Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

সানায় সৌদির ব্যাপক হামলা

হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলে নারী ও শিশুসহ নিহত ৩৩ * রিয়াদে আরামকো ভবনে হুথির ক্ষেপণাস্ত্রের আঘাত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইয়েমেনের রাজধানী সানার কাছে গ্রামে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ অন্তত ৩৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। গত জুলাই মাসে সৌদি আরব ও ইরানসমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে লড়াই পুনরায় শুরুর পর এটি অন্যতম প্রাণঘাতী হামলার ঘটনা। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

হুথি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। এতে বলা হয়, সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া এই লড়াই ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছে। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং সানা নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠীর মধ্যকার সংঘাত অনেকাংশে বন্ধ ছিল। এরপর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, রিয়াদ ইয়েমেনে তাদের মিত্রদের সহায়তার লক্ষ্যে বিমান হামলা চালাচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সানার পূর্বে হুথিদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত বানি হুশাইশ এলাকার বাড়িঘরে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আব্দুল-আজিজ আল-দাইলামি জানান, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন; এমনকি উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিরাও সেখানে আটকা পড়েছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘হামলা অব্যাহত

আছে। উদ্ধারকারীরা পৌঁছানোর পরপরই আরেকটি হামলা চালানো হচ্ছে। এমনকি আমাদের নিজস্ব চিকিৎসা কর্মীদের কয়েকজনও এ হামলায় শহীদ হয়েছেন।’ আল-দাইলামি বলেন, ‘আমাদের কাছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় অনেক আহত ব্যক্তিকে আনা হয়েছে। তাদের মাথা, বুক ও পায়ে আঘাত রয়েছে এবং অনেকের হাড় ভেঙে গেছে।’

এ সংঘাত বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান বিরোধেরই একটি অংশ-যা ইয়েমেনে ১২ বছর ধরে চলা জটিল যুদ্ধকে নতুন করে উসকে দিয়েছে। এ যুদ্ধ বিশ্বজুড়ে অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে এবং আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটিকে খণ্ড-বিখণ্ড করে ফেলেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অক্টোবরে জানায়, লড়াইয়ের সর্বশেষ পর্যায় শুরুর পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে ২ লাখেরও বেশি হয়েছে।

রিয়াদে আরামকো ভবনে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার চেষ্টা হয়েছে। এতে হামলার শেলের আঘাতে ভবনটির কিছুটা ক্ষয়ক্ষতি হয়।

রোববার সৌদির সরকারি সংবাদ সংস্থা এসপিএ দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রিয়াদে আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। হামলার সময় ছুটে আসা শেলের টুকরো ভবনটিতে আঘাত হানে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এর আগে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করার দাবি জানায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি পরে জানান, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইরানের টুঁটি চেপে ধরতে নতুন পদক্ষেপ

ইরানের টুঁটি চেপে ধরতে নতুন পদক্ষেপ

স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’ বাবরি মসজিদ ধ্বংসে চোখের পানি ফেলেন সোনিয়া

বাবরি মসজিদ ধ্বংসে চোখের পানি ফেলেন সোনিয়া

সানায় সৌদির ব্যাপক হামলা

সানায় সৌদির ব্যাপক হামলা

পলিটিকোর অনুসন্ধানী প্রতিবেদন স্ত্রীর তদবিরে চিফ অব স্টাফ মিলার

স্ত্রীর তদবিরে চিফ অব স্টাফ মিলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম