মেদ কমাতে লাইপোসাকশন
কতটা নিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ
ডা. তামান্না আহমেদ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আয়নার সামনে দাঁড়িয়ে কলেজ পড়ুয়া তরুণী রূপকথার মনে হয়েছিল, উৎসবের আগে কোমরের রেখাটা আরেকটু সরু হলে বেশ মানাত। আবার দিনে ৮-৯ ঘণ্টা অফিসের চেয়ারে বসে কাজ করা চল্লিশ ছুঁইছুঁই আইটি কর্মী মিতালি ভেবেছিলেন, জিমে ঘাম না ঝরিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে ঝটপট মেদ কমিয়ে ফেলবেন।
বাড়তি মেদ বা নাছোড় ভুঁড়ি নিয়ে বিড়ম্বনার শেষ নেই। ডায়েট চার্ট শুরু হলেও কয়েক দিন পরই তা বিরিয়ানি-তন্দুরিতে গিয়ে থামে। আর সাত সকালে ঘুম ভেঙে শরীরচর্চার ধৈর্যও সবার থাকে না। ঠিক তখনই বিকল্প বা ‘শর্টকাট’ হিসাবে সামনে আসে লাইপোসাকশন। রুপালি পর্দার তারকাদের কল্যাণে শব্দটি এখন কমবেশি সবারই পরিচিত। তবে শখ বা প্রয়োজনে লাইপোসাকশন করানোর আগে এটি আসলে কী, কীভাবে কাজ করে এবং কাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ-তা স্পষ্টভাবে জানা জরুরি।
* লাইপোসাকশন কী এবং কীভাবে কাজ করে
লাইপোসাকশন মূলত একটি আধুনিক প্লাস্টিক সার্জারি বা অস্ত্রোপচার পদ্ধতি। এর মাধ্যমে পেট, কোমর, উরু, নিতম্ব, বাহু বা গলার নিচের জমে থাকা বাড়তি চর্বি যন্ত্রের সাহায্যে গলিয়ে শরীরের বাইরে বের করে আনা হয়।
এ প্রক্রিয়ায় শরীরের নির্দিষ্ট স্থানে অত্যন্ত সূক্ষ্ম ছিদ্র করে চামড়া ও পেশির মাঝামাঝি স্তরে ‘ক্যানুলা’ নামক একটি সরু নল প্রবেশ করানো হয়। নলটি একটি সাকশন মেশিনের সঙ্গে যুক্ত থাকে, যা মেদ কোষগুলোকে টেনে বের করে আনে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সাকশন অ্যাসিস্টেড লাইপোসাকশন’ বলা হয়। চামড়া ও পেশির মাঝখান দিয়ে নলটি কাজ করায় ত্বকের নিচের শিরা, উপশিরা বা স্নায়ুর কোনো ক্ষতি হয় না। ফলে ভবিষ্যতে সন্তান ধারণে বা স্বাভাবিক দাম্পত্য জীবনে কোনো জটিলতা তৈরি হয় না।
* ছেঁটে ফেলা চর্বি কি আবার ফিরে আসে
অনেকেরই ধারণা, লাইপোসাকশন করার পর আবার আগের মতো মোটা হয়ে যাওয়ার ভয় থাকে। বিষয়টি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। মানবদেহে ১৮ বছর বয়সের পর ‘ফ্যাট সেল’ বা মেদ কোষের সংখ্যা নির্দিষ্ট হয়ে যায়। ধরা যাক, কারও শরীরে ৫ লাখ মেদ কোষ আছে এবং এর মধ্যে পেটেই রয়েছে ১ লাখ। লাইপোসাকশন করে পেট থেকে ৭০ হাজার কোষ বের করে ফেলা হলে শরীরে স্থায়ীভাবে কোষের সংখ্যা কমে দাঁড়াবে ৪ লাখ ৩০ হাজারে। নতুন করে আর কোষ তৈরি হবে না।
তবে অস্ত্রোপচারের পর অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে অবশিষ্ট কোষগুলো আয়তনে বড় হতে পারে। কিন্তু তা শুধু পেটে বা এক জায়গায় জমা না হয়ে পুরো শরীরে সমানুপাতিকভাবে ছড়িয়ে পড়বে। অর্থাৎ, আগের মতো বেঢপ ভুঁড়ি বা নির্দিষ্ট অংশ স্থূল হয়ে যাওয়ার প্রবণতা থাকে না।
* আধুনিক পদ্ধতি
বর্তমানে লাইপোসাকশনের বেশ কিছু আধুনিক ও কার্যকরী ধরন রয়েছে-
▶ সাকশন অ্যাসিস্টেড লাইপোসাকশন : এটি সবচেয়ে প্রচলিত পদ্ধতি।
▶ আল্ট্রাসাউন্ড ও লেজার অ্যাসিস্টেড লাইপোসাকশন : শব্দতরঙ্গ বা লেজারের তাপ ব্যবহার করে চর্বি গলিয়ে বের করা হয়।
▶ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাসিস্টেড লাইপোসাকশন : এতে চর্বি গলানোর পাশাপাশি ত্বক টানটান রাখতেও সাহায্য করে।
▶ ক্রায়ো লাইপোসাকশন : অস্ত্রোপচার ছাড়াই বিশেষ তাপমাত্রায় চর্বি কোষ জমিয়ে নষ্ট করা হয়, যা পরবর্তীতে প্রাকৃতিক প্রক্রিয়ায় শরীর থেকে বেরিয়ে যায়।
এছাড়া পুরুষদের স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা (গাইনেকোমাস্টিয়া) সমাধানেও এখন বুক না কেটে শুধু লাইপোসাকশনের মাধ্যমে ভেতরের চর্বি বের করে আনা সম্ভব হচ্ছে।
* সবার জন্য কি লাইপোসাকশন প্রযোজ্য
লাইপোসাকশন কোনো ওজন কমানোর সাধারণ পদ্ধতি নয়, বরং এটি ‘বডি কন্ট্যুরিং’ বা শরীরের নির্দিষ্ট অংশের গড়ন ঠিক করার চিকিৎসা।
▶ বিএমআই ও ওজন : যাদের বিএমআই ২০ থেকে ৩০-এর মধ্যে এবং শরীরের নির্দিষ্ট কিছু অংশে মেদ জমেছে, তাদের জন্য এটি সবচেয়ে কার্যকর। কিন্তু ওজন যদি ৮৫-১০০ কেজি বা বিএমআই ৩০-এর বেশি হয়, তবে লাইপোসাকশন কার্যকর হয় না; সেক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারির প্রয়োজন হতে পারে।
▶ বয়স ও ত্বকের অবস্থা : কম বয়সে ত্বকের স্থিতিস্থাপকতা ভালো থাকে বলে চর্বি বের করার পর চামড়া সহজেই টানটান হয়ে যায়। বয়স বেশি হলে চামড়া ঝুলে যাওয়ার আশঙ্কা থাকে।
▶ মেডিকেল কন্ডিশন : থাইরয়েড, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হৃদরোগ বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ বাধ্যতামূলক।
সাধারণত এক সেশনে শরীরের ওজনের সর্বোচ্চ ১০ শতাংশ বা ৫০০ মিলিলিটার থেকে ১-২ লিটার পর্যন্ত চর্বি বের করা নিরাপদ। বিশেষ ক্ষেত্রে ৫-৭ লিটার পর্যন্ত চর্বি অপসারণ করতে হলে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান (General Anesthesia) করে হাসপাতালে ভর্তি রাখতে হয়।
* লাইপোসাকশন বনাম বেরিয়াট্রিক সার্জারি
অনেকেই লাইপোসাকশন এবং বেরিয়াট্রিক সার্জারিকে এক করে ফেলেন। বেরিয়াট্রিক সার্জারি মূলত অতিরিক্ত স্থূলকায় (Morbid Obesity) ব্যক্তিদের ওজন কমানোর জন্য করা হয়, যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলীর আকার ছোট করে দেওয়া হয় যাতে খাবার গ্রহণ ও শোষণ কমে আসে। অন্যদিকে, লাইপোসাকশন হলো ত্বকের নিচের জমে থাকা চর্বি সরাসরি বের করে শরীরের শেপ সুন্দর করার প্রক্রিয়া।
* ঝুঁকি ও সতর্কতা
অস্ত্রোপচার ছোট হোক বা বড়, অসতর্কতায় ঝুঁকি তৈরি হতে পারে। অনভিজ্ঞ হাতে অস্ত্রোপচার করলে রক্তনালিতে চর্বি প্রবেশ করা (Fat Embolism), সংক্রমণ, চামড়া অসমান হয়ে যাওয়া বা অ্যানাস্থেশিয়াজনিত জটিলতা দেখা দিতে পারে। তাই যে কোনো বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে একজন অভিজ্ঞ ও স্বীকৃত প্লাস্টিক ও কসমেটিক সার্জনের পরামর্শ নেওয়া এবং অনুমোদিত হাসপাতালে অস্ত্রোপচার করানোই একমাত্র নিরাপদ পথ।
মনে রাখতে হবে, লাইপোসাকশন আপনাকে একটি সুন্দর গড়ন উপহার দিতে পারে, কিন্তু তা ধরে রাখার চাবিকাঠি হলো নিয়মিত শরীরচর্চা ও পরিমিত খাদ্যাভ্যাস।
লেখক : সহকারী অধ্যাপক, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগ, এমএইচ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, তেজগাঁও, ঢাকা।
