হাসানের হিরণ্ময় রেকর্ডের পর সেই ঘুণেধরা ব্যাটিং
সিলেট টেস্টের দ্বিতীয়দিন শেষে বাংলাদেশ ৮৮/৩ ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট টেস্টের দ্বিতীয়দিনের খেলার প্রধান শিরোনাম হাসান মাহমুদ। সকালে বল হাতে আগুন ঝরাতে শুরু করেন এই পেশার। নতুন বল হাতে তাসকিন আহমেদের সঙ্গে তার তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন হাসান। পরের বলে জশুয়া বিশপকে লেগ বিফোরের ফাঁদে ফেলতেই উল্লাস। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেলেন ক্যারিবীয় ব্যাটার। হ্যাটট্রিক না হলেও পরে বিশপকে স্টাম্পিং করিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার। পাঁচবার পাঁচ উইকেট এসেছে পাঁচটি ভিন্ন দেশে। তবু দিনটা বাংলাদেশের হলো না। হাসানের ব্যক্তিগত সাফল্যের আলোয় ঢাকা পড়েছে স্বাগতিকদের ব্যাটিংয়ের অন্ধকার।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ৩৫৬ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয়দিন শেষে তিন উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিকরা। পিছিয়ে ২৬৮ রানে। মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েছেন। সকালে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে গুরুতর চোট পান ওপেনার সাদমান ইসলাম। মাঠে কিছুক্ষণ পড়ে থাকার পর স্ট্রেচারে তাকে বাইরে নেওয়া হয়। পরে হাসপাতালে এমআরআই করাতে হয়েছে। চোটের ধরন বিবেচনায় এই টেস্টে তার খেলার সম্ভাবনা প্রায় শেষ। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় দুবার খেলা থামাতে হয়েছে মাঠে ঘুড়ি এসে পড়ায়। হাসানের ব্যক্তিগত অর্জন ছাড়া বাংলাদেশের জন্য স্বস্তির কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ৩৫৬ রানে শেষ হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা।
প্রথমবারের মতো টেস্টে ওপেন করতে নেমে ছয় বল খেলেই জেডেন সিলসের বলে ক্যাচ দেন নাঈম হাসান। অন্য প্রান্তে টানা চার ওভার মেডেন খেলার পর জাস্টিন গ্রিভসের বলে কেভিন উইকহ্যামের ক্যাচে পরিণত হন তানজিদ হাসান। চা-বিরতির পর শামার জোসেফের বলে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৮)। দিনের শেষ ভাগে মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়েছেন। এর আগে জাঙ্গুকে (১৩৩) ফিরিয়ে সকালে শুরু করেন হাসান। পরের বলে রোস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন।
এরপর বিশপকে লেগ বিফোরের ফাঁদে ফেললেও রিভিউয়ে বেঁচে যান তিনি। পরে বিশপকে স্টাম্পিং করান হাসান। আরও এক উইকেট নিয়ে ৯০ রানে ছয় উইকেট পূর্ণ করেন এই পেসার। টেস্টে পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে শাহাদাত হোসেনকে ছাড়িয়ে গেছেন হাসান। শাহাদাতের এই কীর্তি গড়তে লেগেছিল ৩৮ টেস্ট, হাসানের মাত্র ১৯টি। তার পাঁচটি পাঁচ উইকেট এসেছে পাঁচ দেশে-পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ। শেষদিকে জেডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান ৩৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬তে নিয়ে যান।

