Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

নিউইয়র্কের চিঠি

ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

Icon

আনোয়ার হোসেইন মঞ্জু

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে নব্য-ফ্যাসিবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপাকে পড়েছেন। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের জন্য প্রশাসনিক ক্ষমতা প্রয়োগকে ঢালাও স্বীকৃতি দেওয়ার সুযোগ আর নেই। তার সাংবিধানিক এখতিয়ার প্রয়োগেও তাকে হিসাব করে পা ফেলতে হবে। নির্বাচনি ভূমিকম্প ট্রাম্পের সাম্রাজ্যের কেন্দ্রস্থলে আঘাত হানার ফলে রিপাবলিকানদের পরাজয়ের অভিঘাত যুক্তরাষ্ট্রের সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। ট্রাম্পের ঔদ্ধত্যের ওপর ভর করে যে তাসের ঘর গড়ে উঠেছিল, যে ঔদ্ধত্য বিভিন্ন জাতির সার্বভৌমত্বকে পদদলিত করতে চেয়েছিল, সেই তাসের ঘর ডেমোক্র্যাটদের বিজয়ের তোড়ে অনেকটাই ভেসে গেছে। ট্রাম্পের ক্ষমতা সীমিত হয়ে পড়ায় দেশে দেশে তার তাঁবেদার ও আশ্রিতরা তাদের আশ্রয়-প্রশ্রয় ও আশা-ভরসার স্থল আপাতত হারিয়ে ফেলেছে বললে বোধহয় বাড়িয়ে বলা হবে না। এ কথাও বলা যায়, পুরোনো পৃথিবী বিলুপ্তির পথে এবং নতুন এক পৃথিবীর জন্ম হচ্ছে।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট-উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের জয়লাভ অপ্রত্যাশিত ছিল না। নির্বাহী আদেশ কার্যকর করার নামে ট্রাম্প দেশে-বিদেশে মানুষের ওপর যে নিপীড়নমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছিলেন, তা সৃষ্টি করেছিল পুঞ্জীভূত ঘৃণার, যার ইতিবাচক কোনো ফল পাওয়ার আশা রিপাবলিকানদের ছিল না। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এ নতুন সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের গত দুই বছরের অপকর্মের ওপর তদন্ত পরিচালনা করতে পারবে। প্রেসিডেন্ট ও রিপাবলিকান এজেন্ডাকে পদে পদে বাধাগ্রস্ত করতে পারবে এবং হোয়াইট হাউজের সিদ্ধান্তগুলোর ওপর এমন কঠোর নজরদারি আরোপ করতে পারবে, যা আগে তাদের রিপাবলিকান মিত্রদের সহায়তায় এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছিল। জাতীয় স্বার্থ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন যেসব বিদেশি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার গ্যারান্টি দিয়েছিল, সেগুলো এখন কংগ্রেসের সম্ভাব্য তদন্তের লক্ষ্যবস্তুতে পরিণত হতে যাচ্ছে। এ পরিস্থিতি যে হোয়াইট হাউজের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নেই।

ইতিহাস সাক্ষী, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধাচরণকারী কোনো বিদেশি সরকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে নিজেরাই অপরাধ উদ্ভাবন করে, অভিযুক্ত নির্বাচন করে, বিদেশি ভূখণ্ডে আগ্রাসন চালায়, সরকারপ্রধানদের অপহরণ করে এবং আইনি বৈধতার প্রমাণ হিসাবে নিজেদের আদালতকেই হাজির করে অথবা সংশ্লিষ্ট দেশগুলোতে পুতুল সরকার প্রতিষ্ঠা করে ওইসব দেশের আদালতে প্রহসনের বিচারে হোয়াইট হাউজের অপছন্দনীয় ব্যক্তিদের মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে দণ্ডের ব্যবস্থা করে। ট্রাম্পের আমলে যেসব দেশের সরকার যুক্তরাষ্ট্রের নীতি ও খবরদারি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে, সেসব দেশের ওপর এর প্রতিক্রিয়ায় বাণিজ্যিক অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন, যার পরিণতিতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে বিশ্বদরবারে হেয়প্রতিপন্ন করেছে। অসংখ্য দেশের বাণিজ্যে আঘাত হেনেছে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করে। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঔদ্ধত্যের শিকার হয়েছে বহু দেশ। অনেক দেশের জ্বালানি, পানি ও কৃষি খাতে এর ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং দেশে দেশে জনগণের স্বাস্থ্য ও জীবন ঝুঁকির মুখে পড়েছে।

ডেমোক্র্যাটদের বিজয়ে ট্রাম্প-প্রবর্তিত আমেরিকার নব্য-ফ্যাসিবাদ, উগ্র বর্ণবাদী ডানপন্থা এবং চরম ডানপন্থার পুরোনো পৃথিবী এখন কোণঠাসা হয়ে পড়ছে। কংগ্রেসে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বিপর্যয় তার অধীনে আমেরিকান জনগণের চরম ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ, যারা কর্তৃত্ববাদী শাসনে ক্লান্ত হয়ে পড়েছিল। যদিও কংগ্রেসে ডেমোক্র্যাট বা রিপাবলিকান নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটায় না, তা সত্ত্বেও ডেমোক্র্যাটদের বিজয়ে বিশ্ব আপাত স্বস্তিবোধ করছে। আমেরিকানরা ট্রাম্পের মতো সাম্রাজ্যবাদী মনোভাবাপন্ন একজন প্রেসিডেন্টের অহংকার চূর্ণ করতে সক্ষম হয়েছে। ট্রাম্প ভেবেছিলেন, চিৎকার-চ্যাঁচামেচি ও মিথ্যার মাধ্যমে তিনি কেবল যুক্তরাষ্ট্র নয়, সমগ্র বিশ্ব শাসন করবেন কৃত্রিম ও কল্পিত শত্রু তৈরির মাধ্যমে; সত্য অস্বীকারের প্রবণতা, বর্ণবাদ, নারীবিদ্বেষ ও বিদেশিদের প্রতি ঘৃণা সৃষ্টির মাধ্যমে; অশ্বেতাঙ্গ সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং গণতন্ত্র ধ্বংসের মাধ্যমে। কিন্তু তা সম্ভব হয়নি।

এটা সত্য, রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ফলে ট্রাম্প বিপাকে পড়েছেন। তবে সাধারণভাবে যুক্তরাষ্ট্রের এবং বিশেষভাবে বিশ্বের যেসব স্থানে যুদ্ধ ও হত্যাযজ্ঞ চলছে-ফিলিস্তিন, ইরান, ইয়েমেনসহ পশ্চিম এশিয়ার জনগণের জন্য ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডেমোক্র্যাটিক পার্টির সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে জয়লাভের ফলে সহসাই বিপরীত চিত্র দেখা যাবে-এমন আশাবাদ পোষণ করার কোনো যৌক্তিক কারণ নেই। রাজনৈতিক বিজয় উদ্যাপন তখনই অর্থবহ হতে পারে, যখন বিজয়ী দল বর্তমান ভয়াবহ পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন কোনো পথ বা উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তব পদক্ষেপ গ্রহণ করে। ডেমোক্র্যাটিক পার্টির জয়কে স্বাগত জানানোর অর্থ হলো-গাজার ধ্বংসস্তূপ, দক্ষিণ ইরানের মিনাবে সংঘটিত হত্যাকাণ্ড এবং এ অঞ্চলে বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ধরে রাখা উভয় দলের অনুসৃত পররাষ্ট্রনীতির সহিংস উত্তরাধিকারকে উপেক্ষা করা।

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে যে উভয় দলীয় অভিন্ন ঐকমত্য কয়েক দশক ধরে বজায় রয়েছে, তা বিশ্লেষণ করলেই উপলব্ধি করা সহজ হয়, দল দুটির মধ্যে দৃশ্যমান বিভাজন প্রকৃত অর্থে এক ধরনের বিভ্রম। যারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পক্ষে এবং ঔপনিবেশিক যুগ-পরবর্তী নব্য-সাম্রাজ্যবাদ বজায় রাখার বিপক্ষে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের কাছে ডেমোক্র্যাটদের জয় বাস্তব রাজনৈতিক সংস্কারের নিশ্চয়তা দেয় না। বরং এটি একটি কৌশলগত সমন্বয়, যা বিশ্বে আমেরিকান সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে একটি বাহ্যিক পরিবর্তন মাত্র। ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণ রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের সেই প্রচলিত ও বিভ্রান্তিকর রাজনৈতিক ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে, যা আমেরিকান নির্বাচনকে শুধু দুটি বিপরীত মেরুতে বিভাজন করে প্রদর্শন করে; অর্থাৎ, একতরফা ও যুদ্ধপ্রবণ রিপাবলিকান পার্টির বিপরীতে কূটনীতি ও মানবাধিকারকেন্দ্রিক ডেমোক্র্যাটিক পার্টি। পশ্চিম এশিয়ার দেশগুলো, যেগুলোর অধিকাংশই মুসলিম দেশ, তাদের ক্ষেত্রে ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলই প্রাতিষ্ঠানিক আধিপত্য, সামরিক হস্তক্ষেপ এবং ঔপনিবেশিক কর্তৃত্বের একই মতাদর্শের ভিত্তিতে কাজ করে।

রিপাবলিকানরা যেখানে সরাসরি একতরফা পদক্ষেপ এবং উসকানিমূলক যুদ্ধংদেহী বক্তব্যের মাধ্যমে আগ্রাসন চালায়, সেখানে ডেমোক্র্যাটরা একই ধরনের নীতি বাস্তবায়ন করে রীতিভিত্তিক আন্তর্জাতিকতাবাদ ও প্রাতিষ্ঠানিক কূটনীতির মোড়কে। গাজা, তেহরান, বৈরুত বা সানার মানুষের জন্য চূড়ান্ত পরিণতির কোনো অবসান ঘটে না। ধারাবাহিকভাবে চলতে থাকে কাঠামোগত সহিংসতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক ধ্বংসযজ্ঞ।

ডেমোক্র্যাটিক নেতৃত্বের অতীত ও বর্তমানের ওপর যে বিপর্যয়কর উত্তরাধিকার চেপে আছে, তার পরিপ্রেক্ষিতে দলটির নির্বাচনি সাফল্যের মধ্যেও এমন কোনো পররাষ্ট্রনীতি দেখার সম্ভাবনা ক্ষীণ, যা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রভাবমুক্ত হবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কেবল কূটনীতির ক্ষেত্রে ভুল হিসাবই করেনি, বরং তারা সক্রিয়ভাবে এমন কর্মকাণ্ডকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করেছে, যাকে আন্তর্জাতিক আইনি সংস্থা, মানবাধিকার সংগঠন এবং বিশ্বজুড়ে বিশ্লেষকরা গাজায় সংঘটিত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নিরীহ বেসামরিক হত্যাকাণ্ডকে জাতিগত নির্মূল অভিযান ও ‘গণহত্যা’ হিসাবে বিবেচনা করেন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের অধিকাংশই গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনার জন্য তাদের কাছে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছেন। এর বিরোধিতা করার প্রয়োজন অনুভব করেননি। জো বাইডেনের মেয়াদেই ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর ডেমোক্র্যাট নেতা ও কংগ্রেস সদস্যদের নীরবতা পালনের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরাইলকে বিলিয়ন ডলারের শর্তহীন সামরিক সহায়তার অনুমোদন দেয়। এর মাধ্যমে ইসরাইলি শাসকের হাতে ভারী অস্ত্র তুলে দেওয়া হয়, যেসব অস্ত্র ব্যবহার করে ইসরাইলি বাহিনী অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং সমগ্র গাজা উপত্যকায় বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ডেমোক্র্যাটিক প্রশাসন বারবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করায় যুদ্ধবিরতি কার্যকর করার এবং যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়েছে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাট সাফল্যে উচ্ছ্বাস থিতিয়ে আসার পর একটি মূল প্রশ্ন রয়েই যাবে : বিশ্ব কি গণতান্ত্রিক নবায়নের প্রকৃত জয় দেখছে, নাকি নতুন ব্যবস্থাপনার অধীনে সাম্রাজ্যেরই এক নতুন মোড়কে উপস্থাপিত রূপ দেখছে? সময়ই এর উত্তর দেবে।

আনোয়ার হোসেইন মঞ্জু : সিনিয়র সাংবাদিক

Advertisement

Advertisement

আরও পড়ুন

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

নিউইয়র্কের চিঠি ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধের কেন্দ্রে ইসরাইল

আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধের কেন্দ্রে ইসরাইল

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম