন ছিল। হয়তো তার কোনো ইনজুরি আছে। হয়তো সিদ্ধান্তটি কৌশলগত কিংবা হয়তো তা তার পারফরম্যান্সের কারণে। এর পেছনে অনেক ধরনের কারণই থাকতে পারে,’ বলেছেন ডুলি।

ফারহানকে মালয়েশিয়া ম্যাচের বিরতিতে তুলে নেওয়ার কারণও স্পষ্ট করলেন ডুলি। তার কথায়, ‘দল ও ফেডারেশনের ভেতরে আমি সব সময় নিজের সিদ্ধান্তের ব্যাপারে খোলামেলা। আমি একটা খোলা বইয়ের মতো। আমার গোপন করার মতো কিছু নেই। কেন ফারহানকে হাফটাইমে তুলে নেওয়া হয়েছিল তার একটাই কারণ, আর তা হলো পারফরম্যান্স।’

বাংলাদেশে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ানো নিয়েও নিজের বিরক্তি লুকাননি ডুলি। তার অভিযোগ, ‘অনেক সময় তথ্য যাচাই না করেই তা ছড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশে আসার পর থেকে মনে হচ্ছে প্রায় প্রতিদিনই নতুন নতুন গুজব রটছে। মানুষ যখন কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট হয়, তখনই সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট করে দেয়। বেশিরভাগ সময়ই সেসবের কোনো সত্যতা থাকে না।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাটছে দিন খেলাবিহীন, বৃষ্টি থামে না

কাটছে দিন খেলাবিহীন, বৃষ্টি থামে না

অস্ট্রেলিয়া সফর ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের চার

ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের চার

ফারহানকে নিয়ে গুঞ্জন এবং ডুলির কথা

ফারহানকে নিয়ে গুঞ্জন এবং ডুলির কথা

নিয়মরক্ষার ম্যাচের আগে বাংলাদেশ

নিয়মরক্ষার ম্যাচের আগে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম