ব্যর্থ বাংলাদেশ, স্বপ্ন দেখিয়ে আবারও ভঙ্গ
মোজাম্মেল হক চঞ্চল
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বপ্ন ছিল ২১ বছরের অপেক্ষা ঘোচানোর। নিজেদের মাঠ, গ্যালারিভরা দর্শক, হামজা চৌধুরীকে ঘিরে নতুন উন্মাদনা, একঝাঁক প্রবাসী ফুটবলার আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বড় বড় প্রত্যাশা। সবই ছিল। ছিল না শুধু কাঙ্ক্ষিত ফল। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে আরও একবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ফাইনালে ওঠা হলো না হামজা-জামালদের। মাঠে ব্যর্থ ফুটবলাররা, ডাগআউটে ব্যর্থ কোচ টমাস ডুলি। পুরো আয়োজন ও পরিকল্পনার দায় এড়ানোর সুযোগ নেই বাফুফেরও। সব মিলিয়ে ব্যর্থ বাংলাদেশ, ব্যর্থ বাফুফে।
বাংলাদেশের ফুটবলে গত কয়েক মাস ধরে যে স্বপ্নের ফেরিওয়ালারা ঘুরে বেড়িয়েছেন, তাদের কাছে এখন একটাই প্রশ্ন? এত আয়োজন, এত প্রচার, এত প্রত্যাশার শেষটা এমন কেন? প্রবাসী ফুটবলারদের এনে জাতীয় দলকে নতুন চেহারা দেওয়া হয়েছে। হামজা চৌধুরীর মতো ইংলিশ লিগে খেলা ফুটবলারকে ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। কিন্তু মাঠের ফুটবলে সেই প্রত্যাশার প্রতিফলন কোথায়? পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে প্রথম একাদশেই আট প্রবাসী ফুটবলারকে নামিয়েছিলেন ডুলি। বাংলাদেশের ফুটবলে যা নতুন ইতিহাস। অথচ ইতিহাস গড়ার এই আয়োজন শেষ পর্যন্ত ব্যর্থতার গল্প হয়ে রইল। তারকা ফুটবলারদের একসঙ্গে নামালেই যে শক্তিশালী দল তৈরি হয় না, পাকিস্তান ম্যাচে সেটাই প্রমাণিত। ব্যক্তিগত দক্ষতা থাকলেও দলীয় সমন্বয়, আক্রমণের পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ঘাটতি চোখে পড়েছে। প্রশ্ন উঠছে কোচের কৌশল নিয়েও। এত প্রবাসী ফুটবলারকে নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি হয়েছিল কি? তাদের সামর্থ্য অনুযায়ী খেলার পরিকল্পনা সাজানো হয়েছিল? নাকি নামের ভারেই প্রতিপক্ষকে হারানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ? মাঠের ব্যর্থতার পর এসব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব কোচিং স্টাফের। শুধু ডুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দায় সারতে পারে না বাফুফে। জাতীয় দল গঠন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রস্তুতি ম্যাচ, কোচ নির্বাচন থেকে শুরু করে প্রতিযোগিতার সামগ্রিক প্রস্তুতির দায়িত্ব ফেডারেশনের। বছরের পর বছর সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখানো হয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের মতো কার্যকর পরিকল্পনা কতটা নেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন। সবচেয়ে বড় হতাশা, ঘরের মাঠেও সুযোগ কাজে লাগাতে না পারা। গ্যালারির হাজার হাজার দর্শক বিশ্বাস করেছিলেন, এবার অন্তত ফাইনালে উঠবে বাংলাদেশ। ২০০৫ সালের পর আবারও সাফের ফাইনালে খেলার অপেক্ষা শেষ হবে। সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।
ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়েও ফাইনালে উঠেছে। এই তথ্যই দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের অবস্থান বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারত যেখানে বিকল্প ফুটবলারদের দিয়েও ফল বের করে আনছে, বাংলাদেশ সেখানে প্রবাসীনির্ভর শক্তিশালী দল সাজিয়েও ফাইনালের দরজা খুলতে পারছে না। পার্থক্যটা শুধু ফুটবলারদের দক্ষতায় নয়, ফুটবল কাঠামো, পরিকল্পনা ও ধারাবাহিকতার মধ্যেও। বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে সহজ কাজ ব্যর্থতার পর নতুন আশ্বাস দেওয়া। নতুন করে ফুটবলার তৈরি, পরিকল্পনা আর স্বপ্নের গল্প শোনানো। সমর্থকরা আর কত দিন শুধু আশ্বাস শুনবেন? হামজা চৌধুরীদের আগমনে ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা নতুন করে জেগে উঠেছিল, সেই আবেগ ধরে রাখার দায়িত্বও ছিল বাফুফের। পাকিস্তানের কাছে হার বাংলাদেশের ফুটবল ব্যবস্থাপনার জন্যও বড় সতর্কবার্তা। বাংলাদেশের ফুটবলে এখন তারকার অভাব নেই, অভাব পরিকল্পনার সফল বাস্তবায়নের। স্বপ্ন দেখানোর মানুষেরও অভাব নেই, অভাব সেই স্বপ্নকে সত্যি করার সামর্থ্যরে। পাকিস্তানের কাছে হেরে শুধু ফাইনালই হাতছাড়া হয়নি, প্রশ্নের মুখে পড়েছে বাফুফের ফুটবল পরিচালনার সক্ষমতাও।
