|
ফলো করুন |
|
|---|---|
সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়েছিল নেদারল্যান্ডসের কাছে। আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে তিন রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের আজমানে বুধবার আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে বি-গ্রুপের ম্যাচে বাংলাদেশের মেয়েরা কষ্টার্জিত জয় পান। ২০ ওভারের ম্যাচে সাবেক অধিনায়ক নিগার সুলতানার ৩৬ বলে ৪৫ রানের সহায়তায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৩২ রান তোলে ছয় উইকেট হারিয়ে। জবাবে থাইল্যান্ড নারী দল পাঁচ উইকেটে ১২৯ রানে থামে পুরো ২০ ওভারে। ম্যাচসেরা নিগার। পাকিস্তানের বিপক্ষে হেরে ইমার্জিং নেশন্স ট্রফি শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও নেদারল্যান্ডস নারী দলের কাছে তৃতীয় ম্যাচে হেরে যায়। রান তাড়া করতে নামা থাইল্যান্ডের শুরুটাই ভালো হয়নি। বাংলাদেশি স্পিনার সানজিদা আক্তার প্রথম ওভারে তৃতীয় বলে নাথাকান চানথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আরেক ওপেনার পান্নিতা মায়াকে ১৭ রানে বোল্ড করেন রিতু মনি। থাইল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখান নান্নাপাত ও নারুইমেই। ৫৭ রানে থামে নান্নাপাতের ইনিংস। ৩৩ রান করেন নারুইমেই। ১১ বলে ১৩ রান সার্নসিরে প্ল্যান্ট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সানজিদা। একটি করে উইকেট পান রিতু মনি ও জান্নাতুল ফেরদৌস। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলের ১৫ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। দিলারা দুই ও সাথি রানি ১২ রান করেন। শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ১৬ রান। অধিনায়ক সোবহানা মোস্তারিকে নিয়ে জুটি গড়েন উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা। ২৮ রান করেন সোবহানা। স্বর্ণা আক্তার ১৪ ও রিতু মনি ১২ রান করেন।
