আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
ডা. মুসাব্বির হোসাইন রুবেল
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিভিন্ন দেশে দক্ষ নার্সের চাহিদা ক্রমেই বাড়ছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি, বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রোগীর চাপ সামাল দিতে উন্নত দেশগুলো স্বাস্থ্যসেবা খাতে বিদেশে প্রশিক্ষিত নার্সদের ওপর নির্ভর করছে। ইউরোপের দেশ আয়ারল্যান্ড এক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ। দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিদেশি নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকেও নার্সদের জন্য এ শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
প্রায় ৫৪ লাখ মানুষের দেশ আয়ারল্যান্ডে ২০২৫ সালে নার্স ও ধাত্রী মিলিয়ে কর্মরত ছিলেন প্রায় ৭৭ হাজার ৯০ জন। তাদের মধ্যে বিদেশে প্রশিক্ষিত ছিলেন ৪১ হাজার ৯৫১ জন, যা মোট কর্মীর প্রায় ৫৪ দশমিক ৪ শতাংশ। তাদের মধ্যে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন ২০ হাজার ৫৬৮ জন, যুক্তরাজ্যে ৯ হাজার ৪৮৬ জন এবং ফিলিপাইনে ৬ হাজার ৯৪৬ জন। ২০২১ সালে বিদেশে প্রশিক্ষিত নার্সের সংখ্যা ছিল ২৯ হাজার ৮৩৪। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৪১ হাজার ৩৪১ জনে। এ পরিসংখ্যান প্রমাণ করে, আয়ারল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের ওপর কতটা নির্ভরশীল।
দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ডিমেনশিয়া, স্ট্রোক, হৃদরোগ, বহুমূত্র রোগসহ দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে হাসপাতাল, সেবানিবাস, পুনর্বাসনকেন্দ্র ও বাড়িভিত্তিক চিকিৎসায় নার্সের প্রয়োজন বাড়ছে। দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নার্স তৈরি হলেও ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। অবসর গ্রহণ ও পেশা পরিবর্তনের কারণেও নার্সের ঘাটতি তৈরি হচ্ছে।
বাংলাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নার্সিং শিক্ষার বিস্তার ঘটেছে। তবে বাংলাদেশে চার বছর মেয়াদি স্নাতক কোর্স, ছয় মাসের শিক্ষানবিশি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন সম্পন্ন করেও আয়ারল্যান্ডে কাজের সুযোগ স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না।
সেখানে নার্স হিসাবে কাজ করতে হলে প্রথমে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বোর্ড অব আয়ারল্যান্ডের (এনএমবিআই) মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার মূল্যায়ন করাতে হয়। শিক্ষাক্রম, তাত্ত্বিক শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ, পেশাগত নিবন্ধন ও অভিজ্ঞতা বিবেচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেয়। কারও যোগ্যতা সরাসরি গ্রহণযোগ্য হতে পারে, আবার কারও অতিরিক্ত প্রশিক্ষণ বা পরীক্ষা প্রয়োজন হতে পারে।
নিবন্ধনের জন্য ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হয়। এ ক্ষেত্রে আইইএলটিএসের শিক্ষাগত সংস্করণ অথবা স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য বিশেষভাবে তৈরি ওইটি পরীক্ষা গ্রহণযোগ্য। আইইএলটিএসে সামগ্রিক নম্বর কমপক্ষে ৭ এবং চারটি অংশের মধ্যে তিনটিতে ৭ ও একটিতে ৬ দশমিক ৫ থাকতে হয়। ওইটি পরীক্ষায় তিনটি অংশে ‘বি’ এবং একটিতে ‘সি প্লাস’ গ্রেড প্রয়োজন। পরীক্ষার ফলাফল সাধারণত দুবছরের বেশি পুরোনো হওয়া চলবে না।
এনএমবিআইয়ের মূল্যায়নে প্রয়োজন মনে হলে আবেদনকারীকে রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ডের (আরসিএসআই) অধীনে দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হয়। তবে প্রত্যেক বিদেশি নার্সের জন্য এ পরীক্ষা বাধ্যতামূলক নয়। পরীক্ষার দুটি অংশ রয়েছে। প্রথমটি তিন ঘণ্টার বহুনির্বাচনি পরীক্ষা, যেখানে ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হয়। পাশ করতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর দরকার। দ্বিতীয়টি ব্যবহারিক দক্ষতা যাচাই পরীক্ষা। এতে ১৪টি পৃথক পরিস্থিতিতে রোগীর পরিচর্যা, নিরাপত্তা, যোগাযোগ ও পেশাগত দক্ষতা মূল্যায়ন করা হয়।
পরীক্ষাটি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়। লেখায় উল্লিখিত সাধারণ পরীক্ষার ফি ২ হাজার ৮০০ ইউরো। নিয়োগকর্তা নির্দিষ্ট শর্তে সরাসরি ফি পরিশোধ করলে তা ২ হাজার ৫০০ ইউরো হতে পারে। এর বাইরে নিবন্ধন, ভাষা পরীক্ষা, যাতায়াত, থাকা-খাওয়া ও ভিসার খরচ রয়েছে।
আয়ারল্যান্ডে নার্সদের কর্মসংস্থানের সম্ভাবনাকে বিচ্ছিন্ন উদ্যোগ হিসাবে না দেখে পরিকল্পিত জনশক্তি রপ্তানির ক্ষেত্র হিসাবে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে ভারতের কেরালার অভিজ্ঞতা অনুসরণ করা যেতে পারে। সেখানে বিদেশে কাজ করতে আগ্রহী নার্সদের ভাষা শিক্ষা, পেশাগত পরীক্ষা ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্য বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
বাংলাদেশেও সরকারি-বেসরকারি অংশীদারত্বে এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব। নার্সিং কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও জনশক্তি রপ্তানিকারক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করতে পারে। নির্বাচিত নার্সদের ইংরেজি ভাষা, রোগীর সঙ্গে যোগাযোগ, সংক্রমণ নিয়ন্ত্রণ, ওষুধ প্রয়োগ এবং রোগীর নিরাপত্তাবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। যাদের দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে, তাদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রস্তুতির ব্যবস্থাও করতে হবে। একই সঙ্গে বিদেশে চাকরির নামে প্রতারণা বন্ধে কঠোর নজরদারি জরুরি। কোনো প্রতিষ্ঠান যেন নিশ্চিত চাকরি, নিবন্ধন বা পরীক্ষায় পাশের অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে নার্সদের কাছ থেকে অর্থ আদায় করতে না পারে। প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
শুধু আয়ারল্যান্ড নয়, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জার্মানি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও দক্ষ নার্সের চাহিদা রয়েছে। আয়ারল্যান্ডকে কেন্দ্র করে মানসম্মত প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে পারলে অন্যান্য দেশের শ্রমবাজারেও বাংলাদেশের নার্সদের প্রবেশের পথ সুগম হতে পারে।
তবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রয়োজনও বিবেচনায় রাখতে হবে। নার্সদের বেতন, কর্মপরিবেশ, মর্যাদা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানো জরুরি। দেশের স্বাস্থ্যসেবায় ঘাটতি তৈরি করে বিদেশে কর্মী পাঠানো দীর্ঘমেয়াদে সমাধান হতে পারে না। পর্যাপ্ত নার্স তৈরি, মানসম্মত কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সুযোগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
আয়ারল্যান্ডের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রশ্ন হলো, সেই সুযোগ কাজে লাগানোর মতো পরিকল্পনা, উদ্যোগ ও দূরদর্শিতা আমাদের আছে কি না। সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে বাংলাদেশের নার্সদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন দিগন্ত উšে§াচিত হতে পারে।
ডা. মুসাব্বির হোসাইন রুবেল : পরামর্শক চিকিৎসক, বয়স্কদের চিকিৎসা, স্ট্রোক ও জরুরি চিকিৎসা, আয়ারল্যান্ডের সরকারি স্বাস্থ্যসেবা বিভাগ
