Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

নেপালি ‘রিপাবলিক’ কেন ব্যর্থ হলো

Icon

গৌতম দাস

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেপালি ‘রিপাবলিক’ কেন ব্যর্থ হলো

Advertisement

নেপালের তরুণদের যাদের গ্লোবাল ভাষায় জেন-জি বা জেন-জেড নামে ডাকা হচ্ছে, তারা নেপালের রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি আর স্বজনপ্রীতি (এরাই নেপো-কিডস মানে, যারা ক্ষমতায় থেকে নিজ আত্মীয়-সন্তানদের রাষ্ট্রীয় চরম অবৈধ অর্থ-সুবিধাদি দিয়ে পৃষ্ঠপোষকতা করছে আর তাদের সন্তানরা ক্রমাগত বড়লোকি ফুটানি করে যাচ্ছে) উপড়ে ফেলার জন্য বিদ্রোহ আর গণ-উত্থান ঘটিয়ে দিয়েছে।

আইডিওলজির বিচারে নেপালের রাজনীতিতে কমিউনিস্ট ঘরানা আধিপত্য করে থাকে। আর সম্ভবত সেটাই একালে এসে নেপালের তরুণের বিদ্রোহী উত্থানের পেছনের কারণ। নেপালের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে বড় প্রভাবের দুটি দলই কমিউনিস্ট আর তৃতীয়টি ইন্ডিয়ান কংগ্রেস অনুকরণে যার নাম ‘নেপালি কংগ্রেস’। প্রথম দুই কমিউনিস্ট দলের একটি হলো গত প্রধানমন্ত্রী কে পি অলির বা খড়্গ প্রসাদ শর্মা অলির দল নেপাল কমিউনিস্ট পার্টি (একীভূত মার্ক্সবাদী-লেনিনবাদী) [সিপিএন ইউএমএল এভাবে নামে ডাকতে পছন্দ করেন]। আর অন্য কমিউনিস্ট পার্টিটি হলো, পুষ্প কমল দাহালের [সশস্ত্র সংগ্রামের সময় দেওয়া যার ছদ্মনাম ছিল প্রচন্ড] আরেক ‘নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র)’।

মজা হলো, কোনো কারণে ২০০৬ সালে নেপালের রাজতন্ত্র উৎখাতের আন্দোলনের পরে ২০০৯ সালে যখন প্রথম নয়া রিপাবলিক নেপাল রাষ্ট্র গঠনের প্রচেষ্টা নেওয়া হয়, তাতে ভোটের ফলাফলে দেখা গিয়েছিল, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর সেটি শুধু ২০০৯ সালের প্রথম নির্বাচনের (গণপরিষদ বা কনস্টিটিউশন প্রণয়নের প্রতিনিধি নির্বাচন) সময়ই নয়, বরং এরপরের এ পর্যন্ত সব নির্বাচনের ফলাফল একই; মানে তিন দলের মধ্যে আসন বিভক্ত। এর মধ্যে নেপালি কংগ্রেস হয়তো সবচেয়ে কম আর অলির কমিউনিস্ট হয়তো সবার চেয়ে বেশি। কিন্তু কোনো দলই কখনো পঞ্চাশ ভাগের বেশি আসন পায়নি। নেপালের রাজনীতি বোঝার জন্য এ বাস্তবতার দিকে খেয়ালে রাখা খুব জরুরি। এ তিনের বাইরে নেপালে আরও অন্তত গোটা দশেক ছোট দল আছে, যাদের বেশিরভাগই নানা কিসিমের কমিউনিস্ট দল।

ভারত ২০০৯-২০১৫ পর্যন্ত সম্ভব সবরকমভাবে সর্বোচ্চ বাধা তৈরি করে গিয়েছিল, যাতে নেপালে কোনো ‘রিপাবলিক কনস্টিটিউশনাল রাষ্ট্র’ পুনঃগঠিত হতে না পারে। কিন্তু তা ততধিক খারাপভাবেই কেবল ব্যর্থ হয়নি; দেশটি এক চরম ভারতবিরোধী নেপালে পরিণত হয়। ফলে ২০১৫ সালের সেপ্টেম্বরে নেপালের নয়া কনস্টিটিউশনের ‘প্রোক্লেমেশন’ বা ঘোষণা সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই শেষ! এর পরের নেপাল গত দশ বছরে এ তিন দলেরই দুর্নীতি আর স্বজনপ্রীতির দেশ ও সরকারে পরিণত হয়। আর সেটারই পরিণতি আমরা দেখছি এবারের নেপালের তরুণদের গণ-উত্থান!

আমি মনে করি, মাত্র দশ বছরেই এমন পরিণতি হওয়ার পেছনের প্রধান কারণ নেপালের রাজনীতিতে প্রকাশিত কমিউনিস্ট আধিপত্য। মনে রাখতে হবে, নেপালে রাজতন্ত্রের বিকল্প হিসাবে রিপাবলিক নেপাল গড়ার প্রধান কারিগর হলেন দাহাল প্রচন্ড, এবং সাথে আছেন মূলত তার বিদেশি ইতিবাচক সাপোর্টিংয়ের একাডেমিক বন্ধুরা।

এতে অনেকের মনে হতে পারে, এটা ভালোই তো হয়েছে। সেটা হয়তো। কিন্তু এর স্ববিরোধটা আমাদের খেয়াল করতে হবে। সেটা হলো, একদিকে দাহাল মৌলিকভাবে মাওবাদী কমিউনিস্ট। তাহলে তিনি নিজ ‘শ্রেণির রাষ্ট্রচিন্তা’ ফেলে এক ‘রিপাবলিক রাষ্ট্র’ গড়ার ভক্ত হন কেমন করে? অনেকেই হয়তো এদিকটা খেয়াল করেননি। মনে রাখতে হবে, মার্কস বা লেনিনের ‘শ্রেণির রাষ্ট্রচিন্তায়’ জনগণ বলে কোনো ধারণা নেই; কোনো চিহ্ন পর্যন্ত নেই!

জনগণ শব্দটা ইংরেজি ‘পাবলিক’ শব্দের বাংলা। যদিও ‘পিউপল’ শব্দের অন্তর্ভুক্তি মার্কস বা লেনিনের নয়; এটি বরং চীনা মাওয়ের। মাও মোটা দাগে স্টালিনিস্ট (মানে মার্কস বা লেনিন রপ্তকারী স্টালিন) হলেও ট্রাডিশনাল ‘শ্রেণির রাষ্ট্রচিন্তা’ থেকে কিছুটা বের হয়ে জনগণ ধারণার দিকে নিজ আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু সব ক্ষেত্রে নয়। শেষ বিচারে মাও-ও ‘শ্রেণি’ না ‘পাবলিক’-কার পক্ষ নেবেন, সে ফয়সালা করতে পারেননি! আবার বলা যায়, পারেননি বলেই চীন এখনো ‘শ্রেণিবোধের কমিউনিস্ট পার্টির নেতৃত্বের’ চীন হয়েই আছে! পাবলিকের রাষ্ট্র (মানে রিপাবলিক রাষ্ট্র) ধারণার ‘মর্ম উপলব্ধ কোনো চীন’ হতে পারেনি, এখনো।

আসলে শ্রেণি আর পাবলিক ধারণার পার্থক্যটা কোথায়

রাষ্ট্র মানে মূলত নাকি কোনো না কোনো একটা শ্রেণির রাষ্ট্র; এ কথা বলে মার্কস থেমে গিয়েছিলেন। লেনিন সেটাকে আরও চরমে নিয়ে বলেছেন, রাষ্ট্র মানে মূলত কোনো না কোনো শ্রেণির একনায়কতান্ত্রিক রাষ্ট্র। লেনিনের যুক্ত করা বাড়তি শব্দটা হলো একনায়কতান্ত্রিক; যা মার্কসের বলা অন্তর্নিহিত অর্থটাকে সামনে নিয়ে এসে বলা। কিন্তু সেটা যাই হোক, মার্কস বা লেনিন কারও ধারণাই ‘পাবলিক’ ধারণাটাকে আপন করে নেয় না।

পাবলিক মানে হলো দেশের ‘এনিবডি’ ও নাগরিক; এবং তাদের কমন স্বার্থ।

তুলনায় মার্কসের কাছে ‘জনগণ’ বলে কোনো ধারণা-ই নেই। সবই একটা শ্রেণির বিরুদ্ধে অপর একটা শ্রেণি ধারণা। এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ দিকটা হলো, জনগণ বা পাবলিক ধারণাটা এক রাজনৈতিক ধারণা। রাজনৈতিক ধারণা মানে? মানে হলো, এটা অধিকারের ধারণা; যা মার্কসের অভিধানে নেই। পাবলিক শব্দটা যেমন নাগরিক মাত্রই এবং দেশের সবার ন্যূনতম ও কমন এবং সমান অধিকারের ধারণা; এর বিপরীতে শ্রেণি ধারণায় সমাজের কেবল একটা শ্রেণি এবং কেবল তার আধিপত্যের পক্ষে সব সাফাই দেওয়া; সেটা এমনকি তাকে একনায়ক বানানো পর্যন্ত!

মনে রাখতে হবে, এর সুবিধা নিয়েই আমাদের দেশে ‘চেতনা ব্যবসা’ হাসিনা এত জাঁকজমক করে নিয়েছিলেন-নিজেকে মুক্তিযোদ্ধা শ্রেণির নেতা বলে ঘোষণা দিয়ে। এতে তিনি বিশেষ ক্ষমতাবান শ্রেণির ক্ষমতার রাষ্ট্রনায়ক দাবি করতেন, যারা যাকেই তার বিপরীত শ্রেণি (রাজাকার শ্রেণি) বলে ট্যাগ, লেবেল বা ঘোষণা করে দিতেন, তার আর কোনো নাগরিক অধিকার থাকত না, নাই হয়ে যেত। ফলে তাকে গুম, আয়নাঘর বা গুলি করা জায়েজ হয়ে যেত। এই হলো নাগরিক অধিকারের বিপরীতে শ্রেণিচিন্তার ব্যবহারিক তাণ্ডব এবং পরিণতি।

তাহলে এবার প্রাসঙ্গিক করে বলি। নেপালের মাওবাদী দাহাল প্রচন্ড রিপাবলিক নেপাল গড়লেও তিনি তো আসলে কমিউনিস্ট, শ্রেণিচিন্তার কমিউনিস্ট। ফলে ‘পাবলিক’ ধারণায় কোনো নাগরিক অধিকার ধারণার নেতা তিনি নন! আসলে মৌলিকভাবে ‘রিপাবলিক’ ধারণার নেতাই তিনি নন। তাহলে ‘রিপাবলিক’ ধারণার আবার আলাদা বৈশিষ্ট্য কী? রিপাবলিক বুঝতে গেলে ‘রাজতন্ত্র’ বুঝতে হবে। কারণ রাজতন্ত্র উপড়ে ফেলা, এর বিকল্প নতুন ও এর বিপরীত শাসনব্যবস্থার চিন্তা থেকেই রিপাবলিক (প্রজাতন্ত্র) ধারণার উৎপত্তি। রাজার বিপরীতে শাসন ক্ষমতার উৎস কী হবে? শাসককে ক্ষমতা কে দেবে? এরই জবাব হলো জনগণ বা পাবলিক দেবে। পাবলিক সব ক্ষমতার উৎস। তাই পাবলিকের প্রতিনিধি মানে জনপ্রতিনিধি রাষ্ট্রশাসন করবে। তাই রাজা, সম্রাট, আমির, বাদশার বিপরীতে কোনো ‘নির্বাচিত জনপ্রতিনিধিই’ কেবল রাষ্ট্রশাসন করবে। এ নির্বাচিত জনপ্রতিনিধির (কোনো শ্রেণির প্রতিনিধি নয়) শাসন সিস্টেমই হলো রিপাবলিক রাষ্ট্র!

আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, কমিউনিস্ট চিন্তা মাত্রই আইডিয়াল। মানে হওয়া ‘উচিত’ অর্থে ধারণা। বাস্তবে বাস্তবায়িত করে দেখানোর ধারণা নয়! কমিউনিস্ট প্র্যাকটিসটাই এমন যে, সেটা আসলে কমিউনিস্ট হিসাবে ‘কী হওয়া উচিত’-এরই বয়ান। মানে এটা বাস্তবে বাস্তবায়িত করে দেখানো, কতটা হয়েছে, হওয়া সম্ভব সেই ধারণা নয়। আর এ কারণের দাহাল প্রচন্ডরা দশ বছরের ব্যবহারিক শাসন ক্ষমতার মধ্যেই একেবারে ব্যর্থ শুধু নয়, চরমভাবে তরুণদের চাহিদা আর হাহাকার থেকেই বিচ্ছিন্ন!

এর সঙ্গে রয়েছে দুর্নীতি আর স্বজনপ্রীতিতে ডুবে যাওয়া। আর এখান থেকেই এককালে রাজনীতিবিদদের দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন দেখানো সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তরুণদের প্রধান চয়েজ, তিনি নির্বাহী প্রধানের ক্ষমতায় শপথ নিয়েছেন। আর সেই সঙ্গে প্রধান তিন দলের ছয় সিনিয়র নেতাকে রাজনীতি থেকে অবসরের প্রস্তাবের বাস্তবায়ন চলছে : ‘আমরা ছয়জন সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি যৌথ বিবৃতি পাওয়ার জন্য কাজ করছি, যাতে তাদের অবসর নেওয়ার এবং দেশকে নতুন নেতৃত্বের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়।’

তরুণদের এ আপসটা বাস্তবোচিত। কারণ, প্রধান তিনটি দলকেই উচ্ছেদ করে দিলে নতুন রাজনীতির সাময়িক নেতা কে হবে? নয়া নেতা গড়ে উঠতে তো সময় লাগবে! আর এর সঙ্গে দুর্নীতি আর স্বজনপ্রীতি বোঝার জন্য ‘নেপো-কিডস’ নিয়ে এক অনুবাদ রিপোর্ট যুগান্তরেই ছাপা হয়েছে; পাঠককে সেটা পাঠ করার অনুরোধ করব!

গৌতম দাস : রাজনৈতিক বিশ্লেষক

Advertisement

নেপাল নেপালে জেন জি বিক্ষোভ

Advertisement

ঘটনাপ্রবাহ: নেপালে জেন জি বিক্ষোভ


আরও পড়ুন

আরও পড়ুন

ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কোন পথে

ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কোন পথে

নিউইয়র্কের চিঠি তবুও থেমে নেই ট্রাম্পের অভিবাসী বিতাড়ন

তবুও থেমে নেই ট্রাম্পের অভিবাসী বিতাড়ন

ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম কেন ধর্মীয় যুদ্ধ নয়

ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম কেন ধর্মীয় যুদ্ধ নয়

রাষ্ট্রের কাছে চাই, রাষ্ট্রকে কী দিই?

রাষ্ট্রের কাছে চাই, রাষ্ট্রকে কী দিই?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম