রেনশ’র টেস্টে প্রথম হার বাভুমার
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ম্যাট রেনশের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ম্যাচসেরা হলেন অসি ব্যাটার। ডারবানে রেনশের টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৪২১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় মঙ্গলবার শেষদিনে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২০৬ রানে। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসাবে এই প্রথম হারলেন টেম্বা বাভুমা। তার নেতৃত্বে আগের ১২ টেস্টের ১১টি জিতেছিল প্রোটিয়ারা। অপরটি ড্র হয়।
২০১৬ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়া দলে আসা-যাওয়ার মধ্যে থাকা রেনশ যেন পুনর্জন্ম হলো ডারবান টেস্টে। প্রথম ইনিংসে ১৯০ রানের ক্যারিয়ারসেরা ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮২ রান। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন দুই উইকেট। টেস্টে এর আগে কোনো উইকেট ছিল না রেনশের। আগুনে বোলিংয়ে ৪৯ রানে ছয় উইকেট নিয়ে শেষের নায়ক অবশ্য পেসার জশ হ্যাজলউড। চার উইকেটে ১০২ রান নিয়ে শেষদিন শুরু করা দক্ষিণ আফ্রিকাকে একাই গুঁড়িয়ে দেন হ্যাজলউড। ওপেনার এইডেন মার্করামের ৭৫ রানের লড়াকু ইনিংসও বাঁচাতে পারেনি স্বাগতিকদের। তাকে যা একটু সঙ্গ দেন উইয়ান মুল্ডার (২৯) ও মার্কো ইয়ানসেন (৩৫)। গাবেরহামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৮ অক্টোবর।
