Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ইরানকে ছাড়ের খবর অস্বীকার ট্রাম্পের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও জব্দ সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাবের খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এ মন্তব্যের পরই ট্রাম্পেকে ‘বড় মিথ্যাবাদী’ হিসাবে আখ্যায়িত করেছে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আল-জাজিরার।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন, এটা সত্য নয়। আমি তাদেরকে কোনো প্রস্তাব দিইনি’। অ্যাক্সিওসের প্রতিবেদনকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও লিখেছেন, ‘অন্যান্য অনেক প্রতিবেদনের মতো অ্যাক্সিওসের প্রতিবেদনটিও একটি প্রতারণা, যা মূলত ট্রাম্পবিরোধী মানসিকতাকে তৃপ্ত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।’ এর আগে, অ্যাক্সিওসের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালাচ্ছেন। খবরে এটাও দাবি করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া এবং আটক সম্পদ ছেড়ে দিতেও রাজি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর সেটি বেশ আলোচনার জন্ম দেয়। সেই পরিপ্রেক্ষিতেই সোমবার রাতে ট্রুথ সোশ্যালে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে খবরটি উড়িয়ে দেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, মার্কিন জনগণকে সত্যটা বলা দরকার। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই তাদের হাতে। তিনি আরও স্পষ্ট করেছেন, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং চাইবেও না। একই সঙ্গে কেন তাদের বাহিনীকে ‘সন্ত্রাসবাদী’ সংগঠন হিসাবে চিহ্নিত করা হয়েছে, তা মার্কিন জনগণকে ভেবে দেখার জন্য আহ্বান জানান হোসেইন মোহেব্বি।

অন্যদিকে, যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সোমবার আরেক দফায় মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রতিনিধি দল। এটি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও মঙ্গলবার সেই কাঙ্ক্ষিত জবাব পাওয়ার আশা করছে তেহরান। সোমবার কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, ইরান তাদের পরিকল্পনা তুলে ধরার পর থেকে আলোচনা আগের চেয়ে অনেক বেশি আন্তরিক হয়েছে। কাতারের প্রতিনিধিরা কিছু নতুন ধারণা দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে আরেকবার কথা বলবেন। এরপরই যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জবাব কাতারের মাধ্যমে তেহরানে পৌঁছাবে। বর্তমানে আলোচনার একমাত্র বিষয় হলো এই হরমুজ প্রণালি। আরাঘচির মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো চুক্তি বা শান্তির পথ চায়, তবে ইরান সেই সমাধানের পথ দেখিয়ে দিয়েছে। এখন কেবল শর্তগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে ইরানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো অবকাঠামোই হামলা থেকে নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, ‘যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না; অথবা আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’

এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ৩০ দেশে চলছে ইরানের ফ্লাইট। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিমান চলাচল খাতের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও তেহরান বিমানবন্দর থেকে এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলছে বলে জানা গেছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, চীন, রাশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ এখনো সচল রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইরানকে ছাড়ের খবর অস্বীকার ট্রাম্পের

ইরানকে ছাড়ের খবর অস্বীকার ট্রাম্পের

পশ্চিমতীরে শতাধিক বসতি স্থাপনকারীদের হামলা ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

ইমরান খানের মুক্তির লড়াইয়ে সোহাইল আফ্রিদি

ইমরান খানের মুক্তির লড়াইয়ে সোহাইল আফ্রিদি

জান্তার হামলায় আবারও রক্তাক্ত মিয়ানমার

জান্তার হামলায় আবারও রক্তাক্ত মিয়ানমার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম