Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

Icon

ড. সালেহউদ্দিন আহমেদ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিচার্ড থ্যালার ২০১৭ সালে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। তার গবেষণার বিষয় ছিল বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণগত অর্থনীতি। তার এ গবেষণার আগে আচরণগত অর্থনীতি ইস্যুটি খুব একটা আলোচিত হয়নি। আচরণগত অর্থনীতি হচ্ছে অর্থনীতি ও মনোবিজ্ঞানের একটি সমন্বিত শাখা। আচরণগত অর্থনীতির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয়, মানুষ কেন অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরোপুরি যৌক্তিক আচরণ করে না। প্রথাগত অর্থনীতিবিদরা মনে করেন, মানুষ সবসময়ই অর্থনৈতিক ক্ষেত্রে তার জন্য সেরা ও লাভজনক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কিন্তু আচরণগত অর্থনীতি মানুষের সেই চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ করে। যেমন, বলা হয়, মানুষ অধিকাংশ সময় তার আবেগ দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হয়ে থাকে। অর্থনীতিতে একবার কোনো ইস্যুতে ভুল করে ফেললে তা শোধরানো খুবই কঠিন। ফলে এর জন্য উচ্চ মাশুল দিতে হয়।

মানুষের পক্ষে অধিকাংশ সময়ই অর্থনৈতিক বিষয়গুলোর তথ্য-পরিসংখ্যান চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। সময়ের অভাব, তথ্যের ঘাটতি ও বিশ্লেষণ ক্ষমতার সীমাবদ্ধতার কারণে উপস্থিত তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। মানুষ তার অর্থ ব্যবহারের ক্ষেত্রে সবসময় যৌক্তিক আচরণ করতে পারে না। কষ্টার্জিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে মানুষ যতটা হিসাবি এবং সাশ্রয়ী চিন্তা করে, হঠাৎ পাওয়া বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষেত্রে তা করে না। হঠাৎ পাওয়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে মানসিক স্বস্তি থাকে; কিন্তু কষ্টার্জিত অর্থ ব্যয় করার ক্ষেত্রে মানুষ তার আবেগের চেয়েও বাস্তব পরিস্থিতিকে বেশি গুরুত্ব দেয়। অর্থ আয় করা কতটা কঠিন কাজ, তা তিনিই অনুধাবন করতে পারেন, যিনি সৎভাবে কষ্টসাধ্য উপায়ে অর্থ আয় করেন। যিনি কোনো ধরনের কষ্ট ছাড়াই হঠাৎ করে বিপুল অর্থ হাতে পান, তার সেই অর্থের প্রতি মতত্ববোধ থাকে তুলনামূলক কম।

প্রথাগত অর্থনীতিবিদরা মনে করেন, মানুষ সবসময় নিজের মুনাফা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ ব্যয় করেন। কিন্তু আচরণগত অর্থনীতিবিদরা তাদের ব্যয়িত অর্থের মাধ্যমে নিজের কল্যাণ সাধনের পাশাপাশি সামাজিক উন্নয়নের কথাও বিবেচনা করে থাকেন। রিচার্ড থ্যালার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন যে গবেষণাকর্মের জন্য, তার মূল বক্তব্য হচ্ছে, মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সবসময় পুরোপুরি নিখুঁত বা যৌক্তিক আচরণ করে না। বরং অনেক ক্ষেত্রে তারা আবেগপ্রবণ হয়ে এমন সিদ্ধান্ত নেয়, যা তার জন্য অধিক কল্যাণ সাধন বা লাভের নিশ্চয়তা প্রদান করে না। রিচার্ড থ্যালার তার গবেষণায় দেখিয়েছেন, বাস্তবে মানুষ অনেক সময় তার আবেগ, জ্ঞানের সীমাবদ্ধতা এবং অন্য নানা কারণে আবেগপ্রবণ হয়ে আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকে। তিনি প্রমাণ করেছেন, সামান্য প্ররোচনা বা প্রভাব মানুষকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাস্তবতার দিকে ধাবিত করতে পারে।

সমাজের অধিকাংশ মানুষই আবেগপ্রবণভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ অধিকাংশ সময়ই মানুষের জন্য লাভের পরিবর্তে লোকসান বয়ে আনে। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তার পরিণাম সাধারণত ভালো হয় না। ২০২২ সালের ২৪ নভেম্বব একটি জাতীয় দৈনিকে ‘ভয়ংকর নভেম্বর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছিল। সেই সময় ব্যাংক গ্রাহকদের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। তারা আমানতকৃত অর্থ হারানোর ভয়ে ভীত হয়ে পড়ে। এরপর ইসলামী ব্যাংক থেকে অনেক গ্রাহক শত শত কোটি টাকা তুলে নেয়। তাদের মধ্যে ধারণা জন্মে, ইসলামী ব্যাংক তাদের আমানতকৃত অর্থ ফেরত দিতে পারবে না। এমনকি অনেকে এমনটিও মনে করতে থাকেন যে, ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। সেই সময় আরও কিছু ব্যাংকের অস্তিত্ব নিয়ে শঙ্কা দেখা দেয়। একটি মহল প্রচার করতে থাকে, দেশের বেশকিছু ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। এতে গ্রাহকদের মাঝে মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়। তারা আমানতকৃত অর্থ উত্তোলন করার জন্য স্ব স্ব ব্যাংকে গিয়ে ধরনা দিতে থাকে। ব্যাংকগুলো তারল্য সংকটে পতিত হয়।

একটি মহল পরিকল্পিতভাবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার গুজব ছড়াতে থাকে। অথচ যারা ব্যাংকের সচেতন গ্রাহক, তারা যদি একটু গভীরভাবে পর্যালোচনা করতেন, তাহলে বাস্তবতা অনুধাবন করতে পারতেন। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার নজির নেই। প্রথমত, সরকার ব্যাংকগুলোকে নানাভাবে সুরক্ষা দিয়ে থাকে। সরকার কখনোই চাইতে পারে না, একটি ব্যাংক দেউলিয়া হয়ে যাক; আর বাংলাদেশে যে ধরনের ব্যাংকিং রীতি অনুসরণ করা হয়, তাতে কোনো ব্যাংক দেউলিয়া হওয়া এতটা সহজ নয়। বিশ্বে দুধরনের ব্যাংকিং ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়। এর মধ্যে একটি হচ্ছে ইউনিট ব্যাংকিং। এ ব্যবস্থায় সামান্য দুটি বা তিনটি শাখা নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ফলে কোনো কারণে একটি বা দুটি শাখা বিপর্যস্ত হলে পুরো ব্যাংকটি ধসে পড়তে পারে। যুক্তরাষ্ট্রে ইউনিট ব্যাংকিং ব্যবস্থা চালু রয়েছে। বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক ব্যাংক দেউলিয়া হয় যুক্তরাষ্ট্রে। গত এক শতাব্দীতে সে দেশে ১৫ হাজারেরও বেশি ব্যাংক দেউলিয়া হয়েছে। ২০০৭-০৮ সালের সাবপ্রাইম মর্টগেজ সংকটের ধারাবাহিকতায় ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬৫টি ব্যাংক দেউলিয়া অথবা বন্ধ হয়ে যায়। অন্যদিকে যুক্তরাজ্যে গত একশ বছরে ৫০ থেকে ৭০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ অথবা দেউলিয়া হয়েছে। যুক্তরাজ্যে ব্রাঞ্চ ব্যাংকিং চালু রয়েছে। অর্থাৎ একটি ব্যাংকের শত শত শাখা থাকে। কোন সময় সামান্য কিছু শাখা লোকসান দিলেও পুরো ব্যাংকের ওপর এর কোনো প্রভাব পড়ে না। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে ব্রিটিশ ধারার ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবস্থা চালু রয়েছে। ফলে বাংলাদেশের কোনো ব্যাংক দেউলিয়া বা বন্ধ হওয়ার আশঙ্কা কম।

গুজব ও আবেগ কীভাবে একজন মানুষের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে, তার প্রকৃষ্ট উদাহরণ ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি। সেই সময় নানা ধরনের গুজব ছড়িয়ে শেয়ারবাজারকে কৃত্রিমভাবে চাঙা করে তোলা হয়। একটি বিশেষ মহল উদ্দেশ্যমূলকভাবে এ কাজটি করেছিল। এতে সাধারণ বিনিয়োগকারীরা হুজুগে মেতে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। তারা কোম্পানির মৌল ভিত্তি যাচাই না করেই লাখ লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। অনেকে তাদের পুঁজি হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছেন। অথচ শেয়ারবাজারে বিনিয়োগ করার আগে নিয়ম-নীতিগুলো ভালোভাবেই যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।

আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত গ্রহণের কারণে কেমন অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হতে পারে, তার একটি বড় উদাহরণ ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে ৩০ লাখ মানুষ খাদ্যাভাবে প্রাণ হারান। পরবর্তী সময়ে বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয়েছে, সেই সময় বাংলায় ৭ সপ্তাহের চাহিদা মেটানোর মতো খাদ্যের ঘাটতি ছিল; কিন্তু নানা কারণে মানুষের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, দেশে কোনো খাদ্য নেই, আগামীতে চাইলেও খাদ্য কিনতে পাওয়া যাবে না। ইংরেজ সৈন্যদের জন্য বাজার থেকে খাদ্য ক্রয় করা হয়। ফলে গুজবের ভিত্তি আরও মজবুত হয়। সামর্থ্যবান মানুষ উদ্বিগ্ন হয়ে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বেশি পরিমাণে খাদ্য কিনে মজুত করতে থাকেন। ফলে বাজারে খাদ্যের জোগান ব্যাপকভাবে কমে যায়। এতে প্রতিটি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মানুষ খাদ্যাভাবে মারা যেতে থাকে। যদি গুজব রোধ করা যেত, তাহলে ১৯৪৩ সালের দুর্ভিক্ষে এত মানুষ মারা যেত না।

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও আমরা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুজব ও আবেগের প্রভাবমুক্ত হতে পারিনি। যদি গুজব ছড়িয়ে দেওয়া হয়, আগামীতে কোনো একটি পণ্য বাজারে পাওয়া যাবে না, তাহলে নিশ্চিতভাবেই সেই পণ্যের চাহিদা, বিক্রি ও মূল্য বেড়ে যাবে; যার ১০টি পণ্যের প্রয়োজন, তিনি ২০টি পণ্য কেনার চেষ্টা করবেন। অনেক সময় ক্রেতাদের আকৃষ্ট করার জন্য দোকানে মূল্যছাড় দেওয়া হয়। মূল্যছাড় দেওয়া হলে সেই দোকানের বিক্রি নিশ্চিতভাবেই বৃদ্ধি পায়। কিন্তু ভোক্তারা এটা বুঝতে চান না যে, কোনো দোকানি মূল্যছাড়ের নামে লোকসান দেবে না। তারা তাদের কাঙ্ক্ষিত মুনাফা সংযুক্ত করেই মূল্যছাড়ের ঘোষণা দেয়। ‘দুটি কিনলে একটি ফাউ’-এ ধরনের বিপণন কৌশলের ক্ষেত্রেও একই ধরনের বিষয় লক্ষ্য করা যায়। এটি করার উদ্দেশ্য ভোক্তাদের আকৃষ্ট করা। তাই আবেগপ্রবণ না হয়ে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করাই জরুরি।

পরিশেষে একটি কথা বলা যায়। ভোক্তা সবসময় যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ করবেন-এটা মনে করার কোনো কারণ নেই। ভোক্তারা অধিকাংশ সময় তাদের আবেগ ও গুজবে প্রভাবিত হয়ে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। ভোক্তার নেওয়া সব সিদ্ধান্তই যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত মনে করার কোনো কারণ নেই। একজন ভোক্তা যদি গুজব ও আবেগের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলেই তার ঠকে যাওয়ার আশঙ্কা কমে যাবে।

ড. সালেহউদ্দিন আহমেদ : অর্থনীতিবিদ; বিগত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা

অনুলিখন : এম এ খালেক

Advertisement

Advertisement

আরও পড়ুন

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

নিউইয়র্কের চিঠি ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধের কেন্দ্রে ইসরাইল

আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধের কেন্দ্রে ইসরাইল

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম