Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

‘ওই নারী যে গুপ্তচর জানতাম না’

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চীনের কাছে তথ্য পাচারের অভিযোগ ওঠা এক নারী ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওই নারী যে গুপ্তচর, তা জানতেন না হুয়াং। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা জানান।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনার কি কোনো ধারণা ছিল যে ওই নারী একজন গুপ্তচর? হুয়াং আমাকে বলেছেন, না, ওই নারী যে গুপ্তচর তা আমি জানতাম না। আর আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’ সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, চীনের ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই ব্যবসায়ী বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করেছেন। রয়টার্স জানায়, এ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তদন্ত করছে বলেও জানান ট্রাম্প। জেনসেন হুয়াং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন।

এদিকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক ও কোম্পানির তদন্তের ঘোষণার পর শেয়ারবাজারে বড় দরপতনের মুখে পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। এতে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পদ কমেছে ৭৪০ কোটি ডলার। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায়ও পিছিয়ে গেছেন তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী, এনভিডিয়ার শেয়ারের দরপতনের আগে হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ ছিল ১৬২ দশমিক ২ বিলিয়ন ডলার। তা কমে দাঁড়ায় ১৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে। জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কের প্রভাব শুধু তার ব্যক্তিগত সম্পদেই সীমাবদ্ধ থাকেনি, বড় ধাক্কা লেগেছে এনভিডিয়ার বাজারমূল্যেও। শুক্রবারের লেনদেন শেষে এনভিডিয়ার বাজারমূলধন ছিল ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। সোমবার তা কমে দাঁড়ায় ৪ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানির অবস্থান নিয়ে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় এনভিডিয়ার ব্যবধানও বেড়েছে।

এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা : হুয়াংয়ের সঙ্গে চীনের কথিত গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ ঘিরে নতুন করে আইনি জটিলতায়ও পড়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে মামলা করেছেন কয়েকজন শেয়ারহোল্ডার।

কে এই অ্যালিস হুয়াং, এখন কোথায় আছেন : দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংকে চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছিল বলে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অভ্যন্তরে প্রচারিত স্মারকে উল্লেখ করা হয়। অভিযোগ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) হয়ে জেনসেন হুয়াং সম্পর্কে তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল তার ওপর। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের প্রথম পরিচয় কবে, তা এখনো স্পষ্ট নয়। অ্যালিস হুয়াং নিজেকে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাত শর্তে অনড় তেহরান যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

‘ওই নারী যে গুপ্তচর জানতাম না’

‘ওই নারী যে গুপ্তচর জানতাম না’

সোনিয়ার স্মৃতিকথায় রাজনৈতিক পাঁচ চিত্র

সোনিয়ার স্মৃতিকথায় রাজনৈতিক পাঁচ চিত্র

হেগসেথের অভিশংসন প্রস্তাব উঠল কংগ্রেসে

হেগসেথের অভিশংসন প্রস্তাব উঠল কংগ্রেসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম