আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর?
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারের জন্য ৩০ জন মনোনয়ন পেলেও ব্যালন ডি’অরের মূল দাবিদার এবার তিনজন। বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল, বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ও রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আলোচনায় আছেন লিওনেল মেসি, রদ্রি, উসমান দেম্বেলে, কাভারেস্কেইয়া ও মাইকেল ওলিসে। ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, সেটি জানা যাবে আজ। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে মূল ব্যালন ডি’অর অনুষ্ঠান। এই প্রথম ফ্রান্সের বাইরে হচ্ছে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। ১৯৫৬ সালে ব্যালন ডি’অরের প্রথম আসরে বিজয়ী হয়েছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। সে উপলক্ষ্যেই ব্যালন ডি’অরের ৭০তম আসরের আয়োজক শহর হিসাবে বেছে নেওয়া হয়েছে লন্ডনকে।
এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি ফুটবল গ্রেট থিয়েরি অঁরি ও ক্রীড়া উপস্থাপিকা কেট স্কট। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মরক্কান বংশোদ্ভূত মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানা ও ব্রিটিশ গায়িকা জর্জা স্মিথ। সেরা পুরুষ ও নারী ফুটবলারের পাশাপাশি সেরা কোচ, গোলকিপার, ফরোয়ার্ড, উদীয়মান খেলোয়াড় ও ক্লাবকে দেওয়া হবে পুরস্কার। ছেলেদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের ও মেয়েদের ব্যালন ডি’অরের জন্য শীর্ষ ৫০ দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক ভোট দিয়েছেন। ভোটাররা ৩০ জনের সংক্ষিপ্ত তারিকা থেকে ক্রমানুসারে তাদের শীর্ষ ১০ খেলোয়াড়কে বেছে নেন। প্রথম পছন্দের ভোটের পয়েন্ট ১৫, দ্বিতীয় পছন্দের ১২ ও তৃতীয় পছন্দের ১০। এভাবে সবার ভোটে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড় হন বিজয়ী।
এবার সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর নিজেকে ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য দাবিদার ঘোষণা করেন এমবাপ্পে ও ইয়ামাল। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা ও স্পেনের ২০২৬ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল ১৯ বছর বয়সি ইয়ামালের। অন্যদিকে গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারলেও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেন এমবাপ্পে। কিন্তু গত দুদিনে বাজির দরে এই দুজনকে ছাপিয়ে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় এগিয়ে গেছেন গত মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৬৫ ম্যাচে সর্বোচ্চ ৭৩ গোল করা কেইন। বাজিকরদের অনুমান সঠিক হলে মাইকেল ওয়েনের (২০০১) পর প্রথম ইংলিশ ফুটবলার হিসাবে বর্ষসেরার স্বীকৃতি পাবেন এই বায়ার্ন তারকা। অন্যদিকে ইয়ামালের সামনে সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের হাতছানি।
