Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

হালফিল বয়ান

পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

Icon

ড. মাহফুজ পারভেজ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

Advertisement

‘আন্তর্জাতিক রাজনীতি, সব রাজনীতির মতোই, ক্ষমতার জন্য সংগ্রাম।’ স্নায়ুযুদ্ধের সূচনালগ্নে শিকাগোর নিজের ডেস্ক থেকে হ্যান্স মর্গেনথাউ এ বাক্যটি লিখেছিলেন। তার ‘পলিটিক্স অ্যামং নেশন্স’ গ্রন্থটি দ্রুত আমেরিকার সবচেয়ে বহুল পঠিত আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্যবই হয়ে ওঠে এবং প্রজন্মের পর প্রজন্মের পণ্ডিত ও নীতিনির্ধারকদের জন্য বাস্তববাদ বা রিয়ালিজমের বৌদ্ধিক কাঠামো তৈরি করে। মর্গেনথাউয়ের তত্ত্ব বাংলাদেশের জন্যও প্রাসঙ্গিক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান স্বার্থ হলো আঞ্চলিক স্থিতিশীলতা, সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং সব প্রতিবেশী ও প্রধান শক্তির সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা।

বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল ভিত্তি, যেখানে সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি দৃঢ়ভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে; কিন্তু কাগজে-কলমে ঘোষণা আর বাস্তব কূটনৈতিক চালনা-এ দুইয়ের মধ্যে রয়েছে বিরাট ফারাক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রতিটি প্রধান দিক, বিশেষত পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্ব, চীন, পাকিস্তান, ভারত এবং জাতীয় নিরাপত্তা, রোহিঙ্গা ও পার্বত্য চট্টগ্রামের মতো অভ্যন্তরীণ সংকটগুলো নিয়ে পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ সুস্পষ্টভাবে নিরূপিত হওয়া দরকার।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে জটিল ও সংবেদনশীল পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগ আমলে ভারত তার দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো বাজি শেখ হাসিনার ওপরই ধরেছিল। ২০২৪ সালের আগস্টে হাসিনার পতনের পর সেই বাজি ফাটে। নতুন সরকারের পররাষ্ট্রনীতি ‘আত্মসমর্পণমূলক কূটনীতির যুগের অবসান’ ঘটায়। ভারতের সঙ্গে সম্পর্কের প্রধান সমস্যা এখন হাসিনা ইস্যু। দিল্লিতে তার উপস্থিতি এবং সেখান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তার মন্তব্য সম্পর্ককে টানাপোড়েনে ফেলছে। ঢাকা প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে, কিন্তু দিল্লি তাকে ফেরত দিতে রাজি নয়-কারণ ফেরত দিলে সম্ভাব্য মৃত্যুদণ্ডের মুখে পড়বেন তাদের দীর্ঘদিনের মিত্র।

ভারতের সঙ্গে দ্বিতীয় বড় ইস্যু পানি। ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে, অথচ পুনর্নবীকরণের আলোচনা এখনো অনিশ্চিত। তিস্তার প্রশ্নও অমীমাংসিত। পানি কেবল কূটনৈতিক ইস্যু নয়-এটি বাংলাদেশের কৃষি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তার মূলভিত্তি। তৃতীয়ত, সীমান্ত হত্যা ও ‘পুশইন’ এখনো বন্ধ হয়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তাই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আগে এসব ইস্যুর ন্যায়সংগত সুরাহা প্রয়োজন। বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সম্পর্ককে ‘শত্রুতা’ বা ‘আত্মসমর্পণ’-এ দুই চরমের বাইরে বেরিয়ে আসতে হবে। সম্পর্কের ভিত্তি হতে হবে জাতীয় স্বার্থ, আবেগ নয়।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অর্থনৈতিকভাবে সবচেয়ে ঘনিষ্ঠ। চীন ১৬ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং ২০২৫ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২৪.১৪ বিলিয়ন ডলার-যা ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের (১৩.৪৯ বিলিয়ন ডলার) প্রায় দ্বিগুণ। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে চীন স্পষ্ট করে দেয়-তারা বাংলাদেশের ‘সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার’ হতে চায় এবং বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে বেল্ট অ্যান্ড রোডের সমন্বয় ঘটাতে চায়।

চীনের কৌশলগত বার্তাও স্পষ্ট। সে মতে, দক্ষিণ এশিয়ায় চীন নিজের অবস্থান দৃঢ় করছে। তাছাড়া বাংলাদেশ তাইওয়ান প্রশ্নে চীনের অবস্থানকে সমর্থন জানিয়েছে-এক-চীন নীতি এবং ইউএনজিএ রেজল্যুশন ২৭৫৮-এর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

চীন বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের ভিত্তিতে অগ্রসর হওয়াই বাস্তবসম্মত। বিশেষ করে ভারত-চীন প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশকে নিজের জাতীয় স্বার্থের আলোকে সিদ্ধান্ত ও অবস্থান গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অর্থনৈতিকভাবে নতুন মোড় নিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যেখানে বাংলাদেশ মার্কিন পণ্যের জন্য বাজার খুলে দিয়েছে, বিনিময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানিতে শুল্ক সুবিধা দিয়েছে। বাংলাদেশ প্রায় ৩.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কেনার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করেছেন-এ চুক্তির সাফল্যনির্ভর করবে বাংলাদেশের স্বচ্ছ ক্রয়, সময়মতো দাম পরিশোধ, পূর্বানুমানযোগ্য নিয়মকানুন এবং শ্রম-অধিকার সুরক্ষার ওপর।

কিন্তু পশ্চিমের সঙ্গে সম্পর্ক কেবল বাণিজ্য নয়। মূল্যবোধ, মানবাধিকার, শ্রমঅধিকার এবং সুশাসনের প্রশ্নগুলোও আসে। ট্রাম্প প্রশাসনের আমলে মানবাধিকার ইস্যুতে মার্কিন চাপ কিছুটা কমলেও ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য এখনো এসব বিষয়ে সোচ্চার। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরার সফর এবং প্রত্যাবাসনের দাবি-এসব দেখায় পশ্চিমা দেশগুলো এখনো মানবিক ইস্যুতে বাংলাদেশের ওপর চাপ রাখতে চায়। তাই বাংলাদেশের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হলো-অর্থনৈতিকভাবে পশ্চিমের বাজার ও বিনিয়োগ ধরে রাখা, কিন্তু রাজনৈতিকভাবে তাদের মূল্যবোধের চাপকে বাধ্যবাধকতায় পরিণত না করা।

মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওআইসি সদস্যরা বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রার্থিতাকে সর্বাত্মক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যে সমর্থন ছিল ‘সম্পূর্ণ ও দ্ব্যর্থহীন’ এবং মুসলিমবিশ্বে বাংলাদেশের মজবুত কূটনৈতিক অবস্থানের পরিচায়ক। তবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের স্বার্থ আরও বিস্তৃত। প্রায় আট মিলিয়ন বাংলাদেশি শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন এবং তাদের নিরাপত্তা, কল্যাণ ও রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। তাই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এবং বাংলাদেশ শান্তিরক্ষায় যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার মানসিকতা পোষণ করে।

তুরস্কের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৬ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকে প্রতিরক্ষা শিল্প, জ্বালানি, বিমান চলাচল এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের প্রস্তাবও উঠেছে, যেখানে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে, মুসলিমবিশ্বের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্য কেবল ঐক্যের প্রশ্ন নয় : শ্রমশক্তি, রেমিট্যান্স এবং কৌশলগত সহযোগিতারও প্রশ্ন।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে আবেগ, স্মৃতি ও রাজনৈতিক টানাপোড়েনের ছায়ায় ছিল; কিন্তু ২০২৬ সালে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। জানুয়ারিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার টেলিফোন আলোচনায় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি নিয়ে আলোচনা হয়। অক্টোবরে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে ক্রীড়া সরঞ্জাম উৎপাদন, চিকিৎসা সহযোগিতা (বিনামূল্যে লিভার ট্রান্সপ্লান্ট) এবং প্রশিক্ষণ বিনিময়ের প্রস্তাব দেন। ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ১৪ বছর পর চালু হয়েছে। পাকিস্তান শিক্ষাখাতে বাংলাদেশের জন্য বৃত্তি বরাদ্দ করেছে। ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে, বিশেষত বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায়।

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের পাশাপাশি বাংলাদেশকে জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ সংকট ও বাহ্যিক চাপের বিষয়গুলোকেও সামাল দিতে হবে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রধান হুমকি রাজনৈতিক অস্থিরতা, মাদক পাচার এবং সীমান্ত নিরাপত্তা-এসবই রাষ্ট্রের সক্ষমতার ওপর চাপ ফেলছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরলেও সহিংসতা এবং নাশকতার অবসান হয়নি।

সীমান্ত নিরাপত্তায় মিয়ানমারের পরিস্থিতি গুরুত্বপূর্ণ। রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা সংকট বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করছে। বাংলাদেশের সেনাবাহিনী ও বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু কেবল সামরিক উপস্থিতি দিয়ে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে না। প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক।

রোহিঙ্গা সংকট একদিকে মানবিক দায়, অন্যদিকে কৌশলগত বাস্তবতা, যা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে জটিল ও দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। কারণ, দীর্ঘস্থায়ী এ সংকট বাংলাদেশের আর্থসামাজিক-রাজনৈতিক ও পরিবেশগত সম্পদের ওপর প্রচণ্ড চাপ ফেলছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করছে। কিন্তু বাস্তবতা হলো-মিয়ানমারে পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূল নয়। রাখাইনে সংঘাত চলছে। সেখানে আরাকান আর্মি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এবং মিয়ানমারের সামরিক জান্তা নাগরিকত্বের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের কৌশল হওয়া উচিত আন্তর্জাতিক চাপ বজায় রাখা, রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের শর্তগুলো স্পষ্ট করা। কেবল ‘প্রত্যাবাসন’ শব্দ উচ্চারণ করলে সমস্যার সমাধান হবে না। এজন্য প্রয়োজন কংক্রিট কূটনৈতিক উদ্যোগ, কৌশলপূর্ণ পরিকল্পনা ও কর্মপন্থা গ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত চাপ।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের এপ্রিলে জাতিসংঘের স্থায়ী ফোরামে বাংলাদেশ সরকার জানিয়েছে ১৯৯৭ সালের শান্তিচুক্তির ৭২টি ধারার মধ্যে ৬৫টি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে, ৩টি আংশিকভাবে এবং ৪টি এখনো বাস্তবায়নের অধীনে। সরকার জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়াতে একজন বিশেষ সহকারী (রাষ্ট্রমন্ত্রীর মর্যাদাসম্পন্ন) নিয়োগ করেছে এবং ভূমি বিরোধ নিষ্পত্তি, পরিবেশগত ভারসাম্য এবং আঞ্চলিক উন্নয়নে পদক্ষেপ নিয়েছে; কিন্তু বাস্তবতা হলো-পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা, সামরিক উপস্থিতি এবং স্থানীয় অংশগ্রহণ নিয়ে অসন্তোষ এখনো রয়েছে। ফলে শান্তিচুক্তির কাগজে-কলমে বাস্তবায়ন আর মাটিতে শান্তি প্রতিষ্ঠা-এক জিনিস নয়। প্রয়োজন স্থানীয় জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পরিসর বৃদ্ধির মাধ্যমে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ধারাগুলো শান্তিচুক্তিতে সংযুক্তকরণ।

একটি দেশের প্রকৃত ক্ষমতা কেবল রাজনৈতিক শক্তি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়। দেশের নেতৃত্ব, প্রতিষ্ঠান ও পদ্ধতির নির্ভরযোগ্যতা, নীতির পূর্বানুমানযোগ্যতা এবং নাগরিকদের প্রতি দায়বদ্ধতা। এসব ভিত্তি শক্ত হলেই বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব রক্ষা করে পররাষ্ট্রনীতিকে কৌশল ও ভারসাম্যের পথে এগিয়ে নিতে পারবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈশ্বিক পরিসরে সব পক্ষের সঙ্গে ভারসাম্য রক্ষা করা, একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভর না করা এবং নিজের কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করা।

প্রফেসর ড. মাহফুজ পারভেজ : চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি গুজেলকিলিঞ্চের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি গুজেলকিলিঞ্চের দায়িত্ব গ্রহণ

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

আরও পড়ুন

হালফিল বয়ান পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

স্বপ্নের পথে অনিয়ম, দেশের মর্যাদা ও রাষ্ট্রের দায়

স্বপ্নের পথে অনিয়ম, দেশের মর্যাদা ও রাষ্ট্রের দায়

সেবাদানকারী প্রতিষ্ঠানে স্যানিটেশন : বাস্তবতা ও প্রত্যাশা

সেবাদানকারী প্রতিষ্ঠানে স্যানিটেশন : বাস্তবতা ও প্রত্যাশা

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম