সোরিয়াসিস : শুধু ত্বকের রোগ নয়
ডা. তাসনুভা ইমরান
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের সমাজে ত্বকের বিভিন্ন রোগ নিয়ে নানা ধরনের ভুল ধারণা ও সামাজিক সংকোচ রয়েছে। এর মধ্যে সোরিয়াসিস (Psoriasis) অন্যতম। অনেকেই এ রোগকে ছোঁয়াচে মনে করেন, কেউ আবার একে সাধারণ চর্মরোগ ভেবে অবহেলা করেন। অথচ সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ, যা শুধু ত্বক নয়, একজন রোগীর শারীরিক, মানসিক ও সামাজিক জীবনেও প্রভাব ফেলতে পারে।
* সোরিয়াসিস কী এবং কেন হয়
সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি, অনাক্রম্যতন্ত্র-সম্পর্কিত (Immune-mediated) প্রদাহজনিত রোগ। এ রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক সক্রিয়তার কারণে ত্বকের কোষ স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত তৈরি হয়। ফলে ত্বকের ওপর লালচে, পুরু ও সাদা আঁশযুক্ত ক্ষত দেখা দেয়। সাধারণত কনুই, হাঁটু, মাথার ত্বক, কোমর ও শরীরের অন্যান্য স্থানে এ ধরনের ক্ষত বেশি দেখা যায়। সোরিয়াসিসের সঠিক কারণ এখনো সম্পূর্ণ জানা যায়নি। তবে বংশগত প্রবণতা ও রোগ প্রতিরোধব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। মানসিক চাপ, কিছু সংক্রমণ, ধূমপান, অতিরিক্ত ওজন, ত্বকে আঘাত এবং নির্দিষ্ট কিছু ওষুধ এ রোগের প্রকোপ বাড়াতে পারে।
* সোরিয়াসিস কি ছোঁয়াচে
সোরিয়াসিস সম্পর্কে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হলো এটি ছোঁয়াচে। বাস্তবে এটি কোনো সংক্রামক রোগ নয়। আক্রান্ত ব্যক্তির সঙ্গে হাত মেলানো, একসঙ্গে খাওয়া, একই ঘরে থাকা কিংবা স্পর্শের মাধ্যমে এ রোগ ছড়ায় না। তাই সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তির প্রতি অবহেলা, বৈষম্য বা সামাজিক দূরত্ব তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক।
* ত্বকের বাইরেও এর প্রভাব
সোরিয়াসিস শুধু ত্বকের সমস্যায় সীমাবদ্ধ নয়। কিছু রোগীর ক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিস দেখা দিতে পারে, যার ফলে হাত-পায়ের আঙুল, হাঁটু বা অন্যান্য অস্থিসন্ধিতে ব্যথা, ফোলাভাব ও শক্ত হয়ে যাওয়ার সমস্যা হয়। এ ছাড়া এ রোগের সঙ্গে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগের ঝুঁকির সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন দৃশ্যমান ত্বকের ক্ষত নিয়ে বসবাস করার কারণে অনেক রোগী আত্মবিশ্বাসের অভাব, উদ্বেগ, বিষণ্নতা ও সামাজিক বিচ্ছিন্নতায় ভোগেন। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি পারিবারিক জীবনেও তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই সোরিয়াসিসের চিকিৎসায় শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
* চিকিৎসা ও নিয়ন্ত্রণ
সোরিয়াসিসের সম্পূর্ণ নিরাময়ের নিশ্চয়তা না থাকলেও আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগটি দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রোগের ধরন, তীব্রতা, আক্রান্ত স্থানের বিস্তৃতি এবং রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক চিকিৎসা নির্ধারণ করেন। হালকা থেকে মাঝারি সোরিয়াসিসে ময়েশ্চারাইজার, ভিটামিন ডি-জাতীয় ক্রিম, কর্টিকোস্টেরয়েড এবং অন্যান্য টপিক্যাল চিকিৎসা ব্যবহার করা হয়। প্রয়োজন অনুযায়ী ফটোথেরাপি বা আলোকচিকিৎসা দেওয়া যেতে পারে। মাঝারি থেকে গুরুতর ক্ষেত্রে মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, অ্যাসিট্রেটিন এবং আধুনিক বায়োলজিক থেরাপি কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে স্টেরয়েডযুক্ত ক্রিমের অনিয়ন্ত্রিত ব্যবহার ক্ষতির কারণ হতে পারে।
* সচেতনতা ও জীবনযাপনের গুরুত্ব
সোরিয়াসিস নিয়ন্ত্রণে নিয়মিত চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। ত্বক আর্দ্র রাখা, ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল পরিহার, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম রোগ নিয়ন্ত্রণে সহায়ক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ করাও জরুরি।
* করণীয়
সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তিকে অবহেলা নয়, বরং সহযোগিতা ও সহমর্মিতা দেখানো প্রয়োজন। রোগটি সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মনে রাখতে হবে, সোরিয়াসিস কোনো ব্যক্তির অপরাধ বা অপরিচ্ছন্নতার ফল নয়। এটি একটি চিকিৎসাযোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য দীর্ঘমেয়াদি রোগ। সঠিক সময়ে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ, আধুনিক চিকিৎসা এবং সামাজিক সচেতনতাই পারে আক্রান্ত ব্যক্তির জীবনমান উন্নত করতে।
লেখক : চর্মরোগ বিশেষজ্ঞ।
