Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

Icon

ড. লুবনা চৌধুরী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

ফাইল ছবি

Advertisement

ঢাকা শুধু একটি শহর নয়, এটি একের পর এক বৃত্ত তৈরির গল্প। একই শহরের ভেতরে রয়েছে ভিন্ন ভিন্ন জীবনধারা, সংস্কৃতি, শ্রেণি ও স্বপ্নের বহু জগৎ। ঢাকাকে উপর থেকে দেখলে মনে হয় এটি একটি শহর। কিন্তু একটু ভেতরে ঢুকলেই বোঝা যায়-ঢাকা আসলে এক শহরের ভেতরে বহু শহরের সমষ্টি। রাস্তা বদলালে শুধু ঠিকানা বদলায় না, বদলে যায় মানুষের জীবনযাপন, পোশাক, খাবার, শিক্ষা, বিনোদন, ভাষা, সামাজিক সম্পর্ক, এমনকি স্বপ্নও। তাই ঢাকা যেন এক বিশাল ‘বৃত্তের মধ্যে বৃত্ত’। একদিকে পুরান ঢাকার সরু গলি, পুরোনো বাড়ি, কাচ্চি, শরবত, আতরের গন্ধ, মহল্লার আড্ডা ও দীর্ঘদিনের পরম্পরা সম্পর্ক; অন্যদিকে গুলশান, বনানী-করপোরেট অফিস, কফিশপ, আন্তর্জাতিক ব্র্যান্ড, রেস্টুরেন্ট ও বিশ্বায়িত জীবনযাপনের ছাপ। ধানমণ্ডি গড়ে তুলেছে নিজস্ব সাংস্কৃতিক বৃত্ত। উত্তরা তৈরি করেছে আরেকটি আধুনিক আবাসিক জগৎ। আর বসুন্ধরা যেন ঢাকার ভেতরে একটি আলাদা শহর।

পূর্বাচল আবার ঢাকার ভবিষ্যৎ বৃত্ত। পরিকল্পিত নগরায়ণ, প্রশস্ত রাস্তা, নতুন আবাসিক এলাকা ও নতুন প্রতিষ্ঠান নিয়ে এটি ধীরে ধীরে আরেকটি নগরকেন্দ্র হয়ে উঠছে। আজকে যে এলাকা নতুন, আগামী দিনে সেখানেও তৈরি হবে যাপিত জীবনের নিজস্ব অনুষঙ্গ। এভাবে ঢাকা শুধু আয়তনে বড় হচ্ছে না, নিজের ভেতরেও নতুন নতুন কেন্দ্র সৃষ্টি করছে। এই বৃত্তের মধ্যে ক্যান্টনমেন্টও একটি বিশেষ বৃত্ত। ভৌগোলিকভাবে এটি ঢাকার অংশ হলেও এর রয়েছে নিজস্ব পরিবেশ, নিয়ম, নিরাপত্তা ও আবাসন ব্যবস্থা।

ঢাকার সবচেয়ে আকর্ষণীয় বৃত্তগুলোর একটি তৈরি হয়েছে শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে। একই শহরে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পাশাপাশি চললেও শিক্ষার্থীদের অভিজ্ঞতা এক নয়। পাবলিক ও প্রাইভেট শিক্ষাব্যবস্থার সুযোগ-সুবিধা, ভাষা, পোশাক, বন্ধুত্বের পরিসর এবং ভবিষ্যতের স্বপ্নে পাথর্ক্য দেখা যায়। একই যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের পাঠ্যক্রম, সামাজিক পরিচয় ও সুযোগের পরিসর ভিন্ন হতে পারে। অর্থাৎ শিক্ষার পার্থক্য শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, কখনো কখনো সামাজিক আত্মপরিচয়ের মধ্যেও পার্থক্য তৈরি করে। ফলে ঢাকার আরেকটি সামাজিক মানচিত্রের বৃত্ত তৈরি হয়।

ঢাকার রাস্তার দূরত্ব কখনো অর্থনৈতিক দূরত্বের তুলনায় খুবই ছোট। একই শহরে কেউ গুলশানের অভিজাত অ্যাপার্টমেন্টে বসে অনলাইন মিটিং করছেন, আবার কেউ সেই ভবনের নিরাপত্তাকর্মী হিসাবে বারো ঘণ্টা দাঁড়িয়ে আছেন। দুজনের ঠিকানা একই শহর, কিন্তু ভিন্ন পৃথিবী। একই মহাসড়কে লোকাল বাস, প্রাইভেটকার, সিএনজি, রিকশা এবং হালের ব্যাটারিচালিত রিকশা, মোটরবাইক-সব যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে চলেছে। অ্যাম্বুলেন্সকেও অপেক্ষা করতে হয় অন্যদেরকে পথ করে দেওয়ার জন্য।

সবচেয় মজার বিষয় হলো, একই শহরের সবাই ‘ঢাকাবাসী’, কিন্তু সবাই একই ঢাকা দেখেন না। ঢাকার অঞ্চল বদলালে পোশাকের ভাষাও বদলে যায়। কোথাও অফিসের ফরমাল পোশাক, কোথাও ব্র্যান্ডেড ক্যাজুয়াল পোশাক, কোথাও পায়জামা পাঞ্জাবি, তাঁত বা ঢাকাই জামদানি, কোথাও বোরকা, হিজাব, কোথাও জিনস-প্যান্ট, স্নিকার্স। আবার পুরান ঢাকার কোনো গলিতে আনারকলি কিংবা মোগলই আজমের পোশাকেও দেখা যেতে পারে কাউকে। ঢাকার পোশাক তাই অনেক সময় হয়ে ওঠে এলাকা, শ্রেণি, পেশা ও প্রজন্মের পরিচয়পত্র।

এক সময় ঢাকার বিনোদন ছিল অনেকটাই সামষ্টিক। সিনেমা হল, রমনা পার্ক, বই মেলা, বৈশাখী মেলা, নাটক পাড়া, ঢাবির টিএসসিতে সাংস্কৃতিক চর্চার আড্ডা ছিল জমজমাট। কিন্তু হালে বিনোদনের বৃত্ত ভেঙে গেছে। হারিয়েছে সর্বজনীনতা। এখন কেউ কফিশপে সময় কাটান, কেউ জিমে যান, কেউ শপিংমলে ঘোরেন, কেউ রেস্টুরেন্টের ছবি তুলে ইন্সটাগ্রামে দেন। কেউ নেটফ্লিক্সে মজে থাকেন, কেউ টিকটক বা রিলসে হেলদি সময় কাটান। পরিবারের ক্ষেত্রেও তাই। প্রজন্ম বিভাজনের ধারণা অনেক আগেই প্রকাশ হলেও বিশ শতকের শেষভাগে জেনারেশন এক্স, ওয়াই, জেড জনপ্রিয় হয়ে ওঠে। জেন-এক্সের স্মৃতিতে রেডিও, ক্যাসেট, টিভি ও সিনেমা রয়েছে। তারা এনালগ থেকে ডিজিটাল যুগের রূপান্তর দেখেছেন। মিলেনিয়ালস/ওয়াই উচ্চশিক্ষা ও ক্যারিয়ারমুখী; দেখেছে ভিডিও, ক্যাসেট, সিডি, ডিভিডি, পরে ইউটিউবের দিকে যাত্রা, জেন-জেড ইন্টারনেট ও স্মার্টফোনে বেড়ে ওঠা। তারা বৈচিত্র্য ও ব্যক্তিসত্তাকে গুরুত্ব দেয়। জেন-আলফা জন্ম থেকেই স্মার্টফোন, এআই ও ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পরিচিত। জেন-বেটার কাছে এআই, অটোমেশন ও স্মার্টফোন প্রযুক্তি হবে জীবনের স্বাভাবিক অংশ। এখানেও সমাজবিজ্ঞানী ও জনসংখ্যাবিদরা বৃত্তের ছক এঁকে দিয়েছেন। ইদানীং পরিবারের বিনোদনে তাই দেখা যায়, একই ড্রয়িং রুমে চার সদস্য পাশাপাশি বসে ভিন্ন স্ক্রিনে বিনোদন নিচ্ছেন।

প্রযুক্তি ঢাকার দূরত্ব কমিয়েছে। রাইড শেয়ারিং, ফুড পান্ডা, অনলাইন শপিং, ডিজিটাল পেমেন্ট শহরকে সহজ করেছে। কিন্তু অদৃশ্য আরেকটি বৃত্তও তৈরি করেছে। সমাজে পারস্পরিক সম্পর্কে। আগে ঢাকায় পাড়ার মানুষ একে অপরকে চিনতেন। এখন অ্যাপার্টমেন্ট কালচারে পাশের ফ্ল্যাটে কে থাকেন, সেটাও অনেক সময় জানা থাকে না। আধুনিকতার চাপে ঢাকা প্রতিবেশীহীন হয়ে চলেছে।

ঢাকার গল্প আসলে তার ভৌগোলিক বিস্তারেরও গল্প। এক সময় বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা পুরান ঢাকা ছিল শহরের প্রাণকেন্দ্র। পরে শহর ছড়িয়ে গেছে রমনা, মতিঝিল, ধানমণ্ডি, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, উত্তরা হয়ে আরও পূর্বদিকে। বসুন্ধরা ও পূর্বাচল সেই রূপান্তরের প্রথম ধাপ। বলা যায়, ঢাকা শুধু বড় হচ্ছে না, নিজের ভেতরেই নতুন নতুন কেন্দ্রও তৈরি করছে।

ঢাকার আসল বৈশিষ্ট্য এখানেই। এটি শুধু একটি শহরই নয়, এটি বহু জীবনযাপনের সমষ্টি। এখানে বহু শহরের সহাবস্থান। কিন্তু বৃত্তগুলো যদি একে অপরকে না চেনে, তাহলে শহর বড় হবে, মানুষ কাছাকাছিও থাকবে, কিন্তু সম্পর্কগুলো দূরে সরে যাবে। তাই ভবিষ্যতের ঢাকাকে রক্ষা করতে আমাদের কিছু বিষয়কে প্রাধান্য দিতে হবে। যেমন-অপরিকল্পিত ভবন ও বসতি নিয়ন্ত্রণ; পার্ক, খাল, পুকুর ও জলাভূমি সংরক্ষণ; ড্রেনেজ ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে। ব্যক্তিগত গাড়ির নির্ভরতা কমিয়ে বিকল্প পথ উন্মুক্ত করে যানজটমুক্ত করতে হবে। পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা, বায়ু ও শব্দদূষণ হ্রাস, শিক্ষার সুযোগে সমতা এবং বিভিন্ন এলাকার মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে। এর জন্য কেবল সেমিনার, সিম্পোজিয়ামে আটকে থাকলে চলবে না। বাস্তবায়ন করা জরুরি।

ঢাকা একইসঙ্গে সম্ভাবনা ও বৈষম্যের, সংযোগ ও বিচ্ছিন্নতার শহর। তাই ভবিষ্যতের ঢাকা যেন কেবল বড় না হয়, বরং মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত নগরীতে পরিণত হয়, যেখানে ভিন্ন ভিন্ন বৃত্ত পাশাপাশি থাকবে, কিন্তু একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে না।

ড. লুবনা চৌধুরী : গবেষক, বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

একই অর্থনীতির দুই বিপরীত চিত্র

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

এক শহরের ভেতরে অনেক শহরের গল্প

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম