Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

আওয়ামী লীগ মোকাবিলা : যে দেবতা যে ফুলে তুষ্ট

Icon

মোবায়েদুর রহমান

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ মোকাবিলা : যে দেবতা যে ফুলে তুষ্ট

Advertisement

যদিও আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষিত হয়েছে, তা সত্ত্বেও রাজনৈতিক অঙ্গন স্বচ্ছ মনে হচ্ছে না। কোথায় যেন একটি অনিশ্চয়তার ছায়া দেখা যাচ্ছে। ডাকসু ও জাকসু নির্বাচনের পর রাকসু ও চাকসুর নির্বাচন ধার্য করা হয়েছিল যথাক্রমে ২৫ সেপ্টেম্বর ও ১২ অক্টোবর। অথচ শেষ মুহূর্তে এ দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনই পিছিয়ে দেওয়া হয়েছে। দুটি বিশ্ববিদ্যালয়েই এখন নির্বাচন হবে মধ্য অক্টোবরে। নির্বাচন পেছানো নিয়ে স্বাভাবিকভাবেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল অর্থাৎ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছে।

নিউইয়র্কে আখতার ও তাসনিম জারার ওপর আওয়ামী হামলা : ওইদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য ড. ইউনূস ছয়জন রাজনৈতিক নেতাকে তার সফরসঙ্গী করেছিলেন। নিউইয়র্কে জেএফকে অর্থাৎ জনএফ কেনেডি বিমানবন্দরে (এটি সাধারণত কেনেডি বিমানবন্দর নামেই পরিচিত) আওয়ামী লীগের গুন্ডা-পান্ডারা রাজনৈতিক নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। আরেকদিকে ভারতের একটি অখ্যাত নিউজ পোর্টালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার বলে কথিত একটি নিউজ আইটেম নিয়ে দেশে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ কলাম লেখার সময় জানা গেল, রাজধানীর উত্তরা, ফার্মগেট, তেজগাঁও ইত্যাদি এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। এ ঝটিকা মিছিল থেকে এবং মিছিলের পর ২৪৪ আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য মোতাবেক আটক ব্যক্তিরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছিলেন। ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, বুধবার ঢাকায় যে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। নজরুল ইসলাম আরও বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা করেছিল। অন্যদিকে একটি বাংলা সহযোগী বুধবার অপরাহ্নে তার অনলাইন সংস্করণে যে খবর প্রকাশ করেছে, তার শিরোনাম, ‘হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ছয় মামলার রায় নভেম্বরে : দুদক চেয়ারম্যান’। যদি এ খবরটি সঠিক হয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যায়, অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে এ রায় যাতে বন্ধ করা যায়, তার জন্য আওয়ামী লীগ মরিয়া হয়ে চেষ্টা করবে।

এমনিতেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এবং ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার জন্য গত ২ মাস ধরে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ঝটিকা মিছিল করছে। এখন তাদের মিছিলের আগে বা পরে ককটেল ফোটানোর খবরও দেখা যাচ্ছে। শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যদি আদালত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের রায় দেন, তাহলে আওয়ামী লীগের যারা গোলমাল সৃষ্টির অপচেষ্টা করছে, তারা নিরুৎসাহিত হয়ে যাবে। 

এসব খবরের সঙ্গে যুক্ত হয়েছে এনায়েত করিম নামক এক ব্যক্তির নাম। তার সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকা যেসব খবর দিচ্ছে, সেগুলো তার সঠিক পরিচয় প্রকাশ করছে বলে মনে হয় না। তার যে সঠিক পরিচয় এবং তৎপরতা তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রত্যক্ষ সংযোগ রয়েছে বলে ধারণা করা যায়। ২৪ সেপ্টেম্বর আরেকটি খবরে প্রকাশ, ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ড দখলে নিতে হামলা চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার সহযোগী আনন্দ শুভ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

আমরা এখন একটি একটি করে এসব খবর সংক্ষেপে আলোচনা করব। প্রথমে রাকসু ও চাকুস নির্বাচন পিছিয়ে দেওয়ার খবর।

২.

দৈনিক যুগান্তর ২৪ সেপ্টেম্বর প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় প্রধান যে সংবাদটি প্রকাশ করেছে, তার শিরোনাম ‘হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন’। এ খবরের ইনসেটে যা বলা হয়েছে, তার শিরোনাম হলো, ‘নতুন তারিখেও রাকসু নির্বাচন নিয়ে সংশয়/উপাচার্যের অনুপস্থিতিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ৬২ সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নেয় কমিটি/কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থিরা, এ কর্মসূচি থেকে সরে গেছেন জামায়াতপন্থিরা।’ নানা অজুহাতে এ পর্যন্ত তিনবার নির্বাচন পেছানো হয়েছে। প্রথমে ১৫ সেপ্টেম্বর, এরপর ২৮ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। এখন তা পিছিয়ে ১৬ অক্টোবর নেওয়া হয়েছে। সূত্রগুলো জানায়, প্রথম তফশিলে ১৫ সেপ্টেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওই সময় নির্বাচনি প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় চায় ছাত্রদল। ছাত্র অধিকার পরিষদ ও বামপন্থি সংগঠনগুলো হল থেকে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন এবং ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের দাবি জানায়। তাদের ওই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৮ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে। ২৯ সেপ্টেম্বর থেকে পূজার বন্ধ শুরু হওয়ার তারিখ থাকায় শিক্ষার্থীরা ভোট এগিয়ে আনার দাবি জানান। ওইদিনই ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। এরই মধ্যে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে। এতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন কর্মসূচি ঘোষণা এবং অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে যাওয়ায় আবারও ভোটের তারিখ পেছানোর দাবি জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি সংগঠন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মো. সেতাউর রহমান বলেন, কোনো না কোনো দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখে নির্বাচন নিয়ে এখনো সংশয় দেখছি না। তবে ছুটি শেষ হওয়ার পর ক্যাম্পাস খুললে তখন পরিস্থিতি বোঝা যাবে।

চাকসুর নির্বাচনও তিন দিন পেছানো হয়েছে। এটি একটি কমন নলেজ যে, নির্বাচনে যাদের পরাজিত হওয়ার আশঙ্কা থাকে, তারাই সাধারণত নির্বাচন পেছাতে চায়। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের কেসটি দেখুন। বিএনপি ধারণা করে যে, তারা আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে, তাই তারা জুলাই বিপ্লবের পর থেকেই নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছে। পক্ষান্তরে জামায়াত এবং এনসিপি এখনো মনে করে না যে, এবারের নির্বাচনে তারাই মেজরিটি পাবে। তাই তারা নির্বাচন পেছানোর দাবি করে। রাকসু এবং জাকসুতেও ছাত্রদল এবং বামপন্থিরা নির্বাচন পেছানোর দাবি করছে। পক্ষান্তরে শিবির নির্বাচন পেছানোর বিরোধিতা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন পালিত হচ্ছে এবং প্রধানত যে কারণে নির্বাচন পেছানো হয়েছে, সেটির নেতৃত্বে আছে বিএনপিপন্থি শিক্ষকরা। এসব ব্যাপারে আমরা একটি নিরপেক্ষ অবস্থানে থাকতে চাই। তবে রাজনীতিতে নির্বাচন পেছানোর ঘটনা পরবর্তীকালে আরও অঘটনের জন্ম দিতে পারে।

৩.

নিউইয়র্কে ড. ইউনূসের সফরসঙ্গীদের ওপর আওয়ামী লীগের হামলা আমার কাছে বড়ই তাজ্জবের বিষয় মনে হয়েছে। আমি গ্রিনকার্ড নিয়ে সপরিবারে কিছুদিন আমেরিকায় ছিলাম। আমি সেট্ল্ করেছিলাম নিউইয়র্কে। বেশ কিছুদিন থাকার ফলে আমি পরিষ্কার দেখেছিলাম, আওয়ামী লীগ আমেরিকায়, বিশেষ করে নিউইয়র্কে সাংগঠনিকভাবে এবং জনসমর্থনের দিক দিয়ে অনেক দুর্বল। জনসমর্থন অতীতেও বিএনপির পক্ষে ছিল, আজও আছে। জামায়াতের জনসমর্থন বিএনপির তুলনায় অনেক কম হলেও সাংগঠনিকভাবে তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং মজবুত।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলা সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকায় যেসব খবর প্রকাশিত হয়েছে, তার প্রায় সবই আমি পড়লাম। আওয়ামী লীগের গুন্ডামি এবং রুচি-বিকৃতির খবর সবাই জানেন। কিন্তু নিউইয়র্কে সেটি সীমা ছাড়িয়ে গেছে। দৈনিক সমকালে এ সম্পর্কে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত রিপোর্টের এক স্থানে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে (ইউনূসের রাজনৈতিক সফরসঙ্গী) স্লোগান দেওয়ার পাশাপাশি নারী রাজনীতিবিদকে ধর্ষণের হুমকিসহ তুমুল গালাগাল করেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।’

এ ঘটনাটির প্রকৃত তথ্য জানার জন্য আমি আমার পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি। তারা জানান, কেনেডি বিমানবন্দর থেকে বেরিয়ে যেদিক দিয়ে রাজনৈতিক নেতারা যাচ্ছিলেন, সেই গেটের একধারে ছিল আওয়ামী লীগের লোক। অন্যধারে বিএনপি ও জামায়াতের লোক। বিএনপি সমর্থকদের উপস্থিতি ছিল হাজারে হাজারে। জামায়াতের সমর্থকদের উপস্থিতি ছিল কয়েক শত। আওয়ামী লীগের উপস্থিতি ১শতও ছিল না। এনসিপির কোনো সমর্থক ছিল বলে কেউ বলেননি।

যখন আওয়ামী লীগ গুন্ডামি শুরু করে, তখন মুহূর্তের মধ্যে অন্তত শ’খানেক জামায়াত ও শিবিরের কর্মী তাদের নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের চারদিকে প্রটেক্টিভ বেষ্টনী সৃষ্টি করে তাকে নিরাপদে এবং সসম্মানে গাড়িতে তুলে দেয়। দৈনিক আমার দেশের রিপোর্ট মোতাবেক বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা মির্জা ফখরুলকে প্রটেকশন দেওয়ার পরিবর্তে এদিক-ওদিক ঘোরাফেরা করছিলেন। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল, এনসিপির আখতার ও তাসনিম জারাকে একা পেয়ে আওয়ামী লীগ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা আমাকে বলেন, বিএনপি যদি সেদিন ঘুরে দাঁড়াত, তাহলে আওয়ামী পান্ডারা মার খেয়ে তক্তা হয়ে যেত।

আমি বুঝতে পারি না, শেখ হাসিনার ১৫ বছরে সারা দেশই বলতে গেলে বিএনপির সমর্থক ছিল। এ ১৫ বছর ধরে বিএনপি শুধু মারই খেয়েছে। একবারও ঘুরে দাঁড়ানোর হিম্মত তাদের হয়নি। ২০২৩ সালের ২৮ অক্টোরব ১৫ লাখ লোকের জনসভা মাত্র কয়েকশত পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। তখন বক্তৃতা করছিলেন মির্জা ফখরুল। যদি তিনি লাখ লাখ জনতাকে ঘুরে দাঁড়ানোর নির্দেশ দিতেন, তাহলে সেদিনই বিএনপির নেতৃত্বে দেশে বিপ্লব ঘটত। মাত্র ২৫/৩০ জন আওয়ামী পান্ডা অপকাণ্ড করল আর বিএনপির হাজার হাজার সমর্থক চেয়ে চেয়ে দেখলেন।

এখানে একটি কথা। ঢাকার আদালতে আটক আওয়ামী নেতাদের কাঠগড়ায় তোলার আগে তাদের প্রতি ক্ষুব্ধ জনতা ঢিল ছুড়লে সেটা হয়ে যায় মবক্র্যাসি। ঢাকার কয়েকজন মুখচেনা ‘সুশীল’ এ মবের বিরুদ্ধে গলা সপ্তমে চড়িয়ে চিৎকার করেন। কিন্তু নিউইয়র্কে আখতারের পিঠে দুটি ডিম মারা এবং তাসনিম জারার মতো উচ্চশিক্ষিত মার্জিত মহিলাকে নিয়ে বস্তির লোকদের মতো কুৎসিত উক্তি করলে সেটি মবক্র্যাসি হয় না। ওই সুশীলরা তখন মুখে টোনা মেরে খামোশ থাকেন। হায় প্রগতিবাদ! হায় সুশীল!

৪.

এবার এনায়েত করিম প্রসঙ্গ। কে এ এনায়েত করিম? বাংলাদেশের গণমাধ্যমে তাকে নিয়ে এক ধরনের লুকোচুরি খেলা দেখতে পাচ্ছি। তাকে প্রতারক বলে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ তাকে নিয়ে মার্কিন দূতাবাসের লোকজন বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিসারদের সঙ্গে কথা বলেছেন। কী কথা বলেছেন তারা? তার সম্পর্কে এ মর্মে রিপোর্ট বেরিয়েছে, তিনি একটি রাজনৈতিক দলকে ৫০ লাখ টাকা দিয়েছেন। আরও ৫০ লাখ টাকা দিয়েছেন আরেকটি দলকে। কোনো চাঁদাবাজ কি ১ কোটি টাকা কোনো পলিটিক্যাল পার্টিকে চাঁদা দেয়? তাহলে সে নিজে কী পেল? কার কাছ থেকে পেল? কত টাকা পেল?

পত্রিকা বিশেষে খবর বেরিয়েছে, রিমান্ডে এনায়েত করিম নাকি অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পত্রিকাতেই তো বেরিয়েছে, এনায়েত করিমকে বিমানবন্দরে আনতে যান পুলিশের এক ডিআইজি। একজন প্রতারককে ডিআইজি রিসিভ করবেন, সেটা বিশ্বাস করা যায় কীভাবে? তিনি নাকি বাংলাদেশের ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম করেছেন। এদের সঙ্গে নাকি সরকার উৎখাতের কথাবার্তাও তিনি বলেছেন। আরও অনেক চাঞ্চল্যকর তথ্য আছে। কেউ বলছেন, তিনি সিআইএ এজেন্ট। কেউ বলছেন, তিনি ভারতীয় ‘র’-এর এজেন্ট। আবার কেউ বলছেন, তিনি ডাবল ক্রস। আসলে তিনি কে? কী তার পরিচয়? পুলিশ এ সম্পর্কে দেশবাসীকে সঠিক তথ্য জানাবেন বলে জনগণ আশা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি ভারতের একটি অখ্যাত নিউজ পোর্টালে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি সিরিয়াস এবং বিস্তারিত আলোচনার দাবি রাখে। সংক্ষেপে দুই-চার লাইন লিখলে বিষয়টির ওপর জাস্টিস করা হবে না। তাই পরবর্তীকালে মির্জা ফখরুল তথা বিএনপির সামগ্রিক রাজনীতি নিয়ে লেখার ইচ্ছা রইল।

কথায় বলে, যে দেবতা যে ফুলে তুষ্ট। আরও বলা হয়, যেমন কুকুর তেমন মুগুর। আওয়ামী লীগ বোঝে গুন্ডামির ভাষা। সেই ভাষাতেই তাদের রুখে দাঁড়াতে হবে। এজন্য এ মুহূর্তে জুলাই বিপ্লবীদের এক কাতারে দাঁড়াতে হবে।

মোবায়েদুর রহমান : সিনিয়র সাংবাদিক

[email protected]

Advertisement

আওয়ামী লীগ ত্রয়োদশ সংসদ নির্বাচন

Advertisement

আরও পড়ুন

ক্ষুধার ঋতু, অনিশ্চয়তার দেশ

ক্ষুধার ঋতু, অনিশ্চয়তার দেশ

মাতারবাড়ী বন্দর : গভীরতার হিসাব ও সার্বভৌমত্বের প্রশ্ন

মাতারবাড়ী বন্দর : গভীরতার হিসাব ও সার্বভৌমত্বের প্রশ্ন

তরুণদের হারানোর আগে সমাজকে জাগতে হবে

তরুণদের হারানোর আগে সমাজকে জাগতে হবে

হালফিল বয়ান পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম