Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির বিদায়ি বক্তব্য

‘সারা জীবন আর্জেন্টিনার হয়েই খেলতে চাইতাম’

Advertisement

Icon

ইশতিয়াক সজীব

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে থাকার সৌভাগ্য সবার হয় না। লিওনেল মেসি সেটা করে দেখিয়েছেন। তবু জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর আর্জেন্টিনার জার্সিতে সারা জীবন খেলে যেতে না পারার আক্ষেপ ঝরল কিংবদন্তির কণ্ঠে। মেসির বিদায়ি কথামালা এখানে-

আজকের দিনে কিছু বলা সত্যিই কঠিন। অনেক আবেগ, স্মৃতি ভিড় করছে। সবার আগে বাবার কথা মনে পড়ছে। বিদায়ি চিঠিতে যেভাবে বলেছিলাম, আমি শুধু আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ২০ বছরেরও বেশি সময় ধরে এই জার্সির প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় গৌরব ও সম্মানের। কঠিন সময়েও আমি কখনো লড়াই করা থামাইনি, নিজের সর্বোচ্চটা দেওয়া বন্ধ করিনি। দলের পাশে থেকেছি। দূরে সরে যাইনি। এই আকাশি নীল-সাদা আঙিনায় আর ফিরে না আসার বেদনা বিপুল হতাশার। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলাটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপার। যদি আমার হাতে থাকত, তাহলে সারা জীবন এখানে খেলে যেতে চাইতাম। তবে আমার মনে হচ্ছে, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।

গত বিশ্বকাপ আমার জন্য অনেক বেশি মানসিক ও শারীরিক চাপের ছিল। আমরা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম। খুব কাছেও পৌঁছে গিয়েছিলাম। শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু ঘটেনি। তবে আমরা আমাদের সবটুকু দিয়েছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমাদের নিঃশেষ করে দিয়েছিল। আমরা কোনো মতে লড়াইটা টেনে নিয়ে গিয়েছিলাম। ফাইনালেও আমরা সবটুকু দিয়ে লড়েছি। এই জার্সির জন্য, আমার সঙ্গে যে সতীর্থরা এতটা পথ হেঁটেছে, তাদের জন্য। একটা বিষয় নিয়ে মনে কোনো সন্দেহ রাখবেন না।

আমার সব সতীর্থ এই জার্সির জন্য নিজের সবটুকু দিয়েছে সব সময়। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। ওরাই আমাকে আমার শৈশবের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ফিনালিসিমা চ্যাম্পিয়ন-ওরা আমাকে সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বানিয়েছে। মাঠ ও মাঠের বাইরে তাদের সঙ্গে মুহূর্তগুলো ভাগ করে নেওয়া আমার জীবনের বড় প্রাপ্তি। আমি যে কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুত থাকতাম। জানতাম, আমার পাশে এমন যোদ্ধারা আছে, যারা জীবন বাজি রেখে লড়বে।

এখানে খেলাটা আমি ভীষণ মিস করব। পুরো দেশ ঘুরে খেলার সৌভাগ্য হয়েছে আমার। প্রতিটি জায়গায় অবিশ্বাস্য ভালোবাসায় সিক্ত হয়েছি। সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। যে কোনো ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ রাখার জন্য আমি ধন্য। যেখানেই গিয়েছি, মানুষ আমাদের আপন করে নিয়েছে। আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি এ মাঠেই এসেছিল। ২০২২ বিশ্বকাপ জেতার পর যখন আমরা আবার খেলতে নেমেছিলাম। সেদিনের অনুভূতি আমি কখনো ভুলব না। সেই স্মৃতিগুলোর ভিডিও দেখে এখনো আবেগে ভেসে যাই। সেই দিনটি আমার, আমার পরিবারের ও সমর্থকদের ইতিহাসে চিরকাল অমলিন থাকবে। আজ, আবার এই মাঠে ফিরে সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিনটি অনুভব করছি। কারণ, জাতীয় দলকে বিদায় বলছি। তবে এখন থেকে আমি গ্যালারিতে বসে এই ছেলেদের জন্য গলা ফাটাব।

বারবার প্রমাণ হয়েছে, যখন আমরা এক হই, তখন আমরা যে কোনো দলের চেয়ে শক্তিশালী। যে দলে শক্ত বন্ধন নেই, তাদের পক্ষে বড় কিছু অর্জন করা খুব কঠিন। আমরা ছিলাম অসাধারণ এক দল। আমি আর্জেন্টাইন, এটাই আমার গর্ব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেসির বিদায়ি বক্তব্য ‘সারা জীবন আর্জেন্টিনার হয়েই খেলতে চাইতাম’

‘সারা জীবন আর্জেন্টিনার হয়েই খেলতে চাইতাম’

কিংবদন্তির কখনো বিদায় হয় না

কিংবদন্তির কখনো বিদায় হয় না

‘মেসিকে ছাড়া অসমাপ্ত ফুটবল’

‘মেসিকে ছাড়া অসমাপ্ত ফুটবল’

একটি যুগের অবসান

একটি যুগের অবসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম