পলিটিকোর অনুসন্ধানী প্রতিবেদন
স্ত্রীর তদবিরে চিফ অব স্টাফ মিলার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্টিফেন মিলারকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ (প্রধান কর্মকর্তা) হিসাবে নিয়োগ দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে ছিল তার স্ত্রী কেটি মিলারের কয়েক সপ্তাহব্যাপী তদবির। এ প্রক্রিয়ার বিষয়ে সরাসরি অবগত দুজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। কেটি মিলার অন্যদের বলেছিলেন, যদি তারা মনে করেন সুসি ওয়াইলসের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে তার স্বামীই সবচেয়ে যোগ্য, তবে যেন তারা প্রেসিডেন্টের কাছে ফোন করে বিষয়টি তুলে ধরেন।
শনিবার পলিটিকোর অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত এক মাসে ট্রাম্প ব্যক্তিগতভাবে যাদের নাম নিয়ে আলোচনা করেছিলেন, তাদের মধ্যে রয়েছেন ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পাল্টে, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি এবং নিউইয়র্ক ইয়াঙ্কিস-এর প্রেসিডেন্ট র্যান্ডি লেভিন। হোয়াইট হাউজের ঘনিষ্ঠ দুজন ব্যক্তির তথ্য অনুযায়ী, লি জেলডিন এবং সার্জিও গোর-এর নামও আলোচনায় এসেছিল। কেটি মিলারের এই তদবির এমন সময়ে চলেছিল, যখন হোয়াইট হাউজ জোরালোভাবে অস্বীকার করছিল যে, ট্রাম্প সুসি ওয়াইলসকে সরিয়ে অন্য কাউকে আনার কথা ভাবছেন। অক্টোবর মাসে পলিটিকো প্লেবুক জানিয়েছিল যে, ট্রাম্প তার বন্ধু ও সহযোগীদের ফোন করে সুসি ওয়াইলসের সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে আলোচনা করছিলেন, যার মধ্যে স্টিফেন মিলারের নামও ছিল। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কেটি মিলার। ট্রাম্পের প্রথম মেয়াদে কেটি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্ক ফোর্সে কাজ করেছিলেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি ইলন মাস্কের ‘ডিওজিই’ উদ্যোগে কাজ করেন।
