হেগসেথের অভিশংসন প্রস্তাব উঠল কংগ্রেসে
রিপাবলিকান আইনপ্রণেতাই তোলেন প্রস্তাব
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মাদক বহনকারী সন্দেহে নৌযানে হামলা এবং মার্কিন আইন লঙ্ঘনের অন্যান্য অভিযোগের ভিত্তিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি। স্থানীয় সময় সোমবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বয়ান পাঠ করার সময় কেনটাকির এ বিদায়ি আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে বেআইনি আদেশ কার্যকর করা এবং মার্কিন সংবিধানের জন্য হুমকি হয়ে ওঠার অভিযোগ আনেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরুর পরপরই ম্যাসি অভিশংসনের প্রস্তাবগুলো উত্থাপন করেন। কংগ্রেসের উভয় কক্ষেই বড় ধরনের জয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়ে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ম্যাসি প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসনের আটটি প্রস্তাব পুনরায় উত্থাপন করেছেন, যা তিনি প্রথম সেপ্টেম্বরে এনেছিলেন। সে সময় রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে রিপাবলিকান স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের দ্রুত বাড়ি পাঠিয়ে দিয়ে ভোটাভুটি এড়িয়ে যান।
সোমবার এক সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, যেসব আইনপ্রণেতা হেগসেথকে অপসারণ করতে চান, তারা যদি তার বিলের বিস্তারিত নাও পড়ে থাকেন, তবুও তাদের ভোটকে তিনি স্বাগত জানাবেন। তিনি বলেন, ‘আমি বুঝি যে তাদের কেউ কেউ শুধু হেগসেথের বিদায় দেখতে চান বলেই এ বিলের পক্ষে ভোট দিতে চাইছেন। আমি তাদের ভোটকে স্বাগত জানাই।’ তিনি প্রতিরক্ষা সচিবকে জানুয়ারিতে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ যাওয়ার আগেই পদত্যাগ করার আহ্বান জানান।
অভিশংসন প্রচেষ্টাকে ‘প্রহসন’ বললেন হেগসেথ : আল জাজিরা জানায়, এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার বিরুদ্ধে আনা অভিশংসন প্রচেষ্টাকে ‘অন্তর্ঘাত’ বলে নিন্দা করেছেন। মঙ্গলবার তিনি বলেন, ‘এটি একটি প্রহসন এবং নিছক লোক দেখানো কর্মকাণ্ড।’ তিনি নিজের সমালোচনা এবং ইরান যুদ্ধের বিষয়ে ভিন্নমতকে কেবল ‘নীতিগত মতপার্থক্য’ হিসাবে উল্লেখ করেন। হেগসেথ বলেন, ‘এটি দেশপ্রেম নয়, এটি অন্তর্ঘাত।’ পরে ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানান হেগসেথকে। তিনি ক্যানটাকির কংগ্রেসম্যান ম্যাসিকে একজন ‘অসন্তুষ্ট, ক্ষুুব্ধ ও পরাজিত সাবেক কংগ্রেসম্যান’ বলে সমালোচনা করেন। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে এ অভিশংসন প্রচেষ্টার ওপর একটি প্রাথমিক ভোট হওয়ার কথা রয়েছে। এটি মূলত একটি পদ্ধতিগত ভোট, যার মাধ্যমে নির্ধারিত হবে যে অভিশংসন প্রস্তাবটি নিয়ে আদৌ বিতর্ক করা হবে কি-না।
নাগরিকদের ক্ষতি ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ : ম্যাসির প্রস্তাবের অভিযোগ, ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সহায়তা করে হেগসেথ সংবিধান লঙ্ঘন করেছেন। ম্যাসির অভিযোগ, হেগসেথ এমন এক ‘যুদ্ধমুখী সংস্কৃতি’ গড়ে তুলেছিলেন, যেখানে যুদ্ধের নিয়মকানুনকে উপেক্ষা করা হতো, যার ফলে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরে একটি স্কুলে মার্কিন বোমা হামলার ঘটনা উল্লেখ করেন; ওই হামলায় প্রায় ১২০ শিশুসহ ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।
