সেঞ্চুরিয়ন টেস্ট
বাংলাদেশের জয়ের ভাবনা সেঞ্চুরিয়নে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পেসার খালেদ আহমেদ প্রথম টেস্টের ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চান। আগামীকাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় খালেদ বলেন, ‘অনুশীলন ভালো হচ্ছে। প্রথম টেস্ট নিয়ে চিন্তা করে লাভ নেই। কীভাবে এগিয়ে যাব, সেটাই এখন সবার ভাবনায়।’
খালেদ বলেন, ‘আমরা তিনদিন খুবই ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে জিততে পারিনি। এখান থেকে ইতিবাচক দিক নেওয়ার চেষ্টা করছি। আমাদের যেসব ইতিবাচক দিক, সেগুলো নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।’ দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে খেলতে হবে, এ নিয়েও আলোচনা হচ্ছে দলে। এক্ষেত্রে দুই দক্ষিণ আফ্রিকান কোচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ক্রিকেটাররা।
খালেদ বলেন, ‘এই কন্ডিশনে আমরা কীভাবে খেলব, এ নিয়ে দুই দক্ষিণ আফ্রিকান কোচের (ব্যাটিং ও সহকারী কোচ) সঙ্গে আলোচনা করছি। কোচ ও অধিনায়কের বার্তা, যা চলে গেছে, তা নিয়ে চিন্তা না করে কীভাবে সামনে এগোনো যায় এবং ভালো ক্রিকেট খেলা যায়, সেদিকে মনোযোগ দিতে হবে।’ জোহানেসবার্গে প্রথম টেস্টে নয় উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টেস্ট জিততেই হবে।
