জোহানেসবার্গ টেস্ট
পড়ছে উইকেট পুড়ছে মন
বাংলাদেশ ৪০০ ও ১০০/৫ * দক্ষিণ আফ্রিকা ৫৫৭
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাঁচ উইকেট হাওয়া হয়ে গেছে। রইল বাকি পাঁচ। পঞ্চমদিনে কী অপেক্ষা করছে। উইকেট পড়ছে। পুড়ছে মন। সে তো ভাগ্য ভালো যে, মরা আলোয় দিনের খেলায় পর্দা নামিয়ে দিতে হয় আগেই। স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে খেলা বন্ধ। ঘণ্টাখানেক পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা। তৃতীয়দিন খেলা হয়নি দুই সেশন। কাল এক সেশনের অর্ধেক।
বুধবার দক্ষিণ আফ্রিকার বৃহস্পতি ছিল তুঙ্গে। ১৪ রানে পিছিয়ে চতুর্থদিন শুরু করে তারা। সকালের সেশনে রান তোলে জেট বিমানের গতিতে। ৩৪.১ ওভারে ১৭১ রান। ওভারপ্রতি পাঁচ রানেরও বেশি। রায়ান রিকেলটন পরপর দুটি টেস্ট শতক পেয়ে যান। সব মিলিয়ে চতুর্থ। কাগিসো রাবাদার ক্যারিয়ারসেরা ৭২। সঙ্গে ড্যান প্যাটারসনের ক্যামিও, ২৭ বলে ২৯। শেষ উইকেটে বাঙুমার সঙ্গে ৪৫। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০-র জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭। ১৫৭ রানের লিড।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টের পায় বাউন্স ও টার্নের বিড়ম্বনা। রাবাদা, ইয়ানসেন ও হার্মার মিলে হাতুড়ি ঠুকতে শুরু করেন। চাপ সামাল দিতে পারেনি বাংলাদেশের টপঅর্ডার। ইয়ানসেন তুলে নেন তানজিদ হাসানকে। মুমিনুলকে বোল্ড করেন রাবাদা। বাংলাদেশ ১২/২। তৃতীয় উইকেট জুটিতে ঈষৎ প্রতিরোধ। স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিতে বাধ্য করে সেই জুটি ভাঙেন হার্মার। এরপরও প্রোটিয়া পেসারদের প্রেসার অব্যাহত থাকে। দিনের শেষ সেশনে পাততাড়ি গুটিয়ে নেন মাহফিজুল ইসলাম ও তাওহিদ হৃদয়। বাংলাদেশ ১০০/৫। ইনিংস হার এড়াতে করতে হবে আরও ৫৭ রান। দক্ষিণ আফ্রিকা ১-০ দেখছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চূড়ায় উঠতে ব্যাকুল প্রোটিয়ারা। বাংলাদেশ কি পারবে ভাগ্যকে অনূকুলে আনতে? ভাগ্যই এখন সহায় সফরকারীদের। আর বৃষ্টি। জোহানেসবার্গ টেস্ট সত্যিই যেন আলো-আঁধারির আধার।
