অস্ট্রেলিয়া সফর
ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের চার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চারদিন আগে ৯৫ মিনিটের গোলে সম্প্রম রক্ষা হয়েছিল ব্রাজিলের। মঙ্গলবার ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে প্রথম টাচে ভ্যানদারসনের শট রূপান্তরিত হলো গোলে। ম্যাচের আয়ু তখন মাত্র তিন মিনিট। এরপর কুইন্সল্যান্ডের প্রাণবন্ত রাজধানী ব্রিসবেন দেখল ছয় গোলের উন্মাতাল রাত্রি। যে রাতে ব্রাজিল দ্বিতীয় প্রীতি ম্যাচে যেন অস্ট্রেলিয়াকে ফিসফিস করে বলল, দ্যাখো, আমরা সেলেসাও। পার্থক্যটা এবার বোঝো। মোনাকোর ডিফেন্ডার ভ্যানদারসনের গোলের পর ২০১৩ সালের স্মৃতি হয়তো অনেকের মনে পড়েছিল, যখন ব্রাসিলিয়ায় ম্যাচের সাত মিনিটে গোল করেছিলেন জো এবং সেই ম্যাচে ব্রাজিল জিতেছিল ৬-০ গোলে।
এই ম্যাচেও ছয় গোল হয়েছে। ব্রাজিলের চারটি, দুটি অস্ট্রেলিয়ার। ম্যাচের শুরুতেই লিড নেওয়ার প্রশান্তি ব্রাজিলের উবে যায় ২৮ মিনিটে। আলেসান্দ্রো সিরকাতি স্কোরলাইন ১-১ করেন। মিনিটপাঁচেক পর কনর মেটক্যালফে ২-১ গোলে এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করা ব্রাজিলের জন্য প্রীতিকর ছিল না প্রীতি ম্যাচে। এরপর একে একে পেনালটিতে রাফিনিয়া (৪৫ মিনিটে), ব্রুনো গুইমারায়েস (৭০) ও ভিনিসিয়ুস জুনিয়রের (৮০) গোলে অস্ট্রেলিয়া সফর শেষ করে ব্রাজিল।
এরপর সেলেসাওদের বিমান নামবে কলকাতায়, বৃহস্পতিবার সন্ধ্যায়। শনিবার সল্ট লেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ভারত। কিঞ্চিৎ দুশ্চিন্তাও সঙ্গে নিয়ে আসছে ব্রাজিল। বার্সেলোনা তারকা রাফিনিয়া চোট পেয়ে মাঠ ছেড়েছেন। ব্রাজিল গতকালের ম্যাচে ১৫টি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল আটটি। অস্ট্রেলিয়ার সাতটি শটের মধ্যে লক্ষ্যে ছিল দুটি। সেই দুটিই গোল হয়।
জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করার পর ব্রাজিল কোচ আনচেলত্তির কণ্ঠে উচ্ছ্বাসের চেয়ে স্বস্তিই ছিল বেশি। বলেন, ‘অস্ট্রেলিয়া সত্যিই ভালো দল। কঠিন একটি ম্যাচ জিতলাম আমরা। এমন পরীক্ষা বেড়ে উঠতে সাহায্য করবে ছেলেদের।’
