Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ইরানের টুঁটি চেপে ধরতে নতুন পদক্ষেপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইরানের ওপর চাপ আরও বাড়াতে এবার দেশটির স্থলপথে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এতদিন হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ চালানোর পর এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকেও নজরদারির আওতায় আনছে ওয়াশিংটন। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি বিশেষ বাহিনী গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার সেন্টকমের এক বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ইরান যাতে স্থলপথ ব্যবহার করে উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহণ করতে না পারে, তা নিশ্চিত করতেই এ টাস্কফোর্স গঠন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সেন্টকমের এ নতুন উদ্যোগ তেহরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধকে আরও বিস্তৃত করবে।

ফ্লোরিডার টাম্পায় অবস্থিত টাস্কফোর্সটি যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ওয়াশিংটন জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত উপকরণ এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই হবে এর মূল লক্ষ্য। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, সমুদ্রে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ যে সাফল্য পেয়েছে, নতুন এই টাস্কফোর্স সেই সাফল্য আরও জোরদার করবে।

মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল-জাজিরাকে বলেন, নতুন টাস্কফোর্সের কাজ হবে ইরানে অস্ত্রব্যবস্থা কোন কোন পথে প্রবেশ করছে, কীভাবে সেসব পথ বন্ধ করা সম্ভব এবং দেশটি কীভাবে জ্বালানি পরিবহণ করছে, তা শনাক্ত করা। মুলরয়ের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা বাড়ানোর নির্দেশ দেন, তাহলে এসব সরবরাহ পথ ও সংশ্লিষ্ট অবকাঠামো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’র মূল লক্ষ্য ছিল সামরিক স্থাপনা। তবে নতুন পরিকল্পনায় অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। এর উদ্দেশ্য হবে ইরান সরকারকে যুদ্ধ চালানোর সক্ষমতা এবং সেই যুদ্ধের অর্থ জোগানোর উৎস-দুটো থেকেই বিচ্ছিন্ন করে দেওয়া।

ওমান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা

ইরানের বন্দরগুলো ঘিরে চলমান অবরোধের অংশ হিসাবে শনিবার ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে সেন্টকম। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সেন্ট কিটসের পতাকাবাহী ‘এম-ভি হুদা’ নামের জাহাজটিকে অবরোধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করায় জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে নির্ভুল নিশানায় আঘাত হানে একটি মার্কিন সামরিক বিমান। বিবৃতিতে বলা হয়, গত জুলাই থেকে অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন বাহিনী ১৪৭টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। এসব জাহাজ মার্কিন নির্দেশ মেনে চলেছিল। তবে নির্দেশ অমান্য করায় পাঁচটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়া হয়েছে।

ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ

নতুন টাস্কফোর্স গঠনের মধ্যেই শনিবার ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করেছে সংস্থাটি। এর একদিন আগে কেশম দ্বীপে নতুন করে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। অন্যদিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

হরমুজে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সমুদ্র চলাচলসংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে অননুমোদিত পথে চলাচলের কারণেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আইআরজিসি।

রোববার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা ঘটতে শুরু করে। অননুমোদিত নৌপথে চলাচলের সময় ট্যাংকারগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। জাহাজগুলো থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় হরমুজ প্রণালির আকাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এর আগে শনিবার গভীর রাতে হরমুজ প্রণালিতে অননুমোদিত পথে চলাচলের সময়ও দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুনে পুড়ে যায় বলে জানিয়েছিল আইআরজিসি। আইআরজিসির দাবি, জাহাজ দুটি তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা (এআইএস) বন্ধ করে দিয়ে অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় করিডর দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেগুলো নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইরানের টুঁটি চেপে ধরতে নতুন পদক্ষেপ

ইরানের টুঁটি চেপে ধরতে নতুন পদক্ষেপ

স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’ বাবরি মসজিদ ধ্বংসে চোখের পানি ফেলেন সোনিয়া

বাবরি মসজিদ ধ্বংসে চোখের পানি ফেলেন সোনিয়া

সানায় সৌদির ব্যাপক হামলা

সানায় সৌদির ব্যাপক হামলা

পলিটিকোর অনুসন্ধানী প্রতিবেদন স্ত্রীর তদবিরে চিফ অব স্টাফ মিলার

স্ত্রীর তদবিরে চিফ অব স্টাফ মিলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম