Logo
Logo
×

Advertisement

খেলা

জোহানেসবার্গ টেস্ট

শুরুতে লিটন শেষে হাসান

বাংলাদেশ এ নিয়ে টেস্টে প্রথমে ব্যাট করে ১৮ বার ৪০০ কিংবা তার বেশি রান তুলল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শুরুতে লিটন শেষে হাসান

Advertisement

দক্ষিণ আফ্রিকায় এখনো কোনো টেস্ট ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। এই অপূর্ণতা ঘুচবে, এমন আশা করাটা দুরাশা নয়। বিশেষ করে যখন রংধনুর দেশে উপমহাদেশের প্রথম দল হিসাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রানের মহাকাব্য লিখেছে। পেস, গতি ও বাউন্সের জন্য খ্যাত জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের প্রথমদিন যদি তাওহিদ হৃদয়ের হয়, তাহলে দ্বিতীয়দিন লিটন দাসের। বলা ভালো, দিনের শুরুতে লিটন। শেষে হাসান মাহমুদ। লিটনের অবদান ১২০। তার অষ্টম টেস্ট সেঞ্চুরি। হাসানের সাফল্য তিন উইকেট। আগেরদিনের ৩২৭/৬ নিয়ে সোমবার দ্বিতীয়দিন শরু করা বাংলাদেশ বাকি চার উইকেটে আরও ৭৩ রান যোগ করে।

এরপর দিনের শেষ সেশনে স্বাগতিকদের তিন উইকেট নিয়ে সফরকারীরা আত্মবিশ্বাস ফিরে পায় যে, তারা প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছ। বাঁ-হাতি মার্কোস অ্যাকারম্যানের প্রথম টেস্ট সেঞ্চুরি (১৬৪ বলে ১৫৭) এবং দ্বিতীয় উইকেটে জুবায়ের হামজার (৮৩) সঙ্গে তার ২০২ রানের ম্যারাথন জুটিতে পায়ের নিচে শক্ত মাটি খুঁজে পেয়েছিল প্রোটিয়ারা। এইডেন মার্করাম শুরুতেই ফিরে যাওয়ার পর অ্যাকারম্যান ও হামজা যেন ঘাঁটি গেড়ে বসেছিলেন ক্রিজে। মুমিনুল হক শেষতক সেই জুটি ভাঙার পর হাসান ১১ বলের ব্যবধানে দুই উইকেট নেন অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটজকে (২) তুলে নিয়ে। এর আগে নিজের বলে ফিরতি ক্যাচ নিতে গিয়ে মাথায় চোট পাওয়া ডান-হাতি পেসার হাসান বিকালে ভোরের ফুল। স্বাগতিকরা দ্বিতীয়দিন শেষ করে চার উইকেটে ২৮৭ রানে। প্রথম ইনিংসে তারা পিছিয়ে ১১৩ রানে। হাতে ছয় উইকেট।

দিনের শেষটা যদি হাসানের হয়, তাহলে শুরুটা লিটন দাসের। ৯২ রান নিয়ে শুরু দিনটা লিটন সফল করে তোলেন চার মেরে নিজের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করার মধ্য দিয়ে। এরপর পকেট থেকে ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। দিস সেঞ্চুরি ফর ইউ’ লেখা কাগজ মেলে ধরেন। গতকাল ছিল তার একমাত্র মেয়ে আনাইরার তৃতীয় জন্মদিন। বাবার কাছ থেকে সবচেয়ে সুন্দর উপহার পেল সে। লিটনের সঙ্গে লোয়ার অর্ডারের অবদানে বাংলাদেশ উপমহাদেশের প্রথম দল হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে। সব মিলিয়ে এশিয়ার বাইরে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ স্কোর। আর লিটন দাস বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসাবে সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকায়। প্রথম দুজন হলেন মাহমুদুল হাসান জয় এবং এই টেস্টে তাওহিদ হৃদয়। ৯৮ থেকে লিটন শতক পেরিয়ে যান ফাইন লেগ দিয়ে মার্কো ইয়ানসেনকে ছয় মেরে। বাংলাদেশের জন্য আশাপ্রদ খবর হলো, টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাট করে ৪০০ কিংবা তার বেশি রান তোলা দল ৭৮৭ ম্যাচের মধ্যে মাত্র ৫৫ বার হেরেছে। যা মাত্র ৭ শতাংশ। বাংলাদেশ এ নিয়ে টেস্টে প্রথমে ব্যাট করে ১৮ বার ৪০০ কিংবা তার বেশি রান তুলল। এর মধ্যে জয় আটটিতে। হেরেছে মাত্র পাঁচ ম্যাচ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জোহানেসবার্গ টেস্ট শুরুতে লিটন শেষে হাসান

শুরুতে লিটন শেষে হাসান

রাজকন্যার জন্য বাবার উপহার

রাজকন্যার জন্য বাবার উপহার

স্কোর কার্ড

স্কোর কার্ড

পাকিস্তানের প্রথম, না ভারতের দশম?

পাকিস্তানের প্রথম, না ভারতের দশম?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম