সেঞ্চুরিয়ন টেস্ট
আড়াই দিনেই হেরে হোয়াইটওয়াশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকা ৪৯৪/৭-এ প্রথম ইনিংস ঘোষণা করার পর দেওয়ালের লিখন স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সামনে। প্রয়োজন ছিল প্রতিরোধ। এরপর যা হয়েছে, সেটিকে আর যাই হোক, টেস্ট ক্রিকেট বলা যায় না। ৫০ ওভারেরও কমে (৪৯.৪ ওভার) ১৮৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ২১৯ রানে হার বাংলাদেশের। লড়াই-টড়াই যেটুকু হলো-তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত করলেন। তাদের ৫০ রানের জুটি রাবাদা ভাঙার পর উইয়ান মুল্ডার মাখনে গরম ছুরির মতো বাংলাদেশের লোয়ার অর্ডারে যেন বুলডোজার চালিয়ে দিলেন। সেঞ্চুরির পর ৩১ রানে সাত (ক্যারিয়ারসেরা বোলিং) এবং ম্যাচে আট উইকেট নিয়ে আড়াইদিনেই মুল্ডার শেষ করে দেন বাংলাদেশের বিভীষিকাময় টেস্ট।
বুধবার সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয়দিন স্বাগতিকরা আর ব্যাট করতে নামেনি। আগেরদিনের ৪৯৪/৭-এ তারা প্রথম ইনিংস ঘোষণা করে ৪০৩ রানের লিড নিয়ে। এরপর দিনের প্রথম সেশনে বাংলাদেশ তিন উইকেট হারায় ৭৮ রানে। লাঞ্চের পর মুল্ডার মুড়িয়ে দেন সফরকারীদের দ্বিতীয় ইনিংস। বাকি সাত উইকেট দুই সেশনেরও কম সময়ে হারিয়ে ১৮৪ রানে অলআউট হয়ে দুদিনেরও বেশি সময় থাকতে ইনিংস ব্যবধানের হারে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলো ২-০তে।
বৃষ্টির দরুন প্রথমদিন এক সেশনেরও বেশি খেলা হয়নি। কালও তাই। বলতে গেলে, প্রায় আড়াইদিনে হেরেছেন নাজমুল হোসেনরা। টসে হারের পর থেকে ৯১ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর শেষতক তাদের দুর্যোগ-দুর্বিপাকের অবসান ঘটে ইনিংস পরাজয়ে। দুই ইনিংসে বাংলাদেশের কারও ফিফটি নেই। উলটোদিকে দ্বিতীয়দিন মার্কেস অ্যাকারম্যানের ১৫০ এবং উইয়ান মুল্ডারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি (১০০) প্রোটিয়াদের এভারেস্টে তুলে দেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু ৫৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর তাসের ঘরের মতো পড়ে ইনিংস। বাংলাদেশের বিপক্ষে এ নিয়ে ১৮ টেস্ট ম্যাচের ১৬টিতে জিতল দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচ ড্র হয়। টেস্টে ভরাডুবির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি ২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে ওয়ানডে দিয়ে শুরু হবে সাদা বলের সিরিজ।
বাংলাদেশ ৯১ ও ১৮৪
দ. আফ্রিকা ৪৯৪/৭ ডিক্লেয়ার
ফল : দ. আফ্রিকা ইনিংস ও
২১৯ রানে জয়ী
