জোহানেসবার্গ টেস্ট
হৃদয়জুড়ানো দিন বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। স্কোর বোর্ডে তখন মাত্র ২২ রান, নেই তিন উইকেট। কাগিসো রাবাদার আগুনঝরা বোলিংয়ে দিশেহারা বাংলাদেশ। সেখান থেকে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে শুধু দলকে বিপদমুক্তই করেননি, জোহানেসবার্গে নতুন ইতিহাসও লিখেছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। চতুর্থ উইকেটে তানজিদ হাসানের সঙ্গে ৯৯ রানের জুটির পর ষষ্ঠ উইকেটে লিটনকে নিয়ে ২০৬ রানের রেকর্ড জুটিতে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনটি নিজেদের করে নেন হৃদয়। ১৪ চার ও এক ছক্কায় ২২৭ বলে ১৩৭ রান করে মার্কো ইয়ানসনের বলে হৃদয় আউট হতেই প্রথম দিনের সমাপ্তি ঘটে। লিটন অপরাজিত ৯২ রানে। বাংলাদেশ ৮৪ ওভারে ছয় উইকেটে তুলেটে ৩২৭ রান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ভেঙে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন হৃদয় ও লিটন। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি, ক্যারিয়ারের ৫০০ রান পূর্ণ এবং একের পর এক রেকর্ড-সব মিলিয়ে হৃদয়ের ব্যাটে স্বপ্নের এক দিন। অন্য প্রান্তে লিটনের দায়িত্বশীল ফিফটি ও দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিনের শেষভাগে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশ।
এরআগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সিদ্ধান্তের প্রতিদান শুরুতে দিতে পারেননি ব্যাটাররা। অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম কাগিসো রাবাদার প্রথম বলেই গালিতে ক্যাচ দিয়ে ফেরেন। টেস্ট অভিষেকে প্রথম বলেই শূন্য রানে আউট হওয়া চতুর্থ ব্যাটার হয়ে যান তিনি। এরপর মুমিনুল হকও রাবাদার শিকার হয়ে ফেরেন শূন্য রানে। দিনের শুরু থেকেই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেন এই প্রোটিয়া পেসার। তার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল। শুরুর চাপ সামাল দেওয়ার দায়িত্ব নেন তানজিদ ও হৃদয়। চতুর্থ উইকেটে দুজনের ৯৯ রানের জুটি বাংলাদেশকে বিপর্যয় থেকে টেনে তোলে। ৬৭ রান করে তানজিদ আউট হলে জুটি ভাঙে। তবে তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়েই লড়াই চালিয়ে যান হৃদয়। পরে মুশফিকুর রহিমকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রাবাদা। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম পাঁচ উইকেট শিকার। দক্ষিণ আফ্রিকার হয়ে এই কীর্তিতে মাখায়া এনটিনির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে আসেন তিনি। রাবাদার দাপটের পরও বাংলাদেশের ব্যাটিং প্রতিরোধ ভাঙতে পারেননি স্বাগতিকরা। হৃদয়ের সঙ্গে মিলে ষষ্ঠ উইকেটে গড়ে তোলেন অবিশ্বাস্য এক জুটি। প্রথমে শত রানের মাইলফলক পেরিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের নতুন জুটির রেকর্ড গড়েন হৃদয় ও লিটন। এর আগে তানজিদের সঙ্গে হৃদয়ের ৯৯ রানের জুটি ভেঙেছিল ২২ বছর আগের হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের রেকর্ড। কিন্তু সেই রেকর্ড বেশিক্ষণ টেকেনি। একপর্যায়ে দুজনের জুটি ছাড়িয়ে যায় ২০২৪ সালে মিরপুরে জাকের আলি ও মেহেদী হাসান মিরাজের গড়া ১৩৮ রানের রেকর্ড। সব মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির মালিকও হয়ে যান তারা। ডেইন প্যাটারসনের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে ১৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। টানা দ্বিতীয় টেস্টে শতকের দেখা পেলেন তিনি। এর আগে সিলেট টেস্টে অপরাজিত ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। এর আগে এই কীর্তি ছিল মাহমুদুল হাসান জয়ের। সেঞ্চুরির পর সাইমন হার্মারকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারে ৫০০ রানও পূর্ণ করেন তিনি।
