|
ফলো করুন |
|
|---|---|
এরচেয়ে ভালোভাবে আর টেস্ট সেঞ্চুরি পূর্ণ করা যায় না। মার্কো ইয়ানসেনের বল পুল শটে ফাইন লেগ দিয়ে ছয় মেরে লিটন দাস পেয়ে যান নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম। বাংলাদেশের কিপার-ব্যাটার যেভাবে সেঞ্চুরি উদযাপন করলেন, সেটি তার পুল শটের চেয়েও মনোহর। পকেট থেকে বের করলেন ইংরেজিতে হাতে লেখা আট শব্দের একটি চিরকুট-‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। দিস হানড্রেড ফর ইউ!’ ব্যাট তুলে অভিনন্দনের জবাবও দিলেন। সাজঘরে সতীর্থদের করতালি চলল অনেকক্ষণ। ১৬ নভেম্বর ছিল লিটনের একমাত্র মেয়ে আনাইরা দাস আনভীর তৃতীয় জন্মদিন। মেয়ের জন্মদিনে বাবা পেলেন সেঞ্চুরি। আর সেই সেঞ্চুরি তিনি উপহার দিলেন, উৎসর্গ করলেন তার রাজকন্যাকে। ২০২৩ সালের ১৬ নভেম্বর আনাইরার জন্ম। ২০১৯ সালে ২৮ জুলাই দেশব্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে পরিণয়সূত্রে
আবদ্ধ হন লিটন। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এই উপহার কম মূল্যবান নয়। তার অষ্টম টেস্ট সেঞ্চুরির সাতটিই উইকেটকিপার-ব্যাটার হিসাবে। বাংলাদেশের হয়ে এই ভূমিকায় সর্বোচ্চ সেঞ্চুরি এখন তার। ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। উইকেটকিপার হিসাবে ১০৪ ইনিংসে মুশফিকের ছয় সেঞ্চুরি। মাত্র ৮৩ ইনিংসে সাতটি শতক হাঁকিয়েছেন লিটন। বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে মাত্র একটি সেঞ্চুরি খালেদ মাসুদ পাইলটের।
