Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

যৌনজীবন ফেরাতে সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন

Icon

ডা. তাহমীদ কামাল

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যৌনজীবন ফেরাতে সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন

Advertisement

যৌনসম্পর্কে বাধা তৈরি করা শারীরিক, মানসিক ও দৈনন্দিন সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে স্বস্তিদায়ক যৌনজীবনে ফিরতে সাহায্য করাই সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন বা যৌন পুনর্বাসন। এতে ওষুধের পাশাপাশি ব্যায়াম, কাউন্সেলিং, ব্যথার চিকিৎসা, শরীরের উপযোগী অবস্থান শেখানো এবং প্রয়োজনে সহায়ক যন্ত্র ব্যবহার করা হয়। কেউ যৌনসম্পর্কে অংশ নেওয়ার সক্ষমতা ফিরে পেতে চান, কেউ ব্যথা কমাতে চান, আবার কারও লক্ষ্য সঙ্গীর সঙ্গে স্বস্তি ও ঘনিষ্ঠতা বাড়ানো।

কারা উপকৃত হতে পারেন

নারী ও পুরুষ-উভয়েরই এ সেবার প্রয়োজন হতে পারে। যেমন, পুরুষের লিঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া বা শক্ত অবস্থায় ধরে রাখতে না পারা, বীর্যপাতের সমস্যা, নারীর যোনিপথ শুষ্ক হওয়া বা মিলনের সময় ব্যথা, যৌনাঙ্গের চারপাশের পেশি অনিচ্ছায় শক্ত হয়ে যাওয়া এবং যৌন ইচ্ছা বা তৃপ্তি কমে যাওয়া। স্ট্রোক, মেরুদণ্ডে আঘাত, স্নায়ুর রোগ, ডায়াবেটিস, দীর্ঘদিনের ব্যথা, বাত কিংবা ক্যানসারের চিকিৎসার পরও যৌনজীবনে পরিবর্তন আসতে পারে।

চিকিৎসার শুরু হয় সমস্যাটি বোঝার মাধ্যমে

চিকিৎসক প্রথমে জানতে চান-সমস্যাটি কবে থেকে হচ্ছে, আগে এমন ছিল কি না, ব্যথা আছে কি না এবং কোনো অসুস্থতা বা নতুন ওষুধের পর এটি শুরু হয়েছে কি না। ঘুম, মানসিক চাপ, সম্পর্কের স্বস্তি এবং রোগীর নিজের প্রত্যাশাও গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী শারীরিক পরীক্ষা ও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সবার সব পরীক্ষা লাগে না।

শরীরের সক্ষমতা বাড়ানো

অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যাওয়া, জয়েন্ট শক্ত থাকা, কোমর বা নিতম্বে ব্যথা এবং পেশির দুর্বলতা যৌনসম্পর্কে বাধা দিতে পারে। পুনর্বাসনের মাধ্যমে এসব সমস্যা কমানোর চেষ্টা করা হয়। ব্যক্তির সামর্থ্য অনুযায়ী হাঁটা, হালকা ব্যায়াম, পেশির শক্তি ও নমনীয়তা বাড়ানোর অনুশীলন শেখানো হয়। ব্যথা ও পেশির অতিরিক্ত টান কমানোর চিকিৎসাও দেওয়া হয়। যারা দ্রুত ক্লান্ত হন, তাদের বিশ্রাম নিয়ে কাজ করা এবং শরীর তুলনামূলক সতেজ থাকে এমন সময় বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চলাফেরায় সীমাবদ্ধতা থাকলে বালিশের সাহায্যে শরীরকে সমর্থন দেওয়া, ব্যথার স্থানে চাপ কমানো এবং নিরাপদ ও আরামদায়ক অবস্থান খুঁজে নেওয়া সহায়ক হতে পারে।

পেলভিক ফ্লোর থেরাপির ভূমিকা

পেলভিক ফ্লোর হলো তলপেটের নিচের পেশির একটি দল, যা মূত্রাশয়, পায়খানার নিয়ন্ত্রণ ও যৌনক্রিয়ায় ভূমিকা রাখে। এসব পেশি দুর্বল হলে যেমন সমস্যা হতে পারে, অতিরিক্ত শক্ত বা টানটান থাকলেও ব্যথা ও যৌনসম্পর্কে অসুবিধা হতে পারে। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক পেশির অবস্থা বুঝে উপযুক্ত অনুশীলন শেখান। কারও পেশি শক্তিশালী করা দরকার, আবার কারও দরকার পেশি শিথিল করা ও নিয়ন্ত্রণ শেখা। তাই সবার জন্য একইভাবে ‘কেগেল ব্যায়াম’ করা ঠিক নয়। বিশেষ করে ব্যথা বা পেশিতে অতিরিক্ত টান থাকলে নিজে থেকে বারবার পেশি সংকোচনের ব্যায়াম না করাই ভালো। যোনিপথের পেশি অনিচ্ছায় শক্ত হয়ে গেলে শিথিলায়ন, ধীরে শ্বাস নেওয়া, কাউন্সেলিং এবং প্রয়োজনে বিশেষজ্ঞের নির্দেশনায় ধাপে ধাপে ভ্যাজাইনাল ট্রেইনার ব্যবহার করা যায়। ব্যথা সহ্য করে বা জোর করে কোনো অনুশীলন করা উচিত নয়।

ভয় ও উদ্বেগ কমানোও চিকিৎসার অংশ

একবার অসুবিধা হলে পরের বারও ব্যর্থ হওয়ার ভয় তৈরি হতে পারে। এ ভয় শরীরের স্বাভাবিক সাড়াকে আরও বাধাগ্রস্ত করতে পারে। কাউন্সেলিং বা সেক্স থেরাপিতে এই দুশ্চিন্তা, শরীর নিয়ে অস্বস্তি এবং সম্পর্কের যোগাযোগ নিয়ে কাজ করা হয়। চিকিৎসার অংশ হিসাবে কিছুদিন যৌনসম্পর্ক সম্পন্ন করার চাপ কমিয়ে পারস্পরিক সম্মতিতে স্নেহ, স্পর্শ ও ঘনিষ্ঠতায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে।

ওষুধ ও সহায়ক চিকিৎসা কখন লাগে

পুরুষের লিঙ্গ উত্থানের সমস্যায় চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ওষুধ দিতে পারেন। ওষুধ যথেষ্ট কাজ না করলে নির্বাচিত রোগীর ক্ষেত্রে ভ্যাকুয়াম যন্ত্র, প্রশিক্ষণ নিয়ে ব্যবহারযোগ্য ইনজেকশন বা অন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে হৃদ্রোগে ব্যবহৃত নাইট্রেটজাতীয় ওষুধের সঙ্গে উত্থানের কিছু ওষুধ নেওয়া বিপজ্জনক। হরমোনের ঘাটতি নিশ্চিত না করে টেস্টোস্টেরন নেওয়াও উচিত নয়। নারীর যোনিপথে শুষ্কতা থাকলে উপযুক্ত লুব্রিক্যান্ট বা ভ্যাজাইনাল ময়েশ্চারাইজার সাহায্য করতে পারে।

স্নায়ুর আঘাত বা পক্ষাঘাতের পরও সহায়তা সম্ভব

স্ট্রোক বা মেরুদণ্ডে আঘাতের পর শরীরের অনুভূতি, নড়াচড়া ও যৌন সাড়ায় পরিবর্তন আসতে পারে। পুনর্বাসনে নিরাপদ অবস্থান, পেশির টান নিয়ন্ত্রণ, ত্বকে চাপ এড়ানো এবং প্রস্রাব-পায়খানার ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে ইউরোলজি ও অন্যান্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হয়। মেরুদণ্ডের ওপরের অংশে নির্দিষ্ট ধরনের আঘাত থাকলে যৌনক্রিয়ার সময় হঠাৎ বিপজ্জনকভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে। এমন রোগীর আগে থেকেই বিশেষজ্ঞের পরামর্শ ও করণীয় পরিকল্পনা থাকা জরুরি।

উন্নতি হতে সময় লাগে

যৌন পুনর্বাসনের ফল সবার ক্ষেত্রে একরকম হয় না। সমস্যার কারণ, স্নায়ু বা রক্তনালির অবস্থা, অন্য রোগ এবং মানসিক স্বাস্থ্যের ওপর ফল নির্ভর করে। কারও কয়েক সপ্তাহে উন্নতি হয়, কারও কয়েক মাস বা দীর্ঘমেয়াদি সহায়তা দরকার হয়। যৌনসম্পর্কে অসুবিধা হলে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, ইউরোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়।

লেখক : ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতে রুক্ষ ও নিষ্প্রাণ কোঁকড়ানো চুলে ঘরোয়া টিপসই ফিরবে জেল্লা

শীতে রুক্ষ ও নিষ্প্রাণ কোঁকড়ানো চুলে ঘরোয়া টিপসই ফিরবে জেল্লা

আতা ফলে যেসব উপকার

আতা ফলে যেসব উপকার

শীতের দিনে শাক দিয়ে তৈরি করুন মজাদার খাবার

শীতের দিনে শাক দিয়ে তৈরি করুন মজাদার খাবার

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

পিঠ-কোমরের ব্যথা কি মেরুদণ্ডের অকাল বার্ধক্যের সংকেত? চিনে নিন ৪ লক্ষণ

পিঠ-কোমরের ব্যথা কি মেরুদণ্ডের অকাল বার্ধক্যের সংকেত? চিনে নিন ৪ লক্ষণ

আরও পড়ুন

স্টেরয়েডের অপব্যবহারে বাড়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি

স্টেরয়েডের অপব্যবহারে বাড়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি

যৌনজীবন ফেরাতে সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন

যৌনজীবন ফেরাতে সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন

মেদ কমাতে লাইপোসাকশন কতটা নিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ

কতটা নিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ

সর্দি-কাশি হলে কান বন্ধ লাগে কেন

সর্দি-কাশি হলে কান বন্ধ লাগে কেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম