মার্কস এখনো তাড়া করছে পাশ্চাত্য দুনিয়াকে
মেজর (অব.) মনজুর কাদের
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৃত্যুর দেড়শ বছর পরও কার্ল মার্কস আন্তর্জাতিক রাজনীতিতে প্রাসঙ্গিক, তা নতুন করে স্মরণ করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ১৮ ও ১৯ নভেম্বর কমিউনিস্ট পার্টি শাসিত গণপ্রজাতন্ত্রী চীনের শেনজেনে অনুষ্ঠিত ৩৩তম এপেক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগদানের প্রাক্কালে ১৩ নভেম্বর পুঁজিবাদের নেতৃত্ব দেওয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফেডারেল সোসাইটির জাতীয় আইনজীবী কনভেনশনে বক্তব্যে বলেন : ‘যদিও আমরা সোভিয়েত কমিউনিজমের প্রতিষ্ঠানকে পরাজিত করেছি, আমরা মার্কসের চেতনার ওপর জয়লাভ করতে পারিনি। মার্কসের সেই চিন্তাধারা আজও বেঁচে আছে।’
আদর্শিক উদ্বেগ
মার্কিন রাজনৈতিক নেতৃত্বের দীর্ঘদিনের আদর্শিক উদ্বেগ এবং পরিবর্তিত বিশ্বব্যবস্থার বাস্তবতা সম্পর্কে স্বীকারোক্তি করলেন রুবিও। এমন একসময়ে তিনি মার্কসের প্রসঙ্গ তুলেছেন, যখন কমিউনিস্ট পার্টি শাসিত চীন বিশ্বের অন্যতম অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিক শক্তি হিসাবে নিজের অবস্থান সুসংহত করছে।
‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ এবং ‘ডাস ক্যাপিটাল’ (বা পুঁজি)
মার্কস একজন দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে মানুষ, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শ্রেণিবিন্যাস ও ইতিহাসকে বিশ্লেষণ করার এক নতুন চিন্তাপদ্ধতি প্রবর্তন করে অবিস্মরণীয় হয়ে আছেন। পুঁজিবাদের বিরুদ্ধে কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ ছিল মার্কস ও এঙ্গেলসের যৌথ রচনা। ১৮৪৮ সালের ২১ ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘কমিউনিস্ট পার্টির ইশতেহার’-এ কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস বলেছিলেন : ‘ইউরোপকে একটি ভূত তাড়া করছে-কমিউনিজমের ভূত।’ ‘ডাস ক্যাপিটাল’ একটি গুরুত্বপূর্ণ রচনা যা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এর প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৮৬৭ সালে পুঁজিবাদী অর্থনীতির কাঠামো ও শোষণ বিশ্লেষণ নিয়ে। মার্কস দেখিয়েছেন, পুঁজিবাদী ব্যবস্থায় পণ্য উৎপাদনের উদ্দেশ্য শুধু মানুষের চাহিদা পূরণ করা নয়; বরং বাজারে পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করা। এই ধারণা থেকেই তার পুঁজিবাদবিরোধী দর্শন, শ্রেণিসংগ্রামের তত্ত্ব এবং সমাজতান্ত্রিক বিপ্লবের চিন্তার বিকাশ ঘটে। পুঁজির সঞ্চালন প্রক্রিয়া নিয়ে মার্কস বইটির ২য় খণ্ড লিখেছেন। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সামগ্রিক চিত্র বর্ণিত হয়েছে ডাস ক্যাপিটালের ৩য় খণ্ডটিতে। এঙ্গেলস মার্কসের ‘উদ্বৃত্ত মূল্য তত্ত্ব’ বিষয়ের নোটগুলো একত্রিত করে সম্পাদনা করেন এবং এগুলো পরে ‘ডাস ক্যাপিটালে’র চতুর্থ খণ্ড হিসাবে প্রকাশিত হয়।
তত্ত্বের প্রয়োগ
মার্কসবাদ অনুসরণ করে লেনিন ১৯১৭ সালে রুশ বিপ্লব সংঘটিত করে জার সম্রাট হটিয়ে রাশিয়ার ক্ষমতা দখল করেন। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। মার্কসের চিন্তাধারা অনুসরণে ১৯৪৯ সালে চীনে মাও সেতুং-এর নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয় এবং কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে। তবে মার্কস, কখনো বলেননি যে প্রতিটি উপনিবেশের স্বাধীনতা স্বয়ংক্রিয়ভাবে সমাজতান্ত্রিক বিপ্লবে পরিণত হবে। অর্থাৎ তিনি কমিউনিস্ট-সমর্থিত জাতীয়তাবাদী আন্দোলন এবং সমাজতান্ত্রিক বিপ্লবের মাঝখানে সীমারেখা টেনেছিলেন।
পুঁজিবাদের দ্বন্দ্বের জের : ফ্যাসিবাদের উদ্ভব
প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) সময় যুক্তরাষ্ট্র মিত্রশক্তিকে প্রায় ১০ বিলিয়ন ডলার ঋণ দেয় এবং একই সঙ্গে তাদের কাছে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে অর্থনীতিকে দ্রুত শক্তিশালী করে এবং দেশটি বিশ্বের প্রধান শিল্প ও আর্থিক শক্তিতে পরিণত হয়। জার্মানি পুঁজিবাদী দেশ হওয়া সত্ত্বেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিল মূলত বিশ্ববাজার, উপনিবেশ, কাঁচামাল, বাণিজ্যিক আধিপত্য এবং আন্তর্জাতিক রাজনৈতিক-সামরিক ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতার কারণে। কোনো শিল্পোন্নত দেশ যখন তার শিল্পের বাজার ও কাঁচামালের সংকটে ভুগে অর্থাৎ দেশে পুঁজির সংকটে পড়ে তখন সেই দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়, জার্মানিতে তাই হয়েছিল।
সমাজতান্ত্রিক শিবিরে বিভক্তি
সোভিয়েত ইউনিয়নের লালফৌজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনবদ্য ভূমিকা রাখে, চীনের বিপ্লবে এবং কোরিয়া যুদ্ধে প্রত্যক্ষ সাহায্য ও সমর্থন দেয়। অর্থাৎ পৃথিবীতে কমিউনিস্ট পার্টি শাসিত বিশাল দুটি দেশের চাপের মুখে পড়ে যায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তবে পরে চীন ও সোভিয়েতের মধ্যে আদর্শিক বিরোধ দেখা দিলে কিছুটা স্বস্তি পায় যুক্তরাষ্ট্র। চীনের ‘গ্রেট লিপ ফরোয়ার্ড’ কর্মসূচি, অর্থনৈতিক নীতি এবং পারমাণবিক ও কারিগরি সহায়তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত আগ্রাসনের পর উত্তেজনা আরও বাড়ে এবং ১৯৬৯ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে উসুরি নদীর ঝেনবাও (দামানস্কি) দ্বীপসহ সীমান্ত এলাকায় সোভিয়েত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। একপর্যায়ে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হামলার হুমকি দেয় ।
স্নায়ুযুদ্ধ ও ভূরাজনীতিতে নতুন মাত্রা
সোভিয়েত ও চীনের এই সংঘাত ও বিভক্তি স্নায়ুযুদ্ধের দ্বিমেরু কাঠামোকে ত্রিমেরু (যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীন) ভূরাজনীতিতে রূপ দেয়। বিশ্ব রাজনীতি সবার অগোচরে ‘ত্রিভুজ’ আকার ধারণ করে। একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যরে যোগফল অবশ্যই তৃতীয় বাহুর দৈর্ঘ্যরে চেয়ে বড় হবে। তাই ‘শত্রুর শত্রু মিত্র’ কৌশল অবলম্বন করে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলা করার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সোভিয়েত ইউনিয়নের প্রভাব মোকাবিলায় চীনের সঙ্গে সম্পর্ক গড়তে উঠেপড়ে লাগে। যেহেতু পাকিস্তানের সঙ্গে চীন এবং যুক্তরাষ্ট্র উভয় দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই জেনারেল ইয়াহিয়া খান এই দুই দেশের মধ্যে গোপন যোগাযোগের মাধ্যম এবং ‘ব্যাক-চ্যানেল’ হিসাবে কাজ করে।
১৯৭১ সালের জুলাইয়ে হেনরি কিসিঞ্জার রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে এসে অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি জনচক্ষুর আড়ালে চলে যান এবং পাকিস্তানের একটি বিমানের মাধ্যমে অত্যন্ত গোপনে বেইজিং সফরে যান। কিসিঞ্জারের এ সফল গোপন সফরের ধারাবাহিকতায় ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন, যা বিশ্ব রাজনীতিতে ও স্নায়ুযুদ্ধে এক বড় পরিবর্তন নিয়ে আসে। ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যরে চেয়ে বড় হয়ে যায়।
সোভিয়েত ইউনিয়নের ওপর বহুমুখী চাপ : আফগান যুদ্ধ (১৯৭৯-১৯৮৯)
যুক্তরাষ্ট্র ও চীনের এই অপ্রত্যাশিত মিত্রতা সোভিয়েত ইউনিয়নের জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয় ডেকে আনে। সোভিয়েত বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে আফগান মুজাহিদিনদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক ও সামরিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং দেশটি ১৫ খণ্ডে বিভক্ত হয়ে পড়ে।
চীনের রাশিয়ার বন্ধুত্ব মোকাবিলা : কোয়াড গঠন
চীন ও রাশিয়ার মধ্যে নতুন করে মৈত্রীর সূচনা হয় ২০০১ সালের ১৬ জুলাই; দুই দেশের মধ্যে ২০ বছরমেয়াদি আনুষ্ঠানিক ‘সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়। অপরদিকে, ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বে জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও আমেরিকা এ চারটি দেশ নিয়ে গঠিত হয় কোয়াড। তবে এটি ২০০৭ সালে গঠিত হলেও সেভাবে সক্রিয় ছিল না। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ শুরু হয় ২০১৭ সালে। এর জের ধরে নতুন স্নায়ুযুদ্ধ শুরু হলে কোয়াড্রল্যাটারাল সিকিওরিটি ডায়ালগ, বাংলায় বলা হয় চতুর্ভুজীয় নিরাপত্তা কথোপকথনের (কোয়াড) কার্যক্রম শুরু করে। বহু হাঁকডাক করে চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্রযাত্রা প্রতিহত করার কথা এরা বলতে থাকে। এর প্রতিক্রিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ‘শত্রুর শত্রু মিত্র’ কৌশল অবলম্বনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে চীন এবং রাশিয়া ‘নো লিমিট’ বা সীমাহীন অংশীদারত্বের ঘোষণা দেয়। ১৯৪৬ সালে স্নায়ুযুদ্ধ শুরু হলে, সোভিয়েত ইউনিয়ন ও চীন এক থাকায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যে কি বিপদে পড়েছিল, তা বিশ্ববাসীর জানা আছে। রাশিয়া ও চীনকে উপেক্ষা করে কোয়াড গঠন করে কূটনীতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র যে অপরিপক্বতার পরিচয় দিয়েছে তা ইউক্রেন এবং ইরান যুদ্ধে প্রমাণিত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ট্রাম্প এপেক শীর্ষ সম্মেলন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
দৃষ্টি সরিয়ে নেওয়ার সম্মেলন
চীনের শেনজেনে অনুষ্ঠিত ৩৩তম এপেক শীর্ষ সম্মেলন ২০২৬-এর সবচেয়ে বড় ঘটনা হলো প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে তিন নেতা একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ দিয়েছেন, যেখানে তিন দেশের মধ্যে স্থিতিশীল জ্বালানি প্রবাহ বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরান-ইসরাইল সংঘাত, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা হয়েছে। তবে রুশ মুখপাত্রের মতে, ইউক্রেন যুদ্ধ এই আলোচনার কেন্দ্রীয় বিষয় ছিল না।
রাশিয়া-চীন ঐক্য : যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উদ্বেগ
যুক্তরাষ্ট্র যতদিন সাবেক সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়া ফেডারেশন এবং কমিউনিস্ট পার্টি শাসিত গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে কৌশলগত ঐক্যে ফাটল ধরাতে না পারবে, ততদিন পর্যন্ত তার বৈশ্বিক আধিপত্যের পথে একটি বড় চ্যালেঞ্জ থেকেই যাবে বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, রাশিয়া ও চীনের পারস্পরিক সহযোগিতা যত গভীর হবে, আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক প্রভাব বিস্তারের সুযোগ ততই সীমিত হয়ে আসবে। স্নায়ুযুদ্ধের ইতিহাসে এর একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত রয়েছে। ১৯৭১-৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও মাও সেতুংয়ের নেতৃত্বাধীন চীনের মধ্যে যে কৌশলগত সমঝোতার সূচনা হয়েছিল, তার পেছনে অন্যতম প্রধান বিবেচনা ছিল সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা। ওয়াশিংটন ও বেইজিংয়ের এই নতুন সম্পর্ক মস্কোর কৌশলগত অবস্থানকে চাপে ফেলেছিল। আজকের ভূরাজনীতিতেও সেই ইতিহাসের বিপরীত চিত্র দেখা যাচ্ছে। একদিকে রাশিয়া, অন্যদিকে চীন-দুই বৃহৎ শক্তির মধ্যে কৌশলগত সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য নতুন সমীকরণ তৈরি করেছে। ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যদি পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকে, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর পক্ষে তাদের বিরুদ্ধে এককভাবে প্রভাব বিস্তার করা কঠিন হয়ে পড়ে। অতীতে ওয়াশিংটন কৌশল করে বেইজিং ও মস্কোর মধ্যকার বিভাজনকে কাজে লাগিয়েছিল; রাশিয়া ও চীনের পারস্পরিক ঐক্য ভাঙতে যুক্তরাষ্ট্র সেই একই কৌশল অবলম্বন করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
১৮৪৮ সালে কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস রচিত ‘কমিউনিস্ট পার্টির ইশতেহার’-এর সূচনাতেই উচ্চারিত হয়েছিল সেই ঐতিহাসিক ঘোষণা-‘ইউরোপকে একটি ভূত তাড়া করে বেড়াচ্ছে-কমিউনিজমের ভূত।’ দেড় শতাব্দীরও বেশি সময় পর রুবিওর বক্তব্যে মার্কসের চিন্তাধারার পুনরুল্লেখ যেন সেই ঐতিহাসিক ‘ভূত’-এরই নতুন রাজনৈতিক তাৎপর্য সামনে নিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের অবসান ঘটলেও মার্কসবাদী চিন্তাধারা এবং কমিউনিস্ট রাজনীতির প্রভাব কি সত্যিই বিলুপ্ত হয়েছে নাকি চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবারও নতুন এক আদর্শিক ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে? অতীতের স্নায়ুযুদ্ধের অভিজ্ঞতা বিবেচনায় নিলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে রাজনৈতিক মেরুকরণ, পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা, প্রক্সি সংঘাত এবং নানা ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মেজর (অব.) মনজুর কাদের : সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ-সদস্য
