যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড সম্প্রচার হবে
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফায়ারিং স্কোয়াডে আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় বেলা ১টায় তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। এ ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার পেন্টাগনপ্রধান পিট হেগসেথ এ তথ্য জানান। এএফপি, দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসে ৬০ বছরের বেশি সময় পর এটি হতে যাচ্ছে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের এটিই হবে প্রথম ঘটনা। যুক্তরাষ্ট্রের ডানপন্থি সংবাদমাধ্যম ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিট হেগসেথ বলেন, ‘এটি ছিল সেনাবাহিনীর ভেতর ইউনিফর্ম পরা অবস্থায় চালানো একটি উগ্র ইসলামপন্থি হামলা। তাই তার মৃত্যুদণ্ড কার্যকর করবেন সেনাসদস্যদের একটি ফায়ারিং স্কোয়াড। এটাই হওয়া উচিত। আমরা নিশ্চিত করব, মানুষ যেন এটি দেখতে পারে। এটি প্রকাশ্যে করা হবে।
কারণ, এ ধরনের কাজের গুরুতর পরিণতি রয়েছে-মানুষের তা বোঝা প্রয়োজন।’ পেন্টাগনের সরকারি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে হেগসেথকে এ বক্তব্য দিতে দেখা যায়। ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসা ও প্রশাসনিক প্রক্রিয়াকরণ কেন্দ্রে গুলি চালান নিদাল হাসান। এতে ১৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে।নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন এবং আহতদের মধ্যে ৩০ জন ছিলেন সেনাসদস্য। হামলার জবাবে ঘটনাস্থলে আসা একজন বেসামরিক পুলিশ কর্মকর্তা হাসানকে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এরপর ২০১৩ সালে সামরিক আদালতের জুরি তাকে মৃত্যুদণ্ড দেন।
