|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরির মালিক হলেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে রোববার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন মোসাদ্দেক। সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বোলারদের তুলাধুনা করে ২২ চার ও ১০টি ছক্কায় ২১৫ বলে তিনি খেলেছেন ২২০ রানের ইনিংস। জাতীয় দল থেকে বাদ পড়েই সেঞ্চুরি করেছেন সিলেটের অমিত হাসান। বরিশালের বিপক্ষে তার আগে পাঁচ উইকেট নেন সিলেটের আবু জায়েদ রাহি। কাল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন ঢাকার আশিকুর রহমান শিবলু।
শনিবার আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আবার সেঞ্চুরির দেখা পান মোসাদ্দেক। দিন শেষে তিনি অপরাজিত থাকেন ১৩৭ রানে। কাল দ্বিতীয়দিনে মাত্র ৫৪ বলে ৬৬ রান করে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিনটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে আট ক্রিকেটারের। তার ডাবলে ময়মনসিংহ নয় উইকেটে ৪৪০ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে তিন উইকেটে ১৭৮ করেছে রাজশাহী। শিরোপা জয়ের পথে থাকা খুলনা সাত উইকেটে ২৭৬ রান করেছে। ৯৪ রানে অপরাজিত নুরুল হাসান সোহান। এর আগে রংপুর ৩৩৮ রানে অলআউট হয়। খুলনায় আবু জায়েদের পাঁচ উইকেটে বরিশাল ২২৮ রানে অলআউট হয়। জবাবে অমিত হাসানের ১৩তম সেঞ্চুরিতে চার উইকেটে ২৩৯ রান করেছে সিলেট। রাজশাহীতে চট্টগ্রাম ২৮৮ রান করে। জবাবে ঢাকা সাত উইকেটে ২৮২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে।
