Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তানের প্রথম, না ভারতের দশম?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের প্রথম, না ভারতের দশম?

Advertisement

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। আর ঘরের মাঠে সাফ ফাইনালে দর্শক বাংলাদেশ! রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৫তম সাফের ফাইনাল। তার আগে সোমবার সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এলো বাংলাদেশ প্রসঙ্গ।

সাফ চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও পাকিস্তানের দুই কোচকেই উত্তর দিতে হলো হামজাদের ব্যর্থতা নিয়ে। একজনের দৃষ্টিতে বাংলাদেশের হারের জন্য দায়ী মনোযোগের অভাব। অন্যজন তুলে ধরলেন নিখুঁত পরিকল্পনার ঘাটতি।

ভারত ছিল অন্য গ্রুপে। সেমিফাইনালেও বাংলাদেশের মুখোমুখি হয়নি তারা। পাকিস্তানের বিপক্ষে হামজাদের সেমিফাইনাল নিয়ে ভারতীয় কোচ নওশাদ মুসা বলেন, ‘ফুটবলে পুরো সময় মনোযোগ ধরে রাখা জরুরি। আমার মনে হয়, বাংলাদেশ মনোযোগ হারিয়েছিল। সে কারণেই গোল হজম করেছে।’ নিজেদের অভিজ্ঞতাও টেনে আনলেন তিনি। গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত সময়ের পর চার মিনিটের মধ্যে দুটি গোল হজম করেছিল ভারত। মুসা বলেন, ‘এই পর্যায়ের ফুটবলে ছোট ভুলও বড় বিপদ ডেকে আনে। সামান্য সুযোগ দিলেই প্রতিপক্ষ শাস্তি দিতে পারে।’ তার কথায়, ‘আমরা জানতাম বাংলাদেশ কতটা শক্তিশালী। ওদের দলে অসাধারণ সব প্রতিভা রয়েছে। সুযোগ পেলেই ওরা আমাদের ক্ষতি করতে পারত।’

বাংলাদেশ দলের কোচ টমাস ডুলির কৌশল নিয়েও উঠেছে প্রশ্ন। ফুটবলসংশ্লিষ্টদের একাংশের মতে, পাকিস্তানের বিপক্ষে সেমিতে পরিকল্পনার ক্ষেত্রে অসহায় ছিলেন ডুলি। তবে প্রতিপক্ষ কোচকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ পাকিস্তান দলের পেরুভিয়ান কোচ নরবের্তো সোলানো। বললেন, ‘প্রত্যেক কোচের নিজস্ব পরিকল্পনা থাকে। কে ভালো, কে খারাপ, বলতে চাই না। বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের পরিকল্পনা সফল হয়েছে। তাই আমরা ফাইনালে।’

নয়বারের চ্যাম্পিয়ন ভারত দশম শিরোপার খোঁজে। ১৯৯৩ থেকে ২০২৩ পর্যন্ত নয়বার সাফ জিতলেও কখনো টানা তিন আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে

হারানো ভারত কোচ পাকিস্তানকে নিয়ে সতর্ক। অন্যদিকে এই প্রথম ফাইনালে খেলছে পাকিস্তান। জিতলে এটি হবে তাদের প্রথম শিরোপা। শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জোহানেসবার্গ টেস্ট শুরুতে লিটন শেষে হাসান

শুরুতে লিটন শেষে হাসান

রাজকন্যার জন্য বাবার উপহার

রাজকন্যার জন্য বাবার উপহার

স্কোর কার্ড

স্কোর কার্ড

পাকিস্তানের প্রথম, না ভারতের দশম?

পাকিস্তানের প্রথম, না ভারতের দশম?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম