সেবাদানকারী প্রতিষ্ঠানে স্যানিটেশন : বাস্তবতা ও প্রত্যাশা
ফারজানা ববি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বলতে সাধারণত, সরকারি হাসপাতাল, ভূমিসংক্রান্ত অফিস, পৌরসভা, সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস, থানা, ব্যাংকসহ আরও নানা ধরনের প্রতিষ্ঠান, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী জনগণ সেবা নেয়। এসব প্রতিষ্ঠানের সেবার মান নির্ভর করে সেবা প্রদানকারীর আচরণ, বরাদ্দকৃত সময়, কতবার সেবার জন্য উক্ত প্রতিষ্ঠানে গমন করে এবং কত টাকা খরচ হয় তার ওপর। এ বিষয়গুলো মূলত সেবাগ্রহীতার সেবাপ্রাপ্তির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়া বেশ কয়েকটি বিষয় রয়েছে, যা সরকারি সেবার সঙ্গে পরোক্ষ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।
যখন একজন সেবাগ্রহীতা একটি অফিসে সেবার জন্য গমন করেন, অনেক সময় কাঙ্ক্ষিত সেবা পাওয়ার জন্য তাকে বেশ ক্ষণকাল অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ সময়টুকু একটা নির্দিষ্ট অপেক্ষাগারে হতে পারে, যেখানে মাথার ওপর বাতাসের জন্য ফ্যান আর একটি পরিছন্ন শৌচাগার রয়েছে, তাহলে অপেক্ষার সময়টা সেবাগ্রহীতার জন্য স্বস্তিপূর্ণ হয়। অথচ অনেক সরকারি অফিসে দেখা যায়, সেখানে সেবাগ্রহীতার অপেক্ষাগার তো দূরের বিষয়; কর্মী-বিশেষত নারী কর্মীদের জন্য পর্যাপ্ত শৌচাগারও নেই। এছাড়া বেশির ভাগ অফিসে দেখা যায় কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শৌচাগার সংখ্যা অপর্যাপ্ত এবং নারী কর্মীদের জন্য পৃথক কোনো শৌচাগার নেই। ঢাকা শহরের অফিসগুলোয় যদিও নারীর জন্য পৃথক টয়লেট কয়েকটা খুঁজে পাওয়া যায়, তার মধ্যে বেশির ভাগই হয় খুবই নোংরা ও ব্যবহার অনুপোযোগী। অন্যদিকে ঢাকার বাইরের অফিসগুলোয় বিশেষ করে উপজেলা, পৌরসভা, ভূমি অফিস প্রভৃতিতে নারী টয়লেট খুঁজে পাওয়া দুরূহ। শোনা যায়, কর্মস্থলে শুধু নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেটের অভাবে শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে অনেক নারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। সড়কে চলাচলকারী মানুষের জন্য পাবলিক টয়লেট নিশ্চিত করতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে বেশ সচেতনতা ও উদ্যোগ দেখা যায়, তেমনই সরকারি দপ্তরগুলোর স্যানিটেশন ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব ও উদ্যোগ থাকা দরকার। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) কর্তৃক ঢাকার ১২টি সরকারি ও বেসরকারি হাসপাতালের শৌচাগার নিয়ে পরিচালিত একটি গবেষণায় উঠে আসে, সরকারি হাসপাতালের ৬৮ শতাংশ টয়লেট কার্যকর থাকলেও মাত্র ৩৩ শতাংশ পরিচ্ছন্ন এবং ব্যবহার উপযোগী এবং বহির্বিভাগে ২১৪ জন ব্যবহার করে একটি টয়লেট।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬’ প্রণীত হয়েছে। এখানে ‘পাবলিক টয়লেট বলতে বোঝানো হয়েছে-১. টার্মিনাল, ২. প্রাতিষ্ঠানিক এলাকা ৩. জনসমাগম স্থান, ৪. নিম্ন-আয়ের কমিউনিটি, ৫. অনুষ্ঠানভিত্তিক এবং ৬. জরুরি অবস্থার জন্য টয়লেট।’ নীতিমালার ৪.৩ অনুচ্ছেদে বলা আছে, পাবলিক টয়লেটের শ্রেণি ২ নং অনুযায়ী ‘এ শ্রেণির পাবলিক টয়লেটগুলো অফিস, বাণিজ্যিক এলাকা, বাজার, শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল/স্বাস্থ্যসেবা কেন্দ্র, থিয়েটার, কনভেনশন সেন্টার, হোটেল/রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার ইত্যাদির মতো প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোয় স্থাপন করা হয়। এর ব্যবহারকারীদের মধ্যে রয়েছে অফিসকর্মী, দোকানদার, দোকানমালিক, ভ্রমণকারী ও পর্যটক। টয়লেটগুলো কমপক্ষে ১২ ঘণ্টা (অফিসের টয়লেট অফিসের নির্ধারিত সময় পর্যন্ত) পরিচালিত হয়।’ এ অনুচ্ছেদ দ্বারা পরোক্ষভাবে সেবাগ্রহীতার জন্য টয়লেট রাখতে হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখতে হবে বলে প্রতীয়মান হয়। উক্ত নীতিমালায় আরও বলা হয়েছে, টয়লেটে হাত ধোয়ার জন্য জায়গা এবং নারী কর্মীদের মাসিকের ব্যবস্থাপনার ব্যবস্থা আবশ্যিকভাবে থাকতে হবে। এ নীতিমালায় একটি স্বাস্থ্যসম্মত সর্বজনীন টয়লেটের ডিজাইনে কী ধরনের সুবিধা অন্তর্ভুক্ত হবে সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে; ঠিক একইভাবে সরকারি প্রতিষ্ঠানের টয়লেটেও এই সুবিধাগুলো যথাযথভাবে থাকা দরকার।
আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) জানুয়ারি ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, সাপ্তাহিক কর্মঘণ্টায় শীর্ষে থাকা ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। অর্থাৎ একজন কর্মজীবী মানুষ দিনের বেশির ভাগ অংশই কাটায় তার কর্মস্থলে, যদি সেখানে সুস্থ ও পরিষ্কার-পরিচ্ছন্ন স্যানিটেশন না থাকে, কর্মীদের স্বস্তি না থাকে তবে অনেক বেশি সময় কাজ করলেও দেশের যথাযথ উন্নয়ন নিশ্চিত হবে না। সাধারণত প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও সামগ্রিক কর্মদক্ষতা খানিকটা নির্ভর করে, সেখানে বিদ্যমান স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার ওপর। পাবলিক টয়লেট নীতিমালায় বলা আছে, ‘টয়লেট শুধু অবকাঠামো নয়; এটি মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্য ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের উপায়।’
এছাড়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৬ পূরণ করতে হলে, ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ টয়লেট নিশ্চিত করতে হবে। সবার জন্য নিরাপদ টয়লেটের মধ্যে আবশ্যিকভাবে সরকারি দপ্তরগুলোর জন্য নিরাপদ ও হাইজেনিক টয়লেট নিশ্চিত করা প্রয়োজন। সরকারি দাপ্তরিক টয়লেট সংক্রান্ত তেমন কোনো নীতিমালা বা নির্দেশিকা নেই। প্রতিটি সরকারি অফিসে টয়লেট ও স্যানিটেশন সুবিধা প্রদানের জন্য প্রতি বছরের বাজেটে একটি নির্দিষ্ট খাত থাকা প্রয়োজন। দেখা যায়, বিভিন্ন সংস্থা প্রতি বছর যথেষ্ট পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করে অথচ দাপ্তরিক স্যানিটেশন ব্যবস্থার আশানুরূপ উন্নতি হয় না। উদাহরণস্বরূপ, বিমানবন্দরের টয়লেটগুলোর কথা উল্লেখ করা যায়, যেখানে অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী থাকার পরেও শৌচাগারগুলো যথেষ্ট পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত নয়। বিমানবন্দর হচ্ছে একটি দেশে, বিদেশি জনগণের বৈধ প্রবেশপথ, তাই এসব স্থাপনার স্যানিটেশন সিস্টেম ঠিক না থাকলে, আন্তর্জাতিক যাত্রীদের কাছে আমাদের দেশের একটি নেগেটিভ ইমেজ তৈরি হয়।
পরিশেষে, দাপ্তরিক টয়লেট ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নীতিমালা ও নির্দেশিকা তৈরি করা প্রয়োজন, যার মধ্যে অন্তর্ভুক্ত হবে-নারীদের জন্য প্রয়োজনীয় সুবিধাসহ টয়লেট, বাজেট, নিয়মিত তদারকি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত, টয়লেট ব্যবহারকারীদের সচেতনতা ইত্যাদি। মূলত কর্মপরিবেশ উন্নত হলে নারীরাও পুরুষের পাশাপাশি স্বস্তিতে কর্মস্থলে ভূমিকা রাখতে পারবে। এছাড়া সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয় সেবাগ্রহীতাদের জন্য পৃথক পরিচ্ছন্ন টয়লেটসহ অপেক্ষাগার নিশ্চিত করলে, সরকারি অফিস সম্পর্কে জনসাধারণের আরো ইতিবাচক মনোভাব তৈরি হবে।
ফারজানা ববি : নগর পরিকল্পনাবিদ
