খায়রুল হককে জবাব দিতে হবে
মোবায়েদুর রহমান
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত ৩০ জুলাই দুর্নীতিমূলক ও বিদ্বেষপূর্ণ এবং বেআইনি রায় প্রদানসহ জাল-জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বিলম্বে হলেও সরকার সঠিক জায়গায় হাত দিয়েছে। খায়রুল হক এ জালিয়াতির রায়ে একদিকে যেমন সর্বোচ্চ আদালতকে কলঙ্কিত করেছেন, অন্যদিকে তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদী স্বৈরাচার প্রতিষ্ঠায় শেখ হাসিনার পথকে সুগম করেছেন। বিষয়টি বুঝতে হলে ফিরে যেতে হবে আজ থেকে ১৫ বছর ৩ মাস আগে।
২০১০ সালের ১০ মে আপিল বিভাগ খায়রুল হকের নেতৃত্বে কেয়ারটেকার সরকারব্যবস্থা বাতিল করেন। বাতিল রায়ের সময় সুপ্রিমকোর্টের সাত বিচারপতির ফুল বেঞ্চ রায় দেন। প্রথমে পক্ষে ছিলেন তিনজন বিচারপতি। তারা হলেন বিচারপতি এসকে সিনহা, বিচারপতি মোজাম্মেল হোসেন এবং বিচারপতি মাহমুদ হোসেন। বিপক্ষেও তিনজন ছিলেন। তারা হলেন বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা এবং বিচারপতি ইমান আলী। এ অবস্থায় প্রধান বিচারপতি হিসাবে খায়রুল হক রায়ের পক্ষে অবস্থান নিলে চার-তিন, অর্থাৎ পক্ষে চারজন এবং বিপক্ষে তিনজন অবস্থান নেন। এভাবে কেয়ারটেকার সরকার বাতিল হয়। খায়রুল হক ছাড়া আর যে তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক বাতিলের পক্ষে রায় দেন, তাদের সবাইকে এক এক করে প্রধান বিচারপতি বানিয়ে শেখ হাসিনা ইনাম দিয়েছেন।
এ রায় লেখা নিয়ে সবচেয়ে বড় জালিয়াতি করেন খায়রুল হক, যা বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রতারণা ও জালিয়াতি হিসাবে চিহ্নিত থাকবে।
কেয়ারটেকার সরকার বাতিলের ক্ষেত্রে সব সময়ের মতো প্রথমে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়। এই রায়ে বলা হয়, কেয়ারটেকার সরকার বাতিল করা হলো। তবে পরবর্তী দুটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হতে পারে। সুতরাং সবাই ধরেই নিয়েছিলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। এর পরেই সেই মহাজালিয়াতি হয়।
সংক্ষিপ্ত রায়ের পর পূর্ণাঙ্গ রায় লেখার কথা। এ ধরনের অতীব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত রায় প্রধান বিচারপতিই লিখে থাকেন। এক্ষেত্রেও খায়রুল হকই রায় লেখার দায়িত্ব নেন। জাস্টিস খায়রুল হক অবসর গ্রহণ করেন ২০১১ সালের ১৭ মে। অথচ তিনি পূর্ণাঙ্গ লিখিত রায় দাখিল করেন ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর। অর্থাৎ অবসর গ্রহণ করার ১৬ মাস পর তিনি এ রায় দাখিল করেন। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, অবসর গ্রহণের পর কোনো বিচারপতি আইনগতভাবে কোনো রায় লিখতে পারেন না। তবে অনেক সময় বড় এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবসর গ্রহণের পর দুই-তিন মাস পর্যন্ত রায় লেখা যেতেও পারে। কিন্তু সংক্ষিপ্ত রায় ঘোষণার ১৬ মাস পর কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি পূর্ণাঙ্গ রায় লিখতে পারেন না।
একে তো খায়রুল হক অবসর গ্রহণের ১৬ মাস পর রায় জমা দেন। তার পরেও এ পূর্ণাঙ্গ রায়ে তিনি আরেকটি জালিয়াতি করেন। সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, পরবর্তী দুটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে এ অংশটি তিনি বাদ দেন। অর্থাৎ পরবর্তী দুটি নির্বাচন যে কেয়ারটেকার সরকারের অধীনে হতে পারে, এ অংশ তিনি বাদ দেন। ফলে রায়টি শুধু এই হয় যে, কেয়ারটেকার সরকার বাতিল করা হলো।
এত বড় জালিয়াতি পৃথিবীর কোনো বিচার বিভাগে হয়নি। সুপ্রিমকোর্ট দেশের সর্বোচ্চ আদালত। সেখানে জাস্টিস খায়রুল হকের এ অপকর্ম রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তাই বিএনপির মহাসচিব যথার্থই বলেছেন, রাষ্ট্রদ্রোহের অপরাধে খায়রুল হকের বিচার হওয়া উচিত।
এ রায়ের ফলে ‘প্যান্ডোরার বাক্স’ উন্মোচিত হয়েছে। ওই রায়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবলিত ত্রয়োদশ সংশোধনী সংবিধান পরিপন্থি। তাই সেটি বাতিল করা হলো।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল সেই সময় বলেছিলেন, জনগণ তত্ত্বাবধায়ক সরকারের জন্য সেদিন রাজপথে নেমেছিলেন। জনগণের দাবিতে প্রচণ্ড গণ-আন্দোলনের মুখে সেদিন একটি নির্বাচন দেওয়া হয় এবং সেই নির্বাচনে জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয় এবং এটি ত্রয়োদশ সংশোধনী হিসাবে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ড. আসিফ নজরুলের মতে, সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে জনগণকেই সব ক্ষমতার মালিক বলে ঘোষণা করা হয়েছে। সেখানে ওই বিধান বাতিল জনগণের ইচ্ছার প্রতিফলন হয় কীভাবে?
ড. আসিফ নজরুল বলেন, সুপ্রিমকোর্টের এ রায় মানলে ’৭২-এর সংবিধানও প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়। ১৯৭০ সালের নির্বাচন হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনা এবং পাকিস্তানের সরকার গঠনের জন্য। সেদিন যারা পাকিস্তান জাতীয় সংসদেও সদস্য নির্বাচিত হয়েছিলেন, তারা তো নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের সংবিধান রচনার জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সংবিধান রচনার জন্য নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠিত হওয়া উচিত ছিল।
এখানে উল্লেখ করা যেতে পারে, ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মার্শাল ল’-এর অধীনে। তখন প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। সামরিক আইন বিধির অধীনে জেনারেল ইয়াহিয়া খান এলএফও জারি করেন। সেই এলএফও’র অধীনেই নির্বাচন হয়। সেই নির্বাচনে শেখ মুজিবের আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। খায়রুল হকের রায় মোতাবেক সব মার্শাল ল’ই অবৈধ এবং মার্শাল ল’-এর অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই অবৈধ। তাহলে ’৭০ সালের নির্বাচন, যেখানে শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন সেটিও হয়ে যায় অবৈধ।
আওয়ামী ঘরানার তরফ থেকে যতই বলা হোক না কেন, সংবিধানের কাটাছেঁড়া করেছেন সামরিক শাসক জিয়াউর রহমান, কিন্তু গভীর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে দেখা যায় যে, সংবিধানের শুধু কাটাছেঁড়াই নয়, সংবিধানকে পুরোদস্তুর শেষ করে দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
খায়রুল হক সংবিধানের মূল স্তম্ভ রক্ষা করার কথা বলে তারস্বরে চিৎকার করছেন। কিন্তু কোথায় ছিল তার সেই গলাবাজি, যখন শেখ মুজিবই বহুদলীয় গণতন্ত্রকে একদলীয় বাকশালের বোতলে পুরে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের দৈত্য সেজেছিলেন? খায়রুল হককে জবাব দিতে হবে, একদলীয় বাকশাল কি সংবিধানের মূল স্তম্ভ?
বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের জন্য সাবেক পূর্ব পাকিস্তানের মানুষ ২৪ বছর ধরে গণতান্ত্রিক পথে লড়াই করেছেন। সেখানে শেখ মুজিব ব্রুট মেজরিটির জোরে একদলীয় শাসন পদ্ধতি কায়েম করেছিলেন। উঠতে-বসতে খায়রুল হক জেনারেল জিয়াউর রহমানের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেছেন; কিন্তু যখনই শেখ মুজিবের প্রশ্ন আসে, তখন তিনি একটি শব্দও উচ্চারণ করেননি কেন? সুতরাং, ওইসব বড় বড় নীতিবাক্য তার মুখে শোভা পায় না।
কেয়ারটেকার সরকারব্যবস্থা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে এ ব্যবস্থার অধীনে যেসব নির্বাচন হয়েছে, তার সবই অবৈধ। ওইসব নির্বাচনের মাধ্যমে যেসব সরকার গঠিত হয়েছে, তার সবই অবৈধ। তাহলে ১৯৯৬ সালে গঠিত হাসিনার সরকার, ২০০১ সালে গঠিত খালেদা জিয়ার সরকার এবং ২০০৯ সালে গঠিত শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের সরকার-এ তিনটি সরকারই অবৈধ।
আফিস নজরুলের পর ওইসব কথার প্রতিধ্বনি করেছেন বিএনপি নেতা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ। সুপ্রিমকোর্ট বার সমিতির সভাপতি মরহুম খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচারপতি হলেও তার আচার-আচরণ ছিল খাস আওয়ামী ব্র্যান্ডের পলিটিশিয়ানের মতো।
৭ম সংশোধনীর বেলায় হাইকোর্টের রায়কে বহাল রাখতে গিয়ে খায়রুল হক ৭০ বছর পেছনে ফিরে গেছেন। ওই রায়ে প্রশ্ন তোলা হয়েছে যে, ’৪০ সালের লাহোর প্রস্তাব সঠিক ছিল না। তারা আরও বলেছেন, সাবেক পূর্ব পাকিস্তানের জনগণ নাকি পাকিস্তান চায়নি। তাহলে ৭০ বছর আগে ভারতবর্ষের মুসলমানরা কি অখণ্ড ভারতেই থাকতে চেয়েছিলেন? তাহলে পাকিস্তান সৃষ্টি হলো কীভাবে? সেদিন পূর্ব বাংলার যে ৯০ শতাংশ মানুষ পাকিস্তান সৃষ্টির জন্য ভোট দিয়েছিলেন, তারা কি সব আসমান থেকে নাজিল হয়েছিলেন? কথার পিঠে অনেক কথাই এসে যায়। হাইকোর্টের এ ধরনের তথ্যবিবর্জিত মনগড়া পর্যবেক্ষণকে খায়রুল হকের মতো ‘মহাপণ্ডিত’ ব্যক্তি বহাল রাখলেন কীভাবে?
কেয়ারটেকার ব্যবস্থা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে সেই কেয়ারটেকারের অধীনে গঠিত সব সরকারই অবৈধ হয়ে যায়। ১৯৯৮ সালে শেখ হাসিনার আমলে তিনি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। আবার ওই কেয়ারটেকারের অধীনে গঠিত হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে তিনি প্রধান বিচারপতি নিযুক্ত হন। তাহলে তার নিয়োগও অবৈধ। তার নিয়োগ যদি অবৈধ হয়ে থাকে, তাহলে তার দেওয়া সব রায় অবৈধ। কাচের ঘরে বসে থেকে অন্যের ঘরে ঢিল মেরেছেন খায়রুল হক।
খায়রুল হকের রায়ে বলা হয়েছে সব মার্শাল ল’-ই অবৈধ। তাই জিয়া এবং এরশাদের দুটি মার্শাল, ল-ই অবৈধ (যদিও জিয়া কোনো মার্শাল ল’ জারি করেননি)। তাহলে প্রশ্ন ওঠে, ১৯৭০ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হয়েছিলেন, সেই নির্বাচনটিও কি অবৈধ ছিল? জবাব দেওয়ার দায়িত্ব খায়রুল হকের।
বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন এবং অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনে সাবেক ‘পূর্ব পাকিস্তান থেকে যারা পাকিস্তানের পার্লামেন্টে এলএফওর অধীনে নির্বাচিত হয়েছিলেন, তাদের দায়িত্ব ছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করা, বাংলাদেশের সংবিধান রচনা করা নয়। পাকিস্তান পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের সংবিধান রচনা করেন কীভাবে? এ প্রশ্নেরও জবাব দেওয়ার দায়িত্ব খায়রুল হকের।
মোবায়েদুর রহমান : সিনিয়র সাংবাদিক
