Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

জনপ্রত্যাশা ও বিএনপির চ্যালেঞ্জ

Icon

চিন্ময় মুৎসুদ্দী

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনপ্রত্যাশা ও বিএনপির চ্যালেঞ্জ

Advertisement

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর রাজনৈতিক অঙ্গনে প্রথম পর্বে বিএনপির ব্যাপক সাফল্য আমরা লক্ষ করেছি। জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন লাভ এবং অন্যান্যবারের তুলনায় বেশি ভোট পাওয়া সেই সাফল্যের প্রমাণ। মন্ত্রিসভা গঠনের পর শুরু হলো দ্বিতীয় পর্ব। এ পর্বটির সাফল্য-ব্যর্থতা চিহ্নিত করার জন্য অপেক্ষা করতে হবে।

নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে থেকেই বিভিন্ন আলোচনা সভা ও টিভির টকশোতে আলোচকরা অনেক প্রত্যাশার কথা বলেছেন। সংবাদপত্রে প্রত্যাশার কথা জানিয়ে কলাম লিখেছেন বিশিষ্ট পেশাজীবী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। তবে আমরা অতীতে দেখেছি, এ ধরনের মতামত ও প্রত্যাশার প্রতি খুব একটা গুরুত্ব দেননি ক্ষমতাসীন রাজনীতিবিদরা। এবার অবশ্য পরিস্থিতি বেশ ভিন্ন।

স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম দিন থেকেই তারেক রহমানের চলাফেরা, কথাবার্তা নতুনত্বের বার্তা দিয়েছে। চিরাচরিত ধারায় প্রথম জনসভা ট্রাফিক জ্যাম আর জনদুর্ভোগের দিক বিবেচনা করে সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যভিনিউতে না করে পূর্বাচলে আয়োজন করা হয়। প্রথম দিনের ভাষণেই কথাবার্তায় সংযমের পরিচয় দিয়েছেন তিনি। অতীতের ত্রুটিগুলো স্পষ্ট করেছেন; কিন্তু কারও নাম ধরে সমালোচনা করেননি। বরং আগের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। সবাইকে অতীতচারী না হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এবার নির্বাচনের ফলাফল দেখে অতি-উচ্ছ্বাস প্রকাশ করে কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ না করার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান। অতীতে এ ধরনের মিছিল থেকে নেতিবাচক ঘটনা ঘটেছে। নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান খুব স্পষ্ট করে বলেছেন, কোনো অবস্থাতেই প্রতিহিংসা নয়। তার মূল বক্তব্য ছিল বিভাজন নয়, ঐক্য; সংঘাত নয়, সহযোগিতা এবং স্থবিরতা নয়, অর্থনৈতিক পুনর্গঠন।

নতুন ধারার রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য এটি অপরিহার্য। এরই ধারাবাহিকতায় তিনি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এবং আরেক প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলামের বাসায় গেছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। একই উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের বাসায়ও যান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এ পদক্ষেপ এর আগে কেউ কখনো গ্রহণ করেননি। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্য ও পুনর্গঠনের যে ডাক দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী, এর মধ্য দিয়ে জনগণের তাৎক্ষণিক প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়। অগ্রাধিকার তিনটি হলো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। বলা যায়, জনপ্রত্যাশার প্রতি গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত এসেছে। সিদ্ধান্ত গ্রহণ শেষ কথা নয়, সিদ্ধান্ত কার্যকর করাটাই চ্যালেঞ্জ।

জনগণের প্রধান প্রত্যাশা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সবার, বিশেষ করে, দরিদ্র ও মধ্যবিত্তদের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। জনপ্রত্যাশার প্রধান প্রধান আরও কয়েকটি হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নারীর নিশ্চিন্তে চলাফেরা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা নির্যাতন ও নিপীড়নের বিচার, লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি।

নতুন সরকারের প্রথম কঠিন দায়িত্ব হলো, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তৈরি। বিরাট আর্থিক বোঝা ও সীমিত সম্পদ নিয়ে উন্নয়নমুখী জনবান্ধব বাজেট সম্পর্কে এরই মধ্যে বিশিষ্ট অর্থনীতিবিদরা তাদের পরামর্শ দেওয়া শুরু করেছেন। কয়েকদিন পর সংসদ অধিবেশন শুরু হলে সংসদ-সদস্যরাও তাদের মতামত উপস্থাপন করবেন।

মন্ত্রীদের প্রথমদিনের কথায় কাজ নিয়ে তাদের সংকল্পের কথা জানা যায়। এরপরও নানা অনুষ্ঠানে তারা বক্তৃতা দিচ্ছেন। অতিরিক্ত কথা বলার প্রবণতা কখনো কখনো পুরো সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। যেমনটা হয়েছে পরিবহণ খাতের চাঁদাবাজি নিয়ে নতুন মন্ত্রীর বক্তব্যে। চাঁদাবাজিকে তিনি ‘সমঝোতা’ বলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে সড়ক ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেন, ‘সড়কে পরিবহণের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।’

চাঁদার এ নতুন সংজ্ঞায়ন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রবিউল আলম। এরপর জামায়াতের আমিরও বিষয়টি নিয়ে সরব হন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’ গণমাধ্যমও বিষয়টির সমালোচনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি নিয়ন্ত্রণের কথা খুব স্পষ্টভাবে বলেছেন। এ প্রেক্ষাপটে নতুন সরকারের সড়ক ও পরিবহণ, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের পরিবহণ খাতের চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসাবে আখ্যায়িত করার বিষয়টি সরকারের নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের বক্তব্যে একদিকে যেমন নতুন সরকার নিয়ে নাগরিকদের মাঝে ভুল বার্তা যায়, অন্যদিকে পরিবহণ খাতে যারা অনিয়ম ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদেরও উৎসাহিত করে।

আগের আমলের মন্ত্রীদের মতো কথামালার রাজনীতি পরিহার করতে হবে নতুন মন্ত্রীদের। গুরুত্ব দিতে হবে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে।

মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের সবাইকে সবার পছন্দ না-ও হতে পারে। এদের কেউ কেউ সফল হবেন, কেউ কেউ হয়তো প্রত্যাশিত সাফল্য দেখাতে পারবেন না। এ বিষয়ে প্রাথমিক মতামত দেওয়ার জন্য কমপক্ষে বছরখানেক তো অপেক্ষা করতে হবে। চূড়ান্ত মতামত আসবে আরও পরে।

বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লটের সুবিধা নেবেন না। জামায়াতে ইসলামীর আমিরও তাদের একই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছেন। জাতীয় সংসদের অন্য সদস্যরাও একই সিদ্ধান্ত নেবেন, এটাই সবার ধারণা। সংসদ-সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা চালু করেছিলেন সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। রাজনৈতিক পরিস্থিতি নিজের অনুকূলে নেওয়ার আশায় এরশাদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনীতিবিদদের লোভ দেখানোর উদ্দেশ্যেই এমন একটা আইন করেছিলেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে এ আইনটি বাতিলের সিদ্ধান্ত নিলে ভালো হয়।

বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা-সংসদ সদস্য এবং বিএনপির নেতাকর্মী সবাই লোভ, মোহ আর হিংসা ত্যাগ করতে পারলেই কেবল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। সব পদক্ষেপ গ্রহণের আগে তাই বিবেচনা করতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের স্বার্থ। চিন্তাবিদরা মনে করেন, গণতান্ত্রিক রূপান্তর মানুষের বাস্তব জীবনে যদি সুফল দিতে ব্যর্থ হয়, তবে জনতুষ্টিবাদী স্বৈরশাসনের মাধ্যমে আবারও স্বৈরতন্ত্রে ফিরে যাওয়ার আশঙ্কা বাড়ে।

চিন্ময় মুৎসুদ্দী : সিনিয়র সাংবাদিক

Advertisement

Advertisement

আরও পড়ুন

ক্ষুধার ঋতু, অনিশ্চয়তার দেশ

ক্ষুধার ঋতু, অনিশ্চয়তার দেশ

মাতারবাড়ী বন্দর : গভীরতার হিসাব ও সার্বভৌমত্বের প্রশ্ন

মাতারবাড়ী বন্দর : গভীরতার হিসাব ও সার্বভৌমত্বের প্রশ্ন

তরুণদের হারানোর আগে সমাজকে জাগতে হবে

তরুণদের হারানোর আগে সমাজকে জাগতে হবে

হালফিল বয়ান পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

পররাষ্ট্রনীতির কৌশল ও ভারসাম্যের সমীকরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম