Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

Icon

ড. আরিফুর রহমান

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

ফাইল ছবি

Advertisement

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা এখন মাসিক ন্যূনতম মজুরি ৩০ থেকে ৩৭ হাজার ১২৫ টাকা করার দাবি জানাচ্ছেন, যা বর্তমান ১২ হাজার ৫০০ টাকার আড়াই থেকে প্রায় তিনগুণ। প্রথম দেখায় দাবিটি অতিরিক্ত মনে হতে পারে; কিন্তু জীবনযাত্রার ব্যয়, রপ্তানি আয়ে খাতটির অবদান এবং প্রতিযোগী দেশগুলোর মজুরির সঙ্গে মিলিয়ে দেখলে চিত্রটি একেবারে ভিন্ন।

প্রেক্ষাপটটি নতুন। ২০২৬ সালের এপ্রিলে শ্রম আইন সংশোধন করে মজুরি পর্যালোচনার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। আগস্ট থেকে শ্রমিকরা ৩০ হাজার টাকার দাবিতে রাস্তায় নেমেছেন; ১৫ অক্টোবর শ্রম অধিদপ্তর নতুন মজুরি বোর্ড গঠনের জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম চেয়ে চিঠি দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল ২৬০ মার্কিন ডলার (প্রায় ৩২ হাজার ৮৫ টাকা) এবং চারটি জোটের ৩৫টি শ্রমিক ফেডারেশন ৩০০ ডলার, অর্থাৎ ৩৭ হাজার ১২৫ টাকা ন্যূনতম মজুরি দাবি করেছে।

একই সময়ে দেশে প্রায় ৮ লাখ ৮৫ হাজার বিশ্ববিদ্যালয় স্নাতক বেকার। অর্থাৎ যাদের শিক্ষাগত সনদ সবচেয়ে কম, তারাই দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দিচ্ছেন; আর যাদের সনদ সবচেয়ে বেশি, তাদের বড় একটি অংশ কাজের সুযোগই পাচ্ছেন না। এ লেখায় পরিসংখ্যানের ভিত্তিতে তিনটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে: দাবিকৃত মজুরি কতটা যৌক্তিক, স্নাতকদের কর্মসংস্থানের প্রকৃত অবস্থা কী এবং শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মজুরি বিচার করা কতটা ন্যায্য।

ন্যূনতম মজুরির ইতিহাসটা এরকম : ২০০৬ সালে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা, ২০১০ সালে ৩ হাজার, ২০১৩ সালে ৫ হাজার ৩০০, ২০১৮ সালে ৮ হাজার এবং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা। ১২ হাজার ৫০০ টাকার মধ্যে মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা, আর বার্ষিক বৃদ্ধি হিসাব হয় এ মূল মজুরির ওপর। ২০২৪ সালের শ্রমিক অসন্তোষের পর ত্রিপক্ষীয় সমঝোতায় বার্ষিক বৃদ্ধি ৫ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়, যা ২০২৫ সালের জানুয়ারির বেতন থেকে কার্যকর হয়। মালিকপক্ষের দাবি ছিল, বাড়তি ৪ শতাংশ কেবল এক বছরের জন্য। দুই বছরের বৃদ্ধি (৯ ও ৫ শতাংশ) যোগ করলে একজন প্রবেশস্তরের শ্রমিকের মোট মজুরি এখন আনুমানিক ১৩ হাজার ৫০০ টাকা।

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের যুক্তি, সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর ঘোষণা বাজারকে আরও অস্থির করেছে, যার চাপ পড়ছে নিুআয়ের মানুষের ওপর। একই অর্থনীতিতে একশ্রেণির আয় দ্বিগুণ হলে আর অন্য শ্রেণির প্রকৃত আয় কমলে বৈষম্য বাড়ে; অথচ বাসাভাড়া ও খাদ্যপণ্যের দাম দুই শ্রেণির জন্যই সমান হারে বাড়ে।

মালিকপক্ষের উদ্বেগও তথ্যনির্ভর। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ও ভিয়েতনামকে ২০ শতাংশ শুল্কের মুখে পড়তে হচ্ছে; স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির জন্য দেশ তিন বছর বাড়তি সময় পেয়েছে; জ্বালানির দামও বেড়েছে। এক ধাপে ১৪০ শতাংশ বা তার বেশি মজুরি বৃদ্ধি ছোট ও মাঝারি কারখানার পক্ষে কঠিন হতে পারে। তাই প্রশ্নটি দাবির যৌক্তিকতা নিয়ে নয়, বরং কীভাবে ও কোন ধাপে তা বাস্তবায়ন হবে, তা নিয়ে।

বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থান : সনদ আছে, কাজ নেই

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে স্নাতকদের বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ, যা সব শিক্ষাস্তরের মধ্যে সর্বোচ্চ; বিপরীতে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীনদের বেকারত্ব মাত্র ১.২৫ শতাংশ। দেশের ২৬ লাখ ২৪ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই স্নাতক; অর্থাৎ প্রতি তিনজন বেকারের একজন উচ্চশিক্ষিত।

সমস্যাটির তিনটি স্তর স্পষ্ট। প্রথমত, চাহিদা ও জোগানের ব্যবধান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিসাবে প্রতিবছর ৭ লাখের বেশি শিক্ষার্থী স্নাতক হন, অথচ অনুকূল বিনিয়োগ পরিবেশেও বছরে সর্বোচ্চ প্রায় ৩ লাখ স্নাতকের কর্মসংস্থান সম্ভব। বিশ্বব্যাংকের হিসাবে দেশে বছরে মোট নতুন কর্মসংস্থান হবে মাত্র প্রায় ৬ লাখ ৩০ হাজার। দ্বিতীয়ত, দক্ষতার অমিল। সরকারি টাস্কফোর্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৬০ শতাংশ স্নাতক আসেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে, যাদের বড় অংশ মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী। বিআইডিএসের গবেষণায় দেখা যায়, নিয়োগকর্তারা যে দক্ষতা চান, তার ৩০ শতাংশ শ্রমবাজারে পাওয়াই যায় না। তৃতীয়ত, কাঠামোগত দুর্বলতা। ৮৫ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, যেখানে চুক্তি বা সামাজিক সুরক্ষা নেই; আরও ৬৪ থেকে ৬৭ লাখ মানুষ অর্ধবেকার। ২০২৪ সালে এক বছরে শ্রমশক্তি ১৭ লাখ ৪০ হাজার কমেছে, যার প্রায় ১৬ লাখ ৪০ হাজারই নারী।

এ চিত্র থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায় : বাংলাদেশের শ্রমবাজারে সনদ কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় না; কাজের জন্য প্রস্তুত দক্ষতাই মূল্য পায়।

পোশাক শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

কাগজে-কলমে পোশাক শ্রমিকের প্রাতিষ্ঠানিক শিক্ষা কম; বেশিরভাগই মাধ্যমিক স্তর শেষ করেননি। কিন্তু এ কম সনদধারী শ্রমিকরাই এমন এক শিল্প চালাচ্ছেন, যা দেশের রপ্তানি অর্থনীতির মূল ভিত্তি। এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের ১৬০টি কারখানার ১ হাজার ১১৯ জন শ্রমিকের ওপর ২০২০ সালের এক জরিপে দেখা গেছে, ৪.৩ শতাংশ শ্রমিকের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, ২৩ শতাংশ পড়েছেন প্রাথমিক পর্যন্ত, ৩৫.১ শতাংশ অষ্টম শ্রেণি পর্যন্ত এবং ১৩.১ শতাংশ মাধ্যমিক পর্যন্ত। কারিগরি শিক্ষা আছে মাত্র ০.৫ শতাংশের। একই জরিপে প্রায় এক-পঞ্চমাংশ শ্রমিক এসএসসি বা এইচএসসি শেষ করেছেন, আর মাত্র ৪ শতাংশ মাদ্রাসা, কারিগরি বা স্নাতক পর্যায়ের শিক্ষা পেয়েছেন।

এ প্রসঙ্গে তিনটি পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। প্রথমত, দক্ষতা সনদে নয়, কাজে। একজন সেলাই অপারেটর ঘণ্টায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করেন, একাধিক মেশিন চালান এবং আন্তর্জাতিক ক্রেতার মাননিয়ন্ত্রণে উত্তীর্ণ হন। এ দক্ষতা হাতে-কলমে অর্জিত, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। শিক্ষাহীনদের মধ্যে মাত্র ১.২৫ শতাংশ বেকারত্বই প্রমাণ করে, শ্রমবাজার এ প্রস্তুতিকে মূল্য দেয়। দ্বিতীয়ত, কম শিক্ষা কম মজুরির যুক্তি হতে পারে না। ন্যূনতম মজুরির আইনি উদ্দেশ্য হলো একজন প্রবেশস্তরের শ্রমিক ও তার পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ। চাল, বাসাভাড়া কিংবা সন্তানের স্কুলের খরচ শ্রমিকের সনদ দেখে কম হয় না। তৃতীয়ত, কম মজুরি কম শিক্ষার দুষ্টচক্রকে টিকিয়ে রাখে। বিজিএমইএ’র নেতারাও স্বীকার করেছেন, শিল্পের আধুনিকায়নে শিক্ষিত ও দক্ষ জনবল দরকার, অথচ তা অপ্রতুল। ন্যায্য মজুরি শ্রমিকের সন্তানের মাধ্যমিক শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করে এবং অটোমেশনের যুগে উচ্চদক্ষ জনবলের ভিত্তি গড়ে তোলে।

পোশাক শ্রমিক বনাম বিশ্ববিদ্যালয় স্নাতক

পোশাক শ্রমিকদের বেশিরভাগ মাধ্যমিকের নিচে, ৮২ শতাংশ এসএসসির আগেই ঝরে পড়েছেন। অন্যদিকে স্নাতকরা স্নাতক বা তার বেশি ডিগ্রিধারী, যাদের প্রায় ৬০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের। শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, প্রাতিষ্ঠানিক শিক্ষাহীনদের মধ্যে বেকারত্ব ১.২৫ শতাংশ; স্নাতকদের মধ্যে ১৩.৫৪ শতাংশ, অর্থাৎ ৮ লাখ ৮৫ হাজার জন। পোশাক শ্রমিকের আইনি ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, বার্ষিক বৃদ্ধিসহ প্রায় ১৩ হাজার ৫০০ টাকা। দেশি বেসরকারি প্রতিষ্ঠানে নতুন স্নাতকের শুরুর বেতন সাধারণত ২০ থেকে ৩০ হাজার টাকা। পোশাক শ্রমিকরা জোগান দেন রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ; স্নাতকদের বড় অংশ এখনো শ্রমবাজারের বাইরে বা অর্ধবেকার। শ্রমিকের ক্ষেত্রে জীবনধারণ ব্যয়ের তুলনায় কম মজুরি এবং প্রকৃত মজুরির প্রায় ১৫ শতাংশ পতন; স্নাতকের ক্ষেত্রে কাজের অভাব ও দক্ষতার অমিল।

যে দেশে সবচেয়ে কম সনদধারী মানুষ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন, আর সবচেয়ে বেশি সনদধারী তরুণ কর্মহীন থাকেন, সেখানে মজুরিকে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে বিচার করা অর্থনৈতিকভাবে ভুল এবং নৈতিকভাবে অন্যায্য। পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি, আর স্নাতকের অর্থবহ কর্মসংস্থান আলাদা সমস্যা নয়; দুটিই একই প্রশ্নের উত্তর চায়: বাংলাদেশ উৎপাদনশীল শ্রমকে কতটা মূল্য দেয়। আমরা আশা করি, নতুন মজুরি বোর্ড আবেগ বা চাপের বশবর্তী না হয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি ন্যায্য, বাস্তবায়নযোগ্য ও টেকসই মজুরি কাঠামো নির্ধারণ করবে।

ড. আরিফুর রহমান : অধ্যাপক, ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)

[email protected]

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম