Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

Icon

মেজর (অব.) মনজুর কাদের

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

ফাইল ছবি

Advertisement

ক্ষমতা চিরস্থায়ী নয়, নির্বাসিত শাসকদের প্রত্যাবর্তনও সম্ভব নয়। মানুষ হত্যা করে ক্ষমতা হারানোর পর স্বদেশে প্রত্যাবর্তনও নির্বাসিত শাসকদের জন্য কোনো নিশ্চিত অধিকার কিংবা অবশ্যম্ভাবী বাস্তবতা নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, একসময় যাদের নির্দেশে রাষ্ট্রযন্ত্র পরিচালিত হতো, যাদের ইশারায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোও সক্রিয় থাকত, ক্ষমতার পটপরিবর্তনের পর তাদের অনেককেই বিদেশের মাটিতে আশ্রিত, নিঃসঙ্গ ও অসহায় জীবন কাটাতে হয়েছে।

ক্ষমতার মোহ : কিন্তু ইতিহাসের এত নির্মম শিক্ষা সত্ত্বেও ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রাখতে গিয়ে অনেক শাসক জনগণের মতামত, গণতান্ত্রিক অধিকার, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারকে পদদলিত করেন। এমনকি ক্ষমতা হারানোর ভয়ে কিংবা ক্ষমতা দীর্ঘায়িত করার অভিপ্রায়ে গণহত্যা, নির্বিচার দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করতেও তারা দ্বিধা করেন না। তারা ভুলে যান, রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। বন্দুকের নল, প্রশাসনিক কর্তৃত্ব কিংবা দমন-পীড়নের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতা ধরে রাখা সম্ভব হলেও ইতিহাসের বিচার এড়ানো সম্ভব নয়। ক্ষমতার অহংকার একদিন ভেঙে পড়ে, কিন্তু জনগণের ওপর সংঘটিত অন্যায় ও রক্তপাতের স্মৃতি ইতিহাসে দীর্ঘকাল অমোচনীয় হয়ে থাকে। ইতিহাসের চূড়ান্ত শিক্ষা একটাই-ক্ষমতা সাময়িক, কিন্তু জনগণের রক্তের দায় ও ইতিহাসের বিচার দীর্ঘস্থায়ী।

রাজনৈতিক ইতিহাসের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পরাজিত শাসক কখনো পালিয়ে আত্মরক্ষা করেন, কখনো আশ্রয় নেন, আবার কখনো বন্দি হয়ে নির্বাসিত হন।

পলাতক শাসকদের অনেকে ফেরার চেষ্টা করেও পারেননি, কেউ কেউ নির্বাসনেই মৃত্যুবরণ করেছেন। সাম্প্রতিককালে আলোচনার শীর্ষে রয়েছে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবেন কি না অথবা আসবেন কি না?

ইরানের শাহেন শাহ : ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মুখে ইরানের শাহেন শাহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে ইরানে আড়াই হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। শাহ দেশে ফিরতে পারেননি।

প্রেসিডেন্ট মার্কোস: ১৯৮৬ সালে বিরোধী নেত্রী কোরাজন একুইনের নেতৃত্বে গড়ে তোলা গণ-আন্দোলনের মুখে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস ক্ষমতাচ্যুত হয়ে স্ত্রী ইমেলদাসহ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আশ্রয় নেন। ১৯৮৭ সালে তিনি দেশে ফেরার উদ্যোগ নেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসন তার প্রত্যাবর্তন আটকে দেয়। ১৯৮৯ সালে হাওয়াইয়েই তার মৃত্যু হয়।

ইদি আমিন: ১৯৭৯ সালে উগান্ডার স্বৈরশাসক প্রেসিডেন্ট ইদি আমিন ক্ষমতাচ্যুত হয়ে সৌদি আরবে আশ্রয় নেন। ১৯৮৫ সালে দেশে ফেরার রাজনৈতিক সুযোগ খুঁজেছিলেন। ১৯৮৯ সালে জায়ারে গিয়ে গোপনে উগান্ডায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। জীবনের শেষ দিন পর্যন্ত সৌদি আরবেই নির্বাসিত ছিলেন।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন: তীব্র গণ-আন্দোলনের মুখে ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনিসিয়ার দীর্ঘ ২৩ বছরের একনায়ক প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর আর তিউনিসিয়ায় ফিরে আসতে পারেননি। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সৌদি আরবেই তার মৃত্যু হয়।

ইয়াহিয়া জামেহ: গাম্বিয়ার সাবেক স্বৈরশাসক ও প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ ২০১৭ সালের জানুয়ারি মাসে ক্ষমতা হারানোর পর দেশ ছেড়ে ইকুয়েটোরিয়াল গিনিতে রাজনৈতিক নির্বাসনে যান। দীর্ঘ ২২ বছর গাম্বিয়ার শাসনক্ষমতায় থাকার পর, ২০১৬ সালের ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আদামা বারোর কাছে পরাজিত হন। প্রথমে পরাজয় মেনে নিলেও পরবর্তী সময়ে তিনি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান এবং দেশে জরুরি অবস্থা জারি করেন। এর ফলে গাম্বিয়ায় তীব্র রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট ইকোয়াস গাম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের ঘোষণা দিলে এবং আন্তর্জাতিক চাপের মুখে ইয়াহিয়া জামেহ শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ২০১৭ সালের ২১ জানুয়ারি তিনি একটি বিশেষ বিমানে করে সপরিবারে গাম্বিয়া ত্যাগ করেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বাংলাদেশের বাস্তবতা: বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন। ২০২৬ সালের ৯ নভেম্বর প্রকাশিত রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে তার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে।

তবে তার প্রত্যাবর্তনের পথে কয়েকটি গুরুত্বপূর্ণ বাধা রয়েছে।

বিচারিক জটিলতা: ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ভারতে অবস্থান করে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে আপত্তি তুলেছেন।

নিজের তৈরি ফাঁদে পড়েছেন হাসিনা: দীর্ঘ ২৩ বছর ভারতে পালিয়ে থাকার পর ২০২০ সালের মার্চ মাসে শেখ মুজিব হত্যা মামলার আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ গোপনে বাংলাদেশে ফিরলে ঢাকার মিরপুর থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেফতার করে এবং পরবর্তী সময়ে একই বছরের এপ্রিলে তার ফাঁসি কার্যকর হয়। তাকে আপিলের কোনো সুযোগ দেওয়া হয়নি, সরাসরি ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার কারণে প্রচলিত আইনি প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ সাধারণ আপিলের সুযোগ হারিয়েছিলেন বলে সরকারের তরফ থেকে বলা হয়। বর্তমান সরকারের আমলে পুরোনো এ নজির স্থাপন করে তার ফাঁসির রায় যে কার্যকর করা হবে তাতে কোনো সন্দেহ নেই।

ফিরে এসে যারা বিপদে পড়েছেন: জিন-ব্যাডেল বোকাসা আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একজন সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতা ছিলেন। তিনি ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে তিনি নিজেকে দেশটির স্বঘোষিত সম্রাট হিসাবে ঘোষণা করেন এবং দেশের নাম পরিবর্তন করে ‘মধ্য আফ্রিকান সাম্রাজ্য’ রাখেন, যেখানে তিনি ১৯৭৯ সাল পর্যন্ত শাসন করেন। ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুতির পর তিনি ফ্রান্সে নির্বাসিত জীবন কাটান। দীর্ঘ সাত বছর পর ১৯৮৬ সালে নিজ দেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হয় এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।

হাইতির সাবেক প্রেসিডেন্ট ডুভালিয়ার ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হয়ে ফ্রান্সে আশ্রয় নেন। প্রায় ২৫ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২০১১ সালে তিনি হাইতিতে ফিরে আসেন। দেশে ফেরার পর তার বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচারিক পদক্ষেপ নেওয়া হয়। ২০১৪ সালে তার মৃত্যু হয়। এ ঘটনা দেখায়, নির্বাসন থেকে দেশে ফেরা সম্ভব হলেও অতীতের শাসনামলের অভিযোগ ও আইনি দায় থেকে মুক্তি পাওয়া স্বয়ংক্রিয় নয়।

থাইল্যান্ডের জাতীয় রাজনীতিতে থাকসিন সিনাওয়াত্রা এবং তার পরিবার বেশ প্রভাবশালী। ২০০১ সালে প্রথম থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হন তিনি এবং এ পদে মেয়াদ পূর্ণ করেন ২০০৫ সালে। এরপর সে বছর নির্বাচনে জয়ী হয়ে আবার প্রধানমন্ত্রী হলেও দ্বিতীয় মেয়াদে এক বছরও টিকতে পারেননি তিনি। ২০০৬ সালে এক সেনা অভ্যুত্থানে পতন ঘটে থাকসিনের নেতৃত্বাধীন সরকারের এবং লন্ডনে পালিয়ে যান তিনি। সর্বশেষ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার মেয়ে পায়েতংতার্ন সিনাওয়াত্রা। ২০২৩ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন পায়েতংতার্ন; তবে ২০২৫ সালের আগস্টে আদালতের আদেশে প্রধানমন্ত্রীর পদ হাতছাড়া হয় তার।

২০০৬ সালে দেশত্যাগের পর বিলিওনিয়ার থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। তার মেয়ে পায়েতংতার্ন প্রধানমন্ত্রী হওয়ার পর মামলার বিচার কার্যক্রম স্থগিত করা হয়, দেশে ফিরে আসেন ৭৬ বছর বয়সি থাকসিন। এদিকে আগস্টে পায়েতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর পদ হারানোর পর রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় পড়ে থাইল্যান্ড। দেশটির রাষ্ট্রপ্রধান ও রাজ মহা ভাজিরালংকর্ন একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পার্লামেন্টে ভোটের দিন নির্ধারণ করেন। ঘটনাচক্রে ওই দিনই থাকসিনের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় ধার্য করেন আদালত। এ পরিস্থিতিতেই প্রাইভেট বিমানে সবার অলক্ষ্যে দেশত্যাগ করেন থাকসিন সিনাওয়াত্রা।

ক্ষমতার দম্ভের অনিবার্য পরিণতি: শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষি, বিচারিক প্রক্রিয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক-সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাসের একটি চিরন্তন শিক্ষা হলো, ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়, কিন্তু ক্ষমতা হারানোর পর ইতিহাস, জনমত ও আইনের বাস্তবতাকে উপেক্ষা করে স্বদেশে প্রত্যাবর্তনের পথ তৈরি করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, তিনি দেশে ফিরতে চাইলেই কি ফিরতে পারবেন? প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষি আর প্রত্যাবর্তনের বাস্তবতা যে এক বিষয় নয়, বিশ্ব ইতিহাস তার বহু উদাহরণ দিয়ে রেখেছে। তবে রাজনীতি বিজ্ঞান বলে, ফ্যাসিস্ট যে কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না।

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ: পলাতক শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সরকারসহ সব রাজনৈতিক পক্ষ একসঙ্গে মোকাবিলা করবে বলে বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল। ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ও নাশকতার হুমকি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু ফ্যাসিস্টের ফেলে যাওয়া উচ্ছিষ্ট প্রশাসন এবং দুষ্টু ব্যবসায়ী চক্রকে নিয়ন্ত্রণ করে সরকার কতটুকু বাস্তব পদক্ষেপ নিতে পারবে, তা দেখার জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন দেশপ্রেমিক জনতা।

মেজর (অব.) মনজুর কাদের : সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম