Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি

Icon

লে. কর্নেল (অব.) মো. শাহাদাত হোসেন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২০২৬ সালের ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুদেশের নেতারা নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন। পাঁচ দশকেরও বেশি বিকশিত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এ আনুষ্ঠানিক কূটনৈতিক অর্জনের অন্তরালে রয়েছে আরও একটি শক্তি, যা দীর্ঘদিন দুদেশের সম্পর্ককে গভীর ও সমৃদ্ধ করে চলেছে। সেটি হলো জনকূটনীতি বা অনানুষ্ঠানিক কূটনীতি।

প্রথাগত কূটনীতি পরিচালিত হয় সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনীতিক ও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে। অন্যদিকে জনকূটনীতির ভিত্তি হলো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সামরিক সদস্য, সাবেক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক-যারা দুদেশের মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক, পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব গড়ে তোলেন, তারাই এ কূটনীতির মূল চালিকাশক্তি। জনকূটনীতি রাষ্ট্রীয় কূটনীতির বিকল্প নয়; বরং এটি রাষ্ট্রীয় কূটনীতিকে আরও গভীর, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার মানবিক ভিত্তি তৈরি করে।

বাংলাদেশ-চীন সম্পর্ক এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ। দুদেশের সম্পর্কের বিভিন্ন পর্যায়ে সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষাবিনিময়, বাণিজ্যিক যোগাযোগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। সরকারি বৃত্তি নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে গেছেন, ব্যবসায়ীরা ক্যান্টন ফেয়ারে অংশ নিয়েছেন এবং বিভিন্ন পেশার মানুষ দুদেশের মধ্যে যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি করেছেন। এসব উদ্যোগ সম্মিলিতভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের সামাজিক ভিত্তিকে শক্তিশালী করেছে।

প্রায় চার দশকের অভিজ্ঞতায় দেখেছি, চীন সফর শেষে অনেক বাংলাদেশি সে দেশের সমাজ, সংস্কৃতি ও মানুষের প্রতি গভীরতর উপলব্ধি নিয়ে দেশে ফেরেন। তাদের অনেকে পরবর্তী সময়ে চীনা ভাষা শিক্ষা, অনুবাদ, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা বন্ধুত্বভিত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত হন। একইভাবে বাংলাদেশ সফরকারী চীনা নাগরিকরাও এ দেশের আতিথেয়তা, সমাজ ও মানুষের অভিজ্ঞতা নিজ দেশে নিয়ে যান। এভাবেই একজন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী কিংবা সাধারণ পর্যটকও দুদেশের বন্ধুত্বের অনানুষ্ঠানিক দূত হয়ে উঠতে পারেন।

জনকূটনীতির সবচেয়ে টেকসই মাধ্যমগুলোর একটি হলো শিক্ষাবিনিময়। একজন শিক্ষার্থী যখন কয়েক বছর চীনে অবস্থান করেন, তখন তিনি শুধু পেশাগত শিক্ষা অর্জন করেন না; একই সঙ্গে একটি ভাষা, সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে পরিচিত হন। দেশে ফিরে তিনি দুই সমাজের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগের সেতু হিসাবে কাজ করতে পারেন। এ কারণে বাংলাদেশ-চীন অ্যালামনাই সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একইভাবে ভাষা ও সাংস্কৃতিক সংগঠনগুলোও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার বিস্তার, চীনা ভাষায় শিক্ষা উপকরণ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও বিভিন্ন পেশাগত যোগাযোগ দুদেশের মধ্যে একটি বিস্তৃত মানবিক নেটওয়ার্ক গড়ে তুলছে। এসব উদ্যোগের প্রভাব তাৎক্ষণিকভাবে পরিমাপ করা কঠিন হলেও দীর্ঘমেয়াদে এগুলো পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তি তৈরি করে।

বাংলাদেশ ও চীন রাষ্ট্রীয় পর্যায়েও এ বাস্তবতার গুরুত্ব উপলব্ধি করেছে। ২০২৪ সালে দুই দেশ ২০২৫ সালকে চীন-বাংলাদেশ জনগণের মধ্যে বিনিময় বর্ষ হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়। এর আওতায় শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, স্বাস্থ্য, থিংক ট্যাংক, ক্রীড়া ও যুবসমাজসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করা হয়। ২০২৬ সালের যৌথ ঘোষণায়ও শিক্ষা, গণমাধ্যম, গবেষণা, চলচ্চিত্র, প্রকাশনা, যুব, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত বিনিময় ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্বের অভিজ্ঞতাও জনকূটনীতির গুরুত্ব তুলে ধরে। ১৯৭১ সালের যুক্তরাষ্ট্র-চীন ‘পিংপং কূটনীতি’ এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্বের মধ্যে চীনা ও মার্কিন টেবিল টেনিস খেলোয়াড়দের পারস্পরিক যোগাযোগ দুদেশের সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রেখেছিল। এর শিক্ষা হলো, খেলাধুলা বা ব্যক্তিগত যোগাযোগ রাষ্ট্রীয় কূটনীতির বিকল্প নয়; তবে মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কখনো কখনো এমন সুযোগ সৃষ্টি করতে পারে, যা শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্ভব হয় না।

অর্থনৈতিক ক্ষেত্রেও জনকূটনীতির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ চীনের কাছ থেকে আরও বেশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সহযোগিতা এবং চীনা বাজারে প্রবেশের সুযোগ প্রত্যাশা করে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সহযোগিতা, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে শুধু কূটনীতিকদের ভূমিকা যথেষ্ট নয়। ব্যবসায়ীদের প্রয়োজন পারস্পরিক আস্থার নেটওয়ার্ক, শিক্ষার্থীদের প্রয়োজন নতুন সুযোগ, গবেষকদের প্রয়োজন পেশাগত যোগাযোগ এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রয়োজন কার্যকর প্ল্যাটফর্ম।

এখানেই জনকূটনীতির কৌশলগত মূল্য। এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ ও উন্নয়ন-অগ্রাধিকারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি অতিরিক্ত ক্ষেত্র তৈরি করে। চীনা বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও গবেষকদের সঙ্গে বাংলাদেশি সমকক্ষদের সরাসরি যোগাযোগ বাড়লে অর্থনৈতিক সহযোগিতা আরও বাস্তবভিত্তিক হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সম্ভাবনা ও জাতীয় স্বার্থ সম্পর্কে চীনা সমাজে সচেতনতা বাড়ে। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না থেকে সমাজের বিভিন্ন স্তরে বিস্তৃত হয়।

তবে জনকূটনীতি মানে অনিয়ন্ত্রিত কূটনৈতিক তৎপরতা নয়। এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের জাতীয় স্বার্থ সম্পর্কে সচেতন থাকতে হবে, উভয় দেশের আইন ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ব্যক্তিগত মতামতকে কখনোই রাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান হিসাবে উপস্থাপন করা যাবে না। একইভাবে সরকারকেও দায়িত্বশীল স্বাধীন উদ্যোগ এবং প্রকৃত অর্থে সরকারি অনুমোদন প্রয়োজন-এমন কর্মকাণ্ডের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন নিয়ন্ত্রণ নয়, বরং পারস্পরিক আস্থা ও অংশীদারত্ব।

বাংলাদেশ-চীন সম্পর্কের প্রথম পাঁচ দশক গড়ে তুলেছেন দুদেশের বহু নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। আগামী পাঁচ দশককে আরও সমৃদ্ধ করতে হলে এ মানবিক ভিত্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে হবে।

রাষ্ট্রীয় কূটনীতি সম্পর্কের কাঠামো তৈরি করে, আর জনকূটনীতি সেই কাঠামোয় উষ্ণতা, গভীরতা ও স্থায়িত্ব যোগ করে। তাই দুদেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আমার আন্তরিক আহ্বান-জনকূটনীতির গুরুত্ব স্বীকার করুন এবং যারা দায়িত্বশীলতার সঙ্গে এ চর্চা করছেন, তাদের পাশে দাঁড়ান। শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের নেটওয়ার্ক, ভাষাশিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ, একাডেমিক সহযোগিতা, যুব কর্মসূচি এবং স্বাধীন বন্ধুত্বমূলক উদ্যোগগুলোকে উৎসাহিত ও সহায়তা করুন।

রাষ্ট্রীয় কূটনীতি যদি চুক্তি স্বাক্ষর করে, জনকূটনীতি সেই চুক্তিকে সাধারণ মানুষের কাছে অর্থবহ করে তোলে। রাষ্ট্রীয় কূটনীতি যদি দুই সরকারের মধ্যে সেতুবন্ধ তৈরি করে, জনকূটনীতি গড়ে তোলে দুদেশের সমাজের মধ্যে সম্পর্কের সেতু। বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যৎভিত্তিক সম্প্রদায় গড়ে তোলার স্বপ্ন তাই শুধু একটি কূটনৈতিক পরিভাষায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি বাস্তবে রূপ নিতে হবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে, ব্যবসায় উদ্যোক্তাদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ে গবেষকদের মধ্যে, ভাষা শিক্ষাকেন্দ্রে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এবং দৈনন্দিন জীবনে দুদেশের সাধারণ মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে।

গত পাঁচ দশকের ইতিহাস প্রমাণ করে, বাংলাদেশ ও চীনের অসংখ্য মানুষ নীরবে এ বন্ধুত্বের কাজ করে গেছেন। তাদের অনেকেই কখনো স্বীকৃতি পাননি, এমনকি নিজেদের কূটনীতিক হিসাবেও বিবেচনা করেননি। অথচ তারাই এক ভিন্নধারার কূটনীতিক-জনমানুষের কূটনীতিক। আগামী পাঁচ দশকে বাংলাদেশ-চীন সম্পর্কের আরও শক্তিশালী ও সমৃদ্ধ ভিত্তি নির্মাণে তাদের এ বন্ধুত্বই হয়ে উঠতে পারে অন্যতম মূল্যবান সম্পদ।

লে. কর্নেল (অব.) মো. শাহাদাত হোসেন, পিএসসি : অ্যাডজাঙ্কট প্রফেসর, ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি; বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক সমন্বয়ক, দোভাষী, পরামর্শক ও প্রমোটার

[email protected]

Advertisement

Advertisement

আরও পড়ুন

অন্যমত বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে

বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি

বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি

আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা

আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা

দৃষ্টিপাত জাতীয় ঐক্য এখন সময়ের দাবি

জাতীয় ঐক্য এখন সময়ের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম