আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধের কেন্দ্রে ইসরাইল
ড. রামজি বারুদ
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ঠিক সকালবেলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতদৃষ্টিতে চমকে দেওয়ার মতো এক ঘোষণা দেন-ইসরাইলকে আর কোনো সহায়তা দেওয়া হবে না। ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘বিবি নেতানিয়াহু এবং আমি একটি সমঝোতায় পৌঁছেছি। আমরা ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিয়ে থাকি, এবং কয়েক মাস আগেই আমাদের মধ্যে চুক্তি হয় যে আমরা এটি বন্ধ করে দিচ্ছি।’ এরপরই তিনি আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী দুটি মন্তব্য করেন : ‘আমরা ইসরাইলকে আর অর্থ দেব না,’ এবং ‘তাদের প্রয়োজন হলে আমরা ইসরাইলকে সাহায্য করব।’
প্রকৃতপক্ষে, যারা দীর্ঘদিন ধরে ইসরাইলে মার্কিন অর্থায়নের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছেন, তাদের মধ্যে এ ঘোষণা নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। এ নিরুৎসাহের পেছনে দুটি কারণ রয়েছে : খুব কম মানুষই ট্রাম্পের প্রতিশ্রুতিকে গুরুত্বের সঙ্গে নেয়, এবং তার এ মন্তব্যকে আসন্ন এক বিপর্যয়কর নির্বাচনি ফলাফল ঠেকানোর মরিয়া চেষ্টা হিসাবেই দেখা হয়। শেষ পর্যন্ত এ নির্বাচনে রিপাবলিকান পার্টি তাদের ইতিহাসের অন্যতম লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ে; সিনেট ও প্রতিনিধি পরিষদ-উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা।
এ ঘটনার পর রিপাবলিকানরা দ্রুতই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়, আর ট্রাম্পও বিরল এক স্বীকারোক্তিতে জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধই তাদের এ পরাজয়ের পেছনে ভূমিকা রাখে। ২০২৮ সালের নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বিবেচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেন। ৪ নভেম্বর এক টুইট বার্তায় ভ্যান্স লেখেন, ‘যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ।’ একই সঙ্গে তিনি ‘ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক পরিবর্তন করার’ জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। সরাসরি ইসরাইলের নাম নেওয়ায় দলের ভেতর কারও কারও সমালোচনার মুখে পড়েন ভ্যান্স। তবে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন যে এক বড় রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে, তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত আসে খোদ ট্রাম্পের কাছ থেকেই।
প্রথমত, নির্বাচনের দিন তড়িঘড়ি করে দেওয়া তার ওই ঘোষণা ছিল ভোট দেওয়ার আগে ভোটারদের প্রভাবিত করার এক সুস্পষ্ট চেষ্টা। ট্রাম্পের সেই চেষ্টা ব্যর্থ হয়; তবে এর মধ্য দিয়ে তিনি প্রকাশ করে দেন যে, তাদের এ রাজনৈতিক বিপাকের পেছনে ইসরাইল যে একটি বড় কারণ হয়ে উঠেছে, তা তিনি ও তার দল ভালোভাবেই বুঝতে পারেন। এমনকি ট্রাম্প এই ৪ বিলিয়ন ডলারের সহায়তাকে একটি ‘অস্বস্তিকর রাজনৈতিক ইস্যু’ হিসাবে বর্ণনা করেন এবং অভিযোগ করেন, সমালোচকরা এটিকে রিপাবলিকানদের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। দ্বিতীয়ত, ইরানযুদ্ধ রিপাবলিকানদের ক্ষতি করেছে-ট্রাম্পের এমন স্বীকারোক্তি ইসরাইলের সেই সংশ্লিষ্টতাকেই সামনে নিয়ে আসে, যা ভ্যান্স আরও প্রকাশ্যে তুলে ধরতে প্রস্তুত ছিলেন।
ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ আমেরিকার যুদ্ধ ছিল না। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের দীর্ঘদিনের উচ্চাকাক্সক্ষার অংশ হিসাবে এটি ছিল মূলত নেতানিয়াহুর যুদ্ধ, যার সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য চুকাতে হয় ওয়াশিংটনকে। পরিহাসের বিষয় হলো, ওয়াশিংটনের নিজস্ব ‘২০২৬ জাতীয় প্রতিরক্ষা কৌশলে’ মার্কিন ভূখণ্ড রক্ষা এবং পশ্চিম গোলার্ধজুড়ে আমেরিকার স্বার্থ সুসংহত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে চিহ্নিত করা হয়। অথচ ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরেকটি বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়ে।
মূলধারার গণমাধ্যমের বাইরে কাজ করা স্বাধীন সাংবাদিক ও বিশ্লেষকদের কল্যাণে আমেরিকানরা এখন এ ব্যাপারে ক্রমেই সচেতন হয়ে উঠছে যে, এই সম্পর্ক তাদের দেশের অর্থনীতি, সামরিক অবস্থান এবং আন্তর্জাতিক সুনামের কতটা ক্ষতি করেছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপ অনুযায়ী, নিবন্ধিত আমেরিকান ভোটারদের ৪৮ শতাংশই এখন মনে করে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে; অথচ ২০১৭ সালের জানুয়ারিতে এই হার ছিল মাত্র ১৬ শতাংশ। জনগণের এই ক্রমবর্ধমান সচেতনতা এবং মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে ঘটে যাওয়া বিশাল পটপরিবর্তনও অবশ্য কোনো দৃশ্যমান ও স্থায়ী পরিবর্তনের নিশ্চয়তা দেওয়ার জন্য যথেষ্ট নয়। তা সত্ত্বেও মধ্যবর্তী নির্বাচনের এ ফলাফল বড় এক আশার আলো দেখায়, আমেরিকার সব আশা এখনো ফুরিয়ে যায়নি; বরং দেশটির পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণকারী প্রভাবশালী মহল, বড় দাতাগোষ্ঠী এবং গোপন এজেন্ডাগুলোকে চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট বুদ্ধি ও মানসিক জোর সাধারণ মানুষের রয়েছে।
এখানে একটি মৌলিক শিক্ষণীয় বিষয় রয়েছে; কথার ফুলঝুরিতে আমেরিকানরা আর সন্তুষ্ট থাকতে পারে না। আর এ বিষয়টিই আমাদের আবার ট্রাম্পের ঘোষণার দিকে ফিরিয়ে নেয়। বৈদেশিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে ইসরাইল বরাবরই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গ্রহীতা। ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর হিসাব অনুযায়ী, মুদ্রাস্ফীতি সমন্বয় করলে ১৯৪৮ সাল থেকে ইসরাইলকে দেওয়া মার্কিন সহায়তার পরিমাণ ৩০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তবে এই বিশাল অঙ্কও এক্ষেত্রে পুরো চিত্রের অর্ধেকটাও তুলে ধরে না। ঘোষিত বার্ষিক ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার বাইরেও ইসরাইলের যুদ্ধগুলোতে অর্থায়নের জন্য ওয়াশিংটন বরাবরই নানা পথ বের করে নেয়। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি আইনে স্বাক্ষর করে নিয়মিত বার্ষিক বরাদ্দের বাইরেও ইসরাইলকে অতিরিক্ত ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের সরাসরি সামরিক সহায়তা দেন। এ অর্থের মধ্যে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত বৈদেশিক সামরিক অর্থায়ন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য ৫ দশমিক ২ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত ছিল।
অর্থায়নের এ বিশেষ কৌশলগুলোই প্রমাণ করে, নিয়মিত সহায়তা রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে পড়লেও ওয়াশিংটন কীভাবে ইসরাইলি সামরিক বাহিনীতে অর্থায়ন অব্যাহত রাখতে পারে। আর এটি তো পুরো চিত্রের শুধু একটি অংশমাত্র। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন প্রস্তাব নিয়ে ভাবছে কংগ্রেস, যার মাধ্যমে পেন্টাগনের গবেষণা, উন্নয়ন এবং ক্রয়সংক্রান্ত খাতে আরও বেশি ব্যয় স্থানান্তর করা হতে পারে। মূল কথা হলো, প্রচলিত বৈদেশিক সহায়তার তকমা ছাড়াই ইসরাইল মার্কিন সামরিক ব্যয়ের শত শত কোটি ডলার থেকে সুবিধা পাওয়া অব্যাহত রাখতে পারবে। সুতরাং ট্রাম্প যা প্রস্তাব করছেন, তা মূলত চোখে ধুলো দেওয়ার এক কৌশল-সামরিক সম্পর্ক অক্ষুণ্ন রেখে এবং ক্ষেত্রবিশেষে তা আরও বিস্তৃত করে শুধু রাজনৈতিকভাবে ক্ষতিকর ‘সহায়তা’ শব্দটির তকমা মুছে ফেলা।
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তো এ ধরনের কিছু উদ্যোগ আটকে দিতে পারে। কিন্তু অনেক ডেমোক্র্যাট এখনো ইসরাইলের কট্টর সমর্থক, আর ‘আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ (আইপ্যাক) কংগ্রেস নির্বাচনগুলোকে প্রভাবিত করতে বিপুল অর্থ ব্যয় করে যাবে। এটি ঠিক যে, এ লবির সঙ্গে সংশ্লিষ্টতা কিছু প্রার্থীর জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে নিজেদের প্রভাব ধরে রাখতে আইপ্যাক এবং এর মিত্ররা বিকল্প কৌশল, রাজনৈতিক মাধ্যম ও জোট খুঁজবে বলেই ধারণা করা যায়। আপাতত সুখবর হলো, সচেতন আমেরিকানদের প্রজন্মের পর প্রজন্মের অক্লান্ত পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করেছে। তাদের এ প্রচেষ্টার কল্যাণেই লাখ লাখ আমেরিকান এখন উপলব্ধি করতে শুরু করেছে, ইসরাইল তাদের দেশের কোনো বন্ধু নয় এবং এ অশুভ সম্পর্কের চিরতরে অবসান ঘটানো জরুরি।
মিডল ইস্ট মনিটর থেকে ভাষান্তর : পরম ওয়াজেদ শিকদার
ড. রামজি বারুদ : সাংবাদিক; গ্রন্থকার ও সম্পাদক, দ্য প্যালেস্টাইন ক্রনিকল
