ইনিংস হার এড়িয়ে ঈষৎ সান্ত্বনা
বাংলাদেশ ৪০০ ও ১৬৮ * দ. আফ্রিকা ৫৫৭ ও ১২/১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচ বাঁচাতে শেষ তিন সেশন কাটিয়ে দিতে হতো বাইশ গজে। যৎসামান্য প্রতিরোধ এবং ক্ষীণ আশা শেষ পর্যন্ত হাওয়ায় মিলিয়ে গেল ডান-হাতি অফ-স্পিনার সাইমন হার্মারের ছয় উইকেটে। বাংলাদেশের ঢাল ছিল পাঁচ উইকেট। সেটি নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংস টিকল মাত্র ২১.৪ ওভার। আগেরদিনের ১০০/৫-এ ব্যাট করতে নেমে বাংলাদেশ আর মাত্র ৬৮ রান তুলে ক্ষান্ত দিল। এর মধ্যে শেষ চার উইকেট পড়েছে মাত্র আট রানে। হার্মার তার ঘূর্ণি জাদুতে টানা দ্বিতীয় ম্যাচে চতুর্থ ইনিংসে পেলেন ছয় উইকেট। প্রথম ইনিংসে ৪০০ করা বাংলাদেশের ঈষৎ সান্ত্বনা এই যে, তারা অল্পের জন্য ইনিংস হার এড়াতে পেরেছে। জোহানেসবার্গ টেস্টের পঞ্চমদিন সকালের সেশনে সফরকারীরা ১৬৮ রানে থামার পর স্বাগতিকরা লক্ষ্য পায় ১২ রানের। নয় বলে সেই রান তুলে নয় উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে তারা এগিয়ে যায় ১-০তে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ায় উঠে যায় প্রোটিয়ারা। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
মুশফিকুর রহিম (২২) ও মেহেদী হাসান মিরাজসহ (১৫) শেষ চার উইকেট তুলে নেন হার্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের আগের টেস্টে হার্মার ১৬ রানে ছয় উইকেট নিয়েছিলেন। এই টেস্টে নিলেন ৫১ রানে ছয় উইকেট। ম্যাচসেরা অবশ্য কাগিসো রাবাদা। ম্যাচে আট উইকেট নেওয়ার পাশাপাশি ৭২ রানের ইনিংসও খেলেছেন তিনি।
কাল সকালে বাংলাদেশের আশার কেন্দ্রে ছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস। কভার দিয়ে শুরুতে রাবাদাকে চার মারা লিটন এরপর ইয়ানসেনকে বারদুয়েক এবং রাবাদার বলে নিজের ষষ্ঠ বাউন্ডারি হাঁকান। রাবাদার পরের ওভারেই ফুল লেংথের বল ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন লিটন। সেটাই ম্যাচে রাবাদার অষ্টম উইকেট। লিটনের প্রস্থানে ইনিংস প্রলম্বিত করার দায় বর্তেছিল মুশফিকের ওপর। শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হার্মারের পরের শিকার মিরাজ সুইপ করতে দিয়ে উইকেট বিলিয়ে দেন। সহজ স্টাম্পিং রিকেলটনের। এরপর হাসান মাহমুদ ও ইবাদত হোসেনকে তুলে নিয়ে নিজের নামের পাশে ছয় উইকেট বসিয়ে দেন হার্মার।
