Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

Icon

ডা. মো. আব্দুল হাফিজ শাফী

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

Advertisement

শীতের আগমনের সঙ্গে সঙ্গে অনেকেরই নাক বন্ধ, বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো কিংবা মাথা ভারী লাগার মতো সমস্যা দেখা দেয়। কারও ক্ষেত্রে রাতে ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে শ্বাস নিতে কষ্ট হয়। বিশেষ করে যাদের অ্যালার্জিক রাইনাইটিস, সাইনুসাইটিস, নাকের হাড় বাঁকা কিংবা নাকের ভেতরের মাংস (টারবিনেট) বড় হওয়ার সমস্যা রয়েছে, তাদের ভোগান্তি শীতকালে আরও বেড়ে যেতে পারে। তবে মনে রাখতে হবে, শীতে নাক বন্ধ হলেই তা সাইনুসাইটিস নয়। সাধারণ ঠান্ডা-সর্দি, অ্যালার্জি এবং নাকের গঠনগত সমস্যাও এর গুরুত্বপূর্ণ কারণ। বিস্তারিত লিখেছেন ডা. মো. আব্দুল হাফিজ শাফী

* নাক বন্ধ হয় কেন

নাকের চারপাশে কপাল, গাল ও চোখের আশপাশের হাড়ের ভেতরে কিছু বায়ুপূর্ণ কুঠুরি রয়েছে। এগুলোকে প্যারানাসাল সাইনাস বলা হয়। সাইনাসের ভেতরে মিউকাস বা শ্লেষ্মা তৈরি হয়, যা সরু পথ দিয়ে নাসিকাগহ্বরে (Nasal cavity) বের হয়। কোনো কারণে এ নাসিকাপথ এর মুখ বন্ধ হয়ে গেলে সাইনাসের ভেতরে প্রদাহ ও শ্লেষ্মা জমতে পারে। এ অবস্থাকে রাইনোসাইনুসাইটিস বলা হয়।

শীতে নাক বন্ধ হওয়ার সাধারণ কারণগুলো হলো-

▶ অ্যালার্জিক রাইনাইটিস : ধুলাবালি, ঘরের ধুলার মাইট, ছত্রাক বা অন্য অ্যালার্জেনের সংস্পর্শে নাকের ভেতরে প্রদাহ হয়। ফলে হাঁচি, নাক চুলকানো, পানি পড়া ও নাক বন্ধ হতে পারে।

▶ ভাইরাসজনিত সর্দি : সাধারণ ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাস সংক্রমণে নাকের ভেতরের আবরণ ফুলে গিয়ে নাক বন্ধ হতে পারে।

▶ সাইনুসাইটিস : সাইনাসের প্রদাহের কারণে নাক বন্ধ, ঘন সর্দি, মুখমণ্ডলে চাপ বা ব্যথা এবং ঘ্রাণশক্তি কমে যেতে পারে।

▶ নাকের গঠনগত সমস্যা : নাকের মাঝখানের হাড় বাঁকা (DNS), নাকের ভেতরের মাংস বা টারবিনেট বড় হওয়া এবং নাকের পলিপের কারণে দীর্ঘদিন নাক বন্ধ থাকতে পারে।

* লক্ষণ ও উপসর্গ

নাক বন্ধ হওয়ার কারণ অনুযায়ী লক্ষণ ভিন্ন হতে পারে। যেমন-

▶ বারবার হাঁচি, নাক চুলকানো এবং পাতলা পানি পড়া।

▶ এক বা দুই পাশের নাক বন্ধ হয়ে যাওয়া।

▶ নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা ও মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতা।

▶ মাথা ভারী লাগা, কপাল বা গালের আশপাশে চাপ ও ব্যথা।

▶ ঘন সর্দি নাক দিয়ে বের হওয়া বা গলার পেছনে সর্দি পড়া।

▶ ঘ্রাণশক্তি কমে যাওয়া।

▶ কখনো জ্বর, কাশি, মাথাব্যথা বা কানে চাপ অনুভূত হওয়া।

* শীতে নাকের সমস্যা এড়াতে সতর্কতা

▶ ধুলাবালি, ধোঁয়া, মশার কয়েলের ধোঁয়া ও অতিরিক্ত সুগন্ধিযুক্ত স্প্রে এড়িয়ে চলুন।

▶ বাইরে বের হলে ধুলাবালি থেকে বাঁচতে উপযুক্ত মাস্ক ব্যবহার করুন।

▶ ঠান্ডা বাতাসে যাদের নাকের সমস্যা বাড়ে, তারা নাক-মুখ ঢেকে বাইরে বের হন।

▶ ঘরের বিছানার চাদর, বালিশের কভার ও পর্দা নিয়মিত পরিষ্কার রাখুন। প্রয়োজনে গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন।

▶ ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন এবং স্যাঁতসেঁতে পরিবেশ ও ছত্রাক এড়িয়ে চলুন।

▶ পর্যাপ্ত পানি পান করুন এবং ধূমপান ও পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকুন।

▶ অ্যালার্জির নির্দিষ্ট কারণ জানা থাকলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন।

* নাক বন্ধ হলে করণীয়

▶ স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করুন : নরমাল স্যালাইন নাকের ভেতরের জমে থাকা শ্লেষ্মা ও অ্যালার্জেন পরিষ্কার করতে সাহায্য করে। প্রয়োজনে স্যালাইন স্প্রে বা নাসাল ওয়াশ ব্যবহার করা যায়। নাসাল ওয়াশের ক্ষেত্রে অবশ্যই জীবাণুমুক্ত, ডিস্টিলড অথবা ফুটিয়ে ঠান্ডা করা পানি ব্যবহার করতে হবে।

▶ অ্যালার্জির চিকিৎসা নিন : অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন ও নাকের স্টেরয়েড স্প্রে ব্যবহার করা যেতে পারে। নাকের স্টেরয়েড স্প্রে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

▶ ডিকনজেস্ট্যান্ট ড্রপ ব্যবহারে সতর্ক থাকুন : Xylometazoline ev Oxymetazoline-জাতীয় নাকের ড্রপ সাময়িকভাবে নাক খুলে দিতে পারে। তবে টানা সাত দিনের বেশি ব্যবহার করলে উলটো নাক বন্ধের সমস্যা বেড়ে যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহার করবেন না।

▶ পর্যাপ্ত বিশ্রাম নিন : ঠান্ডা-সর্দির সময় পর্যাপ্ত বিশ্রাম, ডিহাইড্রেশন দূর করতে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং রাতে অথবা ভোরে বের হলে নাক-মুখ ঢেকে রাখতে মাফলার ব্যবহার করুন।

▶ ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে গরম পানির ভাপ নিয়ে নাক পরিষ্কার করতে পারেন। দিনে অন্তত দুবার গরম পানির ভেপার (বাষ্প) নিতে হবে। গরম পানিতে মেনথলের দানা মিশিয়ে চোখ বন্ধ করে ভেপার বা ইনহেলেশন নাক দিয়ে টেনে নিন। এতে ব্যাকটেরিয়া বা ভাইরাস নাক থেকে সহজেই দূর হবে।

▶ পাত্র থেকে ভাপ নিতে গিয়ে অতিরিক্ত গরম পানিতে দগ্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে, তাই ভাপ নেওয়ার সময় খেয়াল রাখুন ।

* কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

▶ দীর্ঘদিন নাক বন্ধ থাকলে বা বারবার একই সমস্যা হলে।

▶ এক পাশের নাক দীর্ঘদিন বন্ধ থাকলে, বিশেষ করে রক্তপাত বা দুর্গন্ধযুক্ত সর্দি থাকলে।

▶ নাক বন্ধের সঙ্গে ঘ্রাণশক্তি কমে গেলে।

▶ মুখমণ্ডলে তীব্র ব্যথা, জ্বর বা চোখের চারপাশে ফোলাভাব দেখা দিলে।

▶ উপসর্গ ১০ দিনের বেশি স্থায়ী হলে অথবা কিছুটা ভালো হওয়ার পর আবার বেড়ে গেলে।

▶ চোখ ফুলে যাওয়া, দৃষ্টিশক্তির পরিবর্তন, চোখ নড়াতে ব্যথা বা তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

শীতে নাক বন্ধ হওয়া একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে অ্যালার্জি, সংক্রমণ কিংবা নাকের গঠনগত সমস্যা থাকতে পারে। তাই শুধু সাময়িকভাবে নাক খোলার ওষুধ ব্যবহার না করে সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি। সঠিক সময়ে চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

লেখক : সহকারী অধ্যাপক, নাক-কান-গলা বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

সোরিয়াসিস : শুধু ত্বকের রোগ নয়

সোরিয়াসিস : শুধু ত্বকের রোগ নয়

স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম